খুঁজুন
, ,

ফরিদপুরের ভাষা সৈনিকদের নেই পূর্ণাঙ্গ তালিকা, হারাচ্ছে ইতিহাস, রক্ষায় নেই উদ্যোগ

হারুন-অর-রশীদ ও এস.এম. মাসুদুর রহমান তরুন, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৫৯ পূর্বাহ্ণ
ফরিদপুরের ভাষা সৈনিকদের নেই পূর্ণাঙ্গ তালিকা, হারাচ্ছে ইতিহাস, রক্ষায় নেই উদ্যোগ

মাতৃভাষা বাংলার জন্য ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। এই আন্দোলনের বীর শহীদদের নাম—সালাম, বরকত, রফিক, জব্বার—জাতীয়ভাবে স্মরণ করা হলেও দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য ত্যাগী ভাষা সৈনিক আজও অজানাই রয়ে গেছেন। তেমনি এক বিস্মৃত অধ্যায়ের নাম ফরিদপুরের ভাষা সৈনিকরা। তাদের অবদান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সময়ের স্রোতে, আর নতুন প্রজন্ম জানতেই পারছে না নিজ জেলার এই বীরত্বগাথা।

ফরিদপুরে ভাষা আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের কোনো পূর্ণাঙ্গ তালিকা আজও তৈরি হয়নি। স্থানীয় গবেষক, প্রবীণ নাগরিক ও সচেতন মহল বলছেন, সরকারি বা বেসরকারি কোনো উদ্যোগেই এখনো এই ইতিহাস সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে একসময় যারা ঢাকার রাজপথ কাঁপানো আন্দোলনে অংশ নিয়েছিলেন কিংবা জেলার বিভিন্ন স্থানে ভাষার দাবিতে প্রতিবাদ গড়ে তুলেছিলেন, তাদের স্মৃতিচিহ্ন আজ প্রায় বিলীন।

বিস্মৃতির আড়ালে ফরিদপুরের বীরেরা:

ফরিদপুরের ভাষা সৈনিকদের স্মৃতি এখন মূলত শহরের দু-একটি সড়কের নাম, কিছু স্মৃতিফলক এবং জেলা জাদুঘরের কয়েকটি ছবির ফ্রেমে সীমাবদ্ধ। অথচ এই জেলার অনেক তরুণই ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সরাসরি অংশ নিয়েছিলেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

ইতিহাস থেকে জানা যায়, ফরিদপুর শহরের সন্তান ডা. মোহাম্মদ জাহেদ ১৯৪৮ সালের জানুয়ারি থেকেই ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। সে সময় তিনি ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পরে ১৯৫২-৫৩ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের সক্রিয় সদস্য ছিলেন।

একইভাবে ফরিদপুর শহরের ঝিলটুলীর বাসিন্দা ডা. ননী গোপাল সাহা ১৯৫২ সালে ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। ২১ ফেব্রুয়ারির সেই ঐতিহাসিক সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আমতলায় ছাত্র-জনতার সমাবেশে যোগ দেন এবং মিছিলে অংশ নেন। সেই মিছিলে পুলিশ গুলি চালালে বহু মানুষ আহত হন, শহীদ হন অনেকে। এই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন ফরিদপুরের আরেক কৃতি সন্তান অ্যাডভোকেট এ.কে.এম. শামসুল বারী (মিয়া মোহন)।

তিনি নিজেও আহত হন, তবুও মানবিক দায়িত্ববোধ থেকে তিনি শহীদ আবদুল বরকতকে কাঁধে তুলে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যান। ভাষার জন্য জীবন বাজি রাখা এই সাহসিকতার গল্প আজ প্রায় বিস্মৃত।

জেলার আরও ভাষা সৈনিক:

ফরিদপুরের ভাষা আন্দোলনের ইতিহাস ঘাঁটলে আরও অনেক নাম উঠে আসে। তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক আবদুল গফুর, মহিউদ্দিন আহমেদ, ইমাম উদ্দিন আহমেদ, রওশন জামাল খান, এজহারুল হক সূর্য মিয়া, সাংবাদিক লিয়াকত হোসেন, সামসুদ্দিন মোল্যা, মনোয়ার হোসেন, এস.এম. নুরুন্নবীসহ আরও অনেকে।

তাদের কেউ সরাসরি ঢাকায় আন্দোলনে অংশ নিয়েছেন, কেউবা ফরিদপুরে সংগঠিত করেছেন প্রতিবাদ, মিছিল ও জনমত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের জীবনী, অবদান বা সংগ্রামের পূর্ণাঙ্গ কোনো দলিল আজও সংরক্ষিত হয়নি।

ফরিদপুরেও হয়েছিল প্রতিবাদ:

অনেকে মনে করেন ভাষা আন্দোলন কেবল ঢাকাকেন্দ্রিক ছিল, কিন্তু বাস্তবতা ভিন্ন। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুরেও প্রতিবাদের ঝড় উঠেছিল। সে সময় ১৪৪ ধারা ভঙ্গ করে রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি জেলা স্কুল হয়ে থানা রোড ও জেলখানার সামনে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে কয়েকজন আহত হন এবং দু-একজনকে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

এই ঘটনাগুলোই প্রমাণ করে যে, ভাষার দাবিতে দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানুষ একযোগে প্রতিবাদে নেমেছিল। অথচ সেই ইতিহাস এখন পাঠ্যবই বা গবেষণায় খুব একটা জায়গা পায় না।

নতুন প্রজন্ম জানে না নিজেদের ইতিহাস:

ফরিদপুরের তরুণদের বড় একটি অংশ নিজ জেলার ভাষা সৈনিকদের নামই জানে না। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।

ভাষা সৈনিক সাংবাদিক লিয়াকত হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন রনি বলেন, “মাতৃভাষার জন্য যারা জীবন বাজি রেখেছেন, তাদের স্মরণ করা আমাদের দায়িত্ব। ফরিদপুরের ভাষা সৈনিকদের স্মৃতি সংরক্ষণে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে একটি স্থায়ী স্মৃতিফলক নির্মাণ করা জরুরি। একুশে বইমেলায় তাদের স্মৃতিগাথা তুলে ধরার উদ্যোগ নেওয়া যেতে পারে।”

গণমাধ্যমকর্মী ও নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক পান্না বালা বলেন, “ঢাকার পাশাপাশি ফরিদপুরেও ভাষা আন্দোলনের জোয়ার ছিল। রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা সংগঠিত হয়ে বিভিন্ন স্কুলে গিয়ে সচেতনতা তৈরি করেছিলেন। কিন্তু তাদের অবদান সেভাবে স্বীকৃতি পায়নি। অনেকের নামে রাস্তার নাম থাকলেও সেখানে ‘ভাষা সৈনিক’ পরিচয় উল্লেখ করা হয়নি।”

তিনি আরও বলেন, “ডা. ননী গোপাল সাহার বাড়ির সামনে যে নামফলক ছিল, সেটিও এখন আর দেখা যায় না। আমরা যদি আমাদের বীর সন্তানদের ভুলে যাই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে কীভাবে?”

গবেষণা ও সংরক্ষণে ঘাটতি:

স্থানীয় ইতিহাসবিদ ও সংস্কৃতিকর্মীরা মনে করেন, ফরিদপুরের ভাষা সৈনিকদের নিয়ে এখনও কোনো বিস্তৃত গবেষণা হয়নি। ফলে অনেক তথ্য হারিয়ে গেছে, অনেক নাম অজানা রয়ে গেছে।

ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন জানান, নব্বইয়ের দশকে ইসলামিক ফাউন্ডেশনের জেলা শাখার উদ্যোগে কয়েকজন ভাষা সৈনিককে সংবর্ধনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই উদ্যোগ ধারাবাহিকতা পায়নি।

তার মতে, এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে খুব শিগগিরই এই ইতিহাস পুরোপুরি হারিয়ে যাবে।

শিক্ষার্থীদের দাবি:

বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাও ভাষা সৈনিকদের স্মরণে কার্যকর উদ্যোগ দেখতে চান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী আবরার নাদিম ইতু বলেন, “আমরা আমাদের জেলার ভাষা সৈনিকদের সম্পর্কে তেমন কিছুই জানি না। তাদের নাম, ঠিকানা, অবদান—কিছুই সংরক্ষিত হয়নি। অথচ তাদের ত্যাগের কারণেই আমরা বাংলায় কথা বলতে পারছি।”

তিনি বলেন, “স্মৃতিফলক নির্মাণ, বইমেলায় বিশেষ স্টল এবং ডিজিটাল আর্কাইভ তৈরি করা জরুরি।”

শিক্ষার্থী জেবা তাহসিন বলেন, “শুধু সড়কের নামকরণে সীমাবদ্ধ না থেকে স্কুল-কলেজে তাদের নিয়ে আলোচনা, কুইজ, রচনা প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। এমনকি শ্রেণীকক্ষ বা হোস্টেলের নামও ভাষা সৈনিকদের নামে রাখা যেতে পারে।”

করণীয় কী?

বিশেষজ্ঞদের মতে, ফরিদপুরের ভাষা সৈনিকদের ইতিহাস সংরক্ষণে জরুরি ভিত্তিতে কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন—

– ভাষা সৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন

– মৌখিক ইতিহাস সংগ্রহ করে ডিজিটাল আর্কাইভ তৈরি

– কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্মৃতিফলক নির্মাণ

– শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানীয় ইতিহাস অন্তর্ভুক্ত করা

– একুশে বইমেলায় ভাষা সৈনিকদের স্মৃতি তুলে ধরা

– গবেষণা ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ

ইতিহাস বাঁচানোর আহ্বান:

ভাষা আন্দোলন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি বাঙালির আত্মপরিচয়ের ভিত্তি। সেই আন্দোলনে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের অবদানই এই সংগ্রামকে শক্তিশালী করেছে। ফরিদপুরের ভাষা সৈনিকদের অবদানও সেই ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

কিন্তু যথাযথ সংরক্ষণ ও স্বীকৃতির অভাবে তাদের স্মৃতি আজ হারিয়ে যাওয়ার পথে। এখনই যদি উদ্যোগ নেওয়া না হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সম্পর্কে জানার সুযোগ হারাবে।

জেলাবাসীর দাবি—ফরিদপুরের ভাষা সৈনিকদের ইতিহাস নতুন করে তুলে ধরতে হবে, সংরক্ষণ করতে হবে এবং সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে। কারণ, যে জাতি তার বীর সন্তানদের ভুলে যায়, সে জাতি কখনোই সামনে এগিয়ে যেতে পারে না।

লালন সাঁইয়ের তিরোধান দিবসে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১:১০ অপরাহ্ণ
লালন সাঁইয়ের তিরোধান দিবসে ফরিদপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহাত্মা লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

​শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

​অনুষ্ঠানের আগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়।

​ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মাজহারুল ইসলাম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামছ আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিশকাতুল জান্নাত রাবেয়া, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ রাশিদুল আলম তুহিন, বাউল পাগলা বাবলু খান ও বাউল নিজাম সাঁই। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সুজিত কুমার দাস।

​আলোচনা সভায় বক্তারা লালন সাঁইয়ের জীবনাদর্শ, মানবতাবাদী দর্শন ও সাহিত্যচিন্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা ফরিদপুরে একটি লালন গবেষণাগার প্রতিষ্ঠা ও নান্দনিক স্থাপনা নির্মাণের প্রত্যাশা ব্যক্ত করেন।

​বক্তারা বলেন, লালন ছিলেন একজন মানবতাবাদী সাধক ও বাউল সম্রাট। তাঁর জীবনদর্শন মানুষকে মানবতা, সাম্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। লালনের সাহিত্য ও দর্শন নিজেদের জীবনে ধারণ করতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে এমন এক সমাজ গঠন করতে হবে, যেখানে মানুষকে যথাযথ মূল্যায়ন করা হয়।

​তারা আরও বলেন, লালনের জীবন ও দর্শন নিয়ে নতুন করে গবেষণার সুযোগ সৃষ্টি করা জরুরি। পাশাপাশি দেশের ৬৪টি জেলায় লালন স্মরণানুষ্ঠান ও উৎসব আয়োজনের উদ্যোগ নেওয়ায় সরকারের প্রতি ধন্যবাদ ও ফরিদপুর জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বক্তারা।

​বক্তারা আশা প্রকাশ করেন, লালনের অসাম্প্রদায়িক চেতনা চর্চার মাধ্যমে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।

​আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় ও আমন্ত্রিত বাউল শিল্পীরা লালন গীতি পরিবেশন করেন।

ফরিদপুরে ভাড়া বাসা থেকে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
ফরিদপুরে ভাড়া বাসা থেকে ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসার একটি কক্ষ থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামের এক ব্র্যাক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অলিভ বিশ্বাস মাগুরার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়েনদিয়া বাজার এলাকায় শাহ জাফর টেকনিক্যাল কলেজের অধ্যাপক স্বপন কুমার সাহার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অলিভ বিশ্বাসের কক্ষের সঙ্গী আমরেন্দ্র মণ্ডল শুক্রবার সাপ্তাহিক ছুটিতে বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি বাসায় ফিরে কক্ষের দরজা-জানালা বন্ধ দেখতে পান। অলিভকে বারবার ফোন করেও সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের ডাকেন। পরে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।

খবর পেয়ে বোয়ালমারী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।

ত্রিশের পর যে অভ্যাস বদলে দিতে পারে জীবন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ণ
ত্রিশের পর যে অভ্যাস বদলে দিতে পারে জীবন

জীবনের ত্রিশের দশক অনেকের কাছেই নতুন বাস্তবতার মুখোমুখি হওয়ার সময়। এ বয়সে ক্যারিয়ার নিয়ে ভাবনা বাড়ে, পরিবারের প্রতি দায়িত্ব তৈরি হয়, পাশাপাশি ভবিষ্যৎ আর্থিকভাবে নিরাপদ রাখার তাগিদও অনুভূত হয়।

ব্যস্ততার চাপে অনেক সময় নিজের ভালো থাকা, ব্যক্তিগত পছন্দ কিংবা প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো গুরুত্ব হারায়।
অথচ জীবনের এই পর্যায়ে গড়ে ওঠা অভ্যাসগুলো পরবর্তী বছরগুলোর ওপর প্রভাব ফেলতে পারে।

তাই শুধু কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়াই নয়, নিজের শারীরিক ও মানসিক সুস্থতা, আর্থিক স্থিতিশীলতা এবং ব্যক্তিগত বিকাশের দিকেও নজর দেওয়া প্রয়োজন।
ত্রিশের পর কোন সাতটি অভ্যাস এড়িয়ে চললে জীবনকে আরও গোছানো ও ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব, জেনে নেওয়া যাক।

সঞ্চয়ের পরিকল্পনা ছাড়াই দিন কাটানো

আয় থাকলেই যে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে, তা নয়। মাসের শুরুতে হাতে টাকা এলেও পরিকল্পনাহীন ব্যয়ের কারণে মাস শেষে অনেকেরই সঞ্চয়ের সুযোগ থাকে না।

অথচ হঠাৎ চিকিৎসার খরচ, চাকরির অনিশ্চয়তা কিংবা পারিবারিক প্রয়োজনে অতিরিক্ত অর্থের দরকার হতে পারে। এজন্য আয় হাতে পাওয়ার পরই সঞ্চয়ের জন্য নির্দিষ্ট অর্থ আলাদা রাখার অভ্যাস করুন। কত টাকা আয় করছেন, কতটা ব্যয় হচ্ছে এবং কোথায় খরচ কমানো যায়, তার হিসাব রাখুন। শুরুতে অল্প টাকা জমালেও নিয়মিত সঞ্চয়ের অভ্যাস ভবিষ্যতের আর্থিক চাপ সামলাতে সহায়ক হতে পারে।
সব দায়িত্বের মধ্যে নিজের জন্য সময় না রাখা

কর্মক্ষেত্রের চাপ, পরিবারের প্রয়োজন এবং ব্যক্তিগত নানা কাজ সামলাতে গিয়ে অনেকেই নিজের বিশ্রামকে অবহেলা করেন। সবকিছু ঠিকঠাক রাখতে গিয়ে কখন যে নিজের জন্য সময় বের করা বন্ধ হয়ে যায়, তা অনেকেই বুঝতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে বিশ্রাম ও অবসরকে উপেক্ষা করলে ক্লান্তি বাড়তে পারে, কমে যেতে পারে কাজের প্রতি আগ্রহও। তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও নিজের পছন্দের কাজের জন্য কিছুটা সময় রাখুন। প্রয়োজনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দায়িত্ব ভাগ করে নিন। নিজের যত্ন নেওয়াকে বাড়তি কাজ না ভেবে সুস্থ জীবনযাপনের অংশ হিসেবে দেখুন।

পুরোনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দেওয়া

জীবনের বিভিন্ন পর্যায়ে মানুষের অগ্রাধিকার বদলায়। পড়াশোনা শেষে চাকরি, সংসার কিংবা অন্য শহরে চলে যাওয়ার কারণে বন্ধুদের সঙ্গে আগের মতো নিয়মিত দেখা করা সম্ভব হয় না। সময়ের সঙ্গে যোগাযোগ কমতে কমতে অনেক সম্পর্কই দূরত্বের আড়ালে হারিয়ে যায়। অথচ বন্ধুত্ব জীবনে আনন্দ ও মানসিক সমর্থনের একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে। ব্যস্ততার মধ্যেও প্রিয় বন্ধুদের খোঁজ নিন। মাঝেমধ্যে ফোন করা, একসঙ্গে চা খাওয়া কিংবা ছুটির দিনে দেখা করার পরিকল্পনা করতে পারেন। সম্পর্ক টিকিয়ে রাখতে সব সময় দীর্ঘ সময়ের প্রয়োজন হয় না, আন্তরিক যোগাযোগই অনেক ক্ষেত্রে যথেষ্ট।

বয়সের অজুহাতে নতুন অভিজ্ঞতা থেকে দূরে থাকা

একটি নির্দিষ্ট জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে গেলে নতুন কিছু শেখার আগ্রহ কমে যেতে পারে। কেউ মনে করেন, এখন আর নতুন করে কিছু শুরু করার সময় নেই, কেউ আবার ব্যর্থ হওয়ার আশঙ্কায় চেষ্টা করতেই চান না।

এই মানসিকতা ব্যক্তিগত বিকাশের সুযোগ সীমিত করতে পারে। নতুন ভাষা শেখা, রান্না, ছবি আঁকা, সংগীতচর্চা কিংবা কর্মক্ষেত্রে প্রয়োজনীয় কোনো দক্ষতা অর্জনের মাধ্যমে নিজের জগৎকে আরও বিস্তৃত করা যায়। সব নতুন অভিজ্ঞতা পেশাগত সাফল্যের জন্য হতে হবে, এমনও নয়। নিজের ভালো লাগার জন্য শেখা কিংবা নতুন কিছু চেষ্টা করাও জীবনে আনন্দ যোগ করতে পারে।

প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে অযথা দেরি করা

ক্যারিয়ার পরিবর্তন, উচ্চশিক্ষা, আর্থিক পরিকল্পনা কিংবা ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এসব ক্ষেত্রে চিন্তাভাবনা করা স্বাভাবিক। সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় সিদ্ধান্ত বারবার পিছিয়ে দিলে অনেক সুযোগ হাতছাড়া হতে পারে।

সিদ্ধান্ত নেওয়ার আগে সম্ভাব্য সুবিধা, অসুবিধা ও ঝুঁকি বিবেচনা করুন। প্রয়োজন হলে অভিজ্ঞ মানুষের মতামত নিন। এরপর নিজের সামর্থ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্য অনুযায়ী বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করুন। প্রতিটি সিদ্ধান্তের ফল আগে থেকেই নিশ্চিত করা সম্ভব নয়। তাই যথেষ্ট তথ্য সংগ্রহ করে ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়ার অভ্যাস গড়ে তুলুন।

অন্যের জীবনের সঙ্গে নিজের অগ্রগতির তুলনা করা

সামাজিক যোগাযোগমাধ্যমে কারও নতুন বাড়ি, ভালো চাকরি, বিদেশভ্রমণ কিংবা ব্যবসায়িক সাফল্যের খবর সহজেই চোখে পড়ে। এসব দেখে নিজের অর্জনকে ছোট মনে হতে পারে। বিশেষ করে একই বয়সী মানুষের সাফল্যের সঙ্গে নিজের অবস্থান মেলাতে গিয়ে অনেকেই অযথা হতাশ হয়ে পড়েন।

কিন্তু প্রত্যেকের জীবনযাত্রা, সুযোগ, পারিবারিক পরিস্থিতি ও লক্ষ্য আলাদা। বাইরে থেকে কারও জীবনের সব দিক জানা সম্ভব নয়। তাই অন্যের অগ্রগতিকে নিজের ব্যর্থতা হিসেবে দেখবেন না। বরং নিজের লক্ষ্য নির্ধারণ করুন এবং আগের অবস্থানের তুলনায় কতটা উন্নতি করতে পেরেছেন, তা মূল্যায়ন করুন। অন্যের সাফল্য থেকে অনুপ্রেরণা নিন, কিন্তু নিজের জীবনের মূল্য নির্ধারণের মাপকাঠি হিসেবে সেটিকে ব্যবহার করবেন না।

শরীর ও মনের প্রয়োজন উপেক্ষা করা

কাজের ব্যস্ততায় অনিয়মিত খাবার, কম ঘুম কিংবা শারীরিক পরিশ্রমের অভাব অনেকের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। দীর্ঘ সময় বসে থাকা এবং মানসিক চাপের মধ্যেও বিরতি না নেওয়া সুস্থ জীবনযাপনের পথে বাধা হতে পারে। তাই নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পুষ্টিকর খাবার এবং পর্যাপ্ত ঘুমের দিকে নজর দিন। কাজের ফাঁকে বিরতি নিন এবং দীর্ঘদিন কোনো শারীরিক সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। মানসিক সুস্থতার জন্যও সময় বের করা জরুরি। প্রয়োজনে কাছের মানুষের সঙ্গে কথা বলুন, পছন্দের কাজে যুক্ত থাকুন এবং নিজের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

ত্রিশের দশক হতে পারে নতুনভাবে শুরুর সময়

ত্রিশ পেরিয়ে গেলেই জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলো শেষ হয়ে যায় না। বরং এ বয়সে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ সম্পর্কে আরও সচেতন সিদ্ধান্ত নেওয়া সম্ভব। আর্থিক পরিকল্পনা, বন্ধুত্বের যত্ন, নতুন দক্ষতা অর্জন এবং সুস্থ জীবনযাপনের মতো বিষয়গুলোতে মনোযোগ দিলে জীবন আরও ভারসাম্যপূর্ণ হতে পারে।

সব অভ্যাস একসঙ্গে বদলানোর চেষ্টা না করে একটি দিয়ে শুরু করুন। নিজের প্রয়োজন বুঝে ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধীরে ধীরে তা বাস্তবায়ন করুন। বয়সের হিসাবের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, প্রতিদিন নিজের জীবনকে আগের চেয়ে একটু ভালো করার চেষ্টা করা।