ফরিদপুরের সালথা উপজেলায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ডিলারদের লাইসেন্স বাতিল এবং নতুন করে নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সর্বস্তরের জনগণ। একই সঙ্গে বিষয়টি আমলে নিতে সালথা-নগরকান্দা আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সালথা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সাধারণ মানুষ, কৃষক, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের দাবিসংবলিত একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে সার ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও বাস্তবে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সার ডিলার থাকার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তা মানা হয়নি বলে তারা দাবি করেন। এতে করে প্রকৃত কৃষকরা সময়মতো সার পাচ্ছেন না এবং বিভিন্ন ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।
বক্তারা আরও বলেন, এক পরিবারের একাধিক সদস্যের নামে সার ডিলার লাইসেন্স দেওয়া হয়েছে, যা সরকারি নীতিমালার পরিপন্থি। এছাড়া কিছু ক্ষেত্রে সার ডিলারশিপ সমন্বয়ের নামে স্থানীয় ইউনিয়নের সাধারণ নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এতে করে সার বিতরণ ব্যবস্থায় অসন্তোষ সৃষ্টি হয়েছে এবং কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
মানববন্ধন থেকে চার দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—এক পরিবারের একাধিক সার ডিলার লাইসেন্স বাতিল করা, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ যথাযথভাবে বাস্তবায়ন করা, প্রতিটি ইউনিয়নের নাগরিকদের অগ্রাধিকার দিয়ে সার ডিলার নিয়োগ নিশ্চিত করা এবং কৃষকদের সার প্রাপ্তিতে ভোগান্তি দূর করা।
এছাড়া বক্তারা আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সব সার ডিলার বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগের দাবি জানান।
মানববন্ধনকারীরা দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
আপনার মতামত লিখুন
Array