নগরকান্দায় অবৈধ মাটি বাণিজ্য বন্ধে অভিযান, ৮০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী
ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কৃষি ফসলি জমির মাটি ভেকু দিয়ে কেটে বিক্রি করার অভিযোগে মো. কামরুজ্জামান নামে এক ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (০৪ মার্চ) বিকেলে উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের কল্যাণপট্টি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে বিক্রি করছিলেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু মেশিন বন্ধ করে দেওয়া হয় এবং অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী কামরুজ্জামানকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আদালত সূত্র জানায়, কৃষি ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের ফলে জমির উৎপাদনক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। এতে শুধু পরিবেশের ভারসাম্যই নষ্ট হয় না, পাশের জমিতেও ভাঙন ও জলাবদ্ধতার ঝুঁকি তৈরি হয়। স্থানীয় কৃষকেরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, এভাবে মাটি কাটা অব্যাহত থাকলে ভবিষ্যতে আবাদযোগ্য জমি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া জানান, কৃষিজমি রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

আপনার মতামত লিখুন
Array