ফরিদপুর পলিটেকনিকে ‘জব ফেয়ার ২০২৬’: চাকরির স্বপ্নে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়
ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৬’ ও কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ক দিনব্যাপী সেমিনার।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই আয়োজনটি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন অ্যাসেট প্রজেক্ট (ASSET Project)-এর অর্থায়নে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেন। এতে সভাপতিত্ব করেন ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. আককাছ আলী সেখ।
সেমিনারে কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি, পাশাপাশি উদ্বেগজনক হারে শিক্ষার্থী ঝরে পড়া রোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বলেন, সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে আর্থিক সংকট, পারিবারিক চাপ এবং পড়াশোনার পাশাপাশি কাজ করার বাধ্যবাধকতায় অনেক শিক্ষার্থী মাঝপথে শিক্ষা জীবন থেকে ঝরে পড়ছে। আধুনিক ল্যাব সুবিধার অভাব, পর্যাপ্ত ব্যবহারিক প্রশিক্ষণ না থাকা এবং শিক্ষার সঙ্গে চাকরির কার্যকর সংযোগের ঘাটতাও এই সংকটকে বাড়িয়ে তুলছে।
তিনি আরও বলেন, ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে পারলে শিক্ষার্থীদের কর্মমুখী করে তোলা সম্ভব হবে এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমবে।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মো. আককাছ আলী সেখ শিক্ষার্থীদের জীবনমুখী শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, সামাজিক অবক্ষয়, পড়াশোনায় অমনোযোগিতা এবং গুণগত শিক্ষার কিছু সীমাবদ্ধতা শিক্ষার্থীদের লক্ষ্যচ্যুত করছে। তবে এই ‘জব ফেয়ার’ শিক্ষার্থীদের সামনে বাস্তব কর্মসংস্থানের সম্ভাবনা তুলে ধরেছে, যা তাদের পড়াশোনায় নতুন করে আগ্রহী করে তুলবে।
দিনব্যাপী জব ফেয়ারে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে সিভি জমা দেন এবং নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান।
মেলায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা জানান, সরাসরি সিভি জমা ও নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগের এই সুযোগ তাদের কর্মসংস্থানের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array