খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যু থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ২০২৫ সালের আলোচিত ঘটনাপঞ্জি

শাহনেওয়াজ রকি:
প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
খালেদা জিয়ার মৃত্যু থেকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড: ২০২৫ সালের আলোচিত ঘটনাপঞ্জি

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে বাংলাদেশের রাজনীতি ছিল ঘটনাবহুল। বছর শেষের ঠিক আগের দিন মারা যান তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। এর আগে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, নির্বাচনের তফসিল ঘোষণা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে তুমুল আলোচনা ছিল বছর জুড়ে।

এছাড়া জুলাই সনদ ঘােষণা, শরিফ ওসমান হাদিকে গুলি ও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু এবং সেটি কেন্দ্র করে দেশের দুইটি সংবাদপত্র প্রথম আলাে ও ডেইলি স্টার, ছায়ানটসহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর-অগ্নিসংযোগের বিষয়টি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আলোচিত হয়েছে।

সারা বছর আলোচনায় ছিল নির্বাচন, জুলাই সনদ, মব-ভায়োলেন্সের মতো বিষয়। চলুন জেনে নিই এই বছরের আলোচিত কিছু ঘটনা।

খালেদা জিয়ার মৃত্যু

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ৩০শে ডিসেম্বর ভােরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

কিডনি, হৃদরােগ এবং নতুন করে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রায় ৪০ দিন যাবত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শােক এবং একদিনের সাধারণ ছুটি ঘােষণা করেছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, খালেদা জিয়ার মৃত্যুর সময় সেখানে তার ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ জুবাইদা রহমান, নাতনী জাইমা রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে নভেম্বরের ২৩ তারিখে ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ‘সংকটাপন্ন’ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া।

২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি, সেদিনই তিনি অসুস্থ হয়ে পড়েন।

তিনি হাসপাতালে ভর্তি হলে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও রাজনৈতিক দলের নেতারা মিসেস জিয়াকে দেখতে হাসপাতালে ভিড় করেন।

সেসময় সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের সর্বস্তরে উদ্বেগ ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমেও তার সবশেষ অবস্থা নিয়ে নানা গুঞ্জন দেখা যায়।

একপর্যায়ে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তাকে এসএসএফের নিরাপত্তা দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

এক পর্যায়ে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে আলোচনা ও তৎপরতা শুরু হয়। তখন তাকে অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠানোর কথাও জানানো হয়, ঠিক করা হয় দিনক্ষণও।

এরপর পাঁচই ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় আসেন তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান।

তবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শেষপর্যন্ত তাকে দেশে রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

তার এই শারীরিক অবস্থায় মাকে দেখতে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন কী না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এরমধ্যে দেশে ফেরার বিষয়ে একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই বলে ফেসবুকে স্ট্যাটাস দেন তারেক রহমান। সেটি নিয়েও তৈরি হয় নানা আলোচনা ও প্রশ্ন।

সবশেষ গত ২৫শে ডিসেম্বর ১৭ বছরের বেশি সময় পরে দেশে ফেরেন তারেক রহমান।

ধানমন্ডি ৩২ ভাঙ্গা

গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার ছয় মাস পর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ধানমন্ডি ৩২ নাম্বারে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরের ঘটনা ঘটেছে।

ক্ষমতাচ্যুত হবার ছয় মাস পর ছাত্র সমাজের উদ্দেশে শেখ হাসিনা ভাষণ দেবেন– এমন খবর আসার পর জুলাই আন্দোলনকারীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

শেখ হাসিনা বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নাম্বারের ভবনে ভাঙচুর চালানো হবে উল্লেখ করেও সামাজিক মাধ্যমে নানা পোস্ট দেয়া হয়।

তবে ভাষণের আগেই ৫ই ফেব্রুয়ারি, রাতে সেখানে ভাঙচুর শুরু হয় এবং আগুন ধরিয়ে দেয়া হয়।

ভবনটি থেকে সেসময় অবকাঠামোর বিভিন্ন জিনিস লুটের ঘটনাও ঘটে। এই ভাঙচুর পরদিনও চলে এবং এক্সকাভেটরও ব্যবহার করা হয়।

এ ধরনের ঘটনা উসকে দেয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করা হয় কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তাকেও দায়ী করেন কেউ কেউ।

এনসিপির আত্মপ্রকাশ

বছরের দ্বিতীয় মাসেই আত্মপ্রকাশ করে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা শিক্ষার্থীদের রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই শিক্ষার্থীরা রাজনৈতিক দল গঠন করবেন, এমন আলোচনা ছিল।

প্রথম দিকে রাজনৈতিক দলগঠনের বিষয়ে স্পষ্ট করে কিছু না বললেও শেষ পর্যন্ত বেশ ঘটা করেই আত্মপ্রকাশ করে এনসিপি।

দলটির নেতৃত্ব দেওয়ার জন্য জুলাই আন্দোলনের অন্যতম নেতা নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করেন।

২৮শে ফেব্রুয়ারি যাত্রা শুরু করে এনসিপি। দলের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হন আখতার হোসেন।

বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব

এ বছরের ১৩ই মার্চ চার দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গুতেরেস।

সফরের দ্বিতীয় দিন তার ‘রামাদান সলিডারিটি’ ক্যাম্পেইনের অংশ হিসেবে একদিন রোজা রাখেন তিনি এবং প্রায় এক লাখ রোহিঙ্গার সাথে উখিয়াতে ইফতার করেন।

ইউনূস-তারেক বৈঠক

চলতি বছরের ১৩ই জুনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক ছিল বাংলাদেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ঘটনা।

ওই বৈঠকের পরই ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

লন্ডনে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিৃবতিতে এ বিষয়ে জানানো হয়।

সেক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়।

সেসময় বলা হয়েছিল, বৈঠকের পর নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা ছিল তা কেটে গেছে।

বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটিও উঠে আসে বলে জানানাে হয় সংবাদ সম্মেলনে।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটার সিদ্ধান্ত উনিই নেবেন সময় মতো”।

যদিও এই বৈঠক নিয়ে সেসময় অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছিল।

গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ঘিরে সংঘর্ষ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির কর্মসূচি ঘিরে হামলা, সংঘর্ষে পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটে।

দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে এনসিপির নেতারা আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জে ১৬ই জুলাই সমাবেশ করতে গিয়ে একপর্যায়ে অবরুদ্ধ হয়ে পড়ে।

এনসিপির এই পদযাত্রা কর্মসূচি গোপালগঞ্জে যাওয়ার আগে নাম পরিবর্তন করে ‘মার্চ টু গোপালগঞ্জ’ করা হয়, তখন থেকেই কর্মসূচি ঘিরে শঙ্কা ও উত্তেজনা বাড়তে থাকে।

পরে সেনাবাহিনী ও পুলিশের পাহারায় তারা গোপালগঞ্জ ছাড়েন।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষের পর প্রথমে শহরে ১৪৪ ধারা এবং পরে কারফিউ জারি করা হয়।

এনসিপি’র কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়।

গোপালগঞ্জে সহিংসতার প্রেক্ষাপটে অন্তর্বতী সরকারের তরফ থেকে এই বিবৃতি দেয়া হয়।

বিবৃতিতে আরো বলা হয়, গণ অভ্যুত্থান আন্দোলনের এক বছর পূর্তি উপলক্ষে তরুণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে সমাবেশে বাধা দিয়ে তাদের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে।

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ

জুলাই গণ অভ্যুত্থানে যারা মারা গেছেন, তাদের জাতীয় বীর এবং আন্দোলনকারী ছাত্র-জনতা পাবে আইনি সুরক্ষা- এমন বিধান রেখে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

এই ঘোষণাপত্র সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে আনুষ্ঠানিকভাবে পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার অনুষ্ঠান মঞ্চ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণাপত্র পাঠ করেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ রাজনৈতিক দলের নেতারা প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন।

ঘোষণাপত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রেক্ষাপট এবং এই ভূখণ্ডের মানুষের সংগ্রামের নানা ধাপ তুলে ধরা হয়। এছাড়া আওয়ামী লীগ সরকারের নানা কর্মকাণ্ড এবং জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ত্যাগের বিষয়গুলোও উঠে আসে।

যদিও জুলাই ঘোষণাপত্র প্রকাশ এবং এতে কী কী থাকবে এই নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতপার্থক্য তৈরি হতে দেখা যায়।

শেষ পর্যন্ত বেশ কিছু বিষয় অমীমাংসিত রেখেই পাঁচই অগাস্ট জুলাই ঘোষণাপত্র স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো।

এরপর রাজনৈতিক দলগুলোর সাথে কয়েক দফায় আলোচনার পর ১৭ই অক্টোবর জুলাই সনদ ঘোষণা করা হয়।

সেই সনদ বাস্তবায়নে যেসব সুপারিশ করেছিল জাতীয় ঐকমত্য কমিশন, তা বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনকি এনসিপিসহ কয়েকটি দল ওই সনদে স্বাক্ষর করা থেকে বিরত ছিল।

দলগুলো অভিযোগ করে যে সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে এবং বিভিন্ন সুপারিশে দলগুলোর যে বক্তব্য নোট অব ডিসেন্ট হিসেবে থাকার কথা সেগুলো রাখা হয়নি। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় জুলাই সনদে থাকা সাংবিধানিক সংস্কার বাস্তবায়নে গণভোট কখন হবে তা নিয়ে।

এ নিয়ে রাজনৈতিক বিতর্ক জোরালো ওঠে। যদিও পরবর্তীতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে ও জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদ ইস্যুতে গণভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানায়।

উত্তরায় বিমান বিধ্বস্ত

চলতি বছরের অন্যতম মর্মান্তিক ঘটনা ছিল ২০২৫ সালের ২১শে জুলাইয়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা।

ওই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ ৩৬ জন নিহত এবং প্রায় দেড় শতাধিক আহত হয়।

নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল শিশু।

এতোগুলো শিশুর প্রাণহানির ঘটনায় সারাদেশের মানুষ শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক মানুষ আহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী।

তাদের মধ্যে অগ্নিদগ্ধ অনেককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী।

এ ঘটনার ২২শে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।

বিমান বন্দরে আগুন

এই বছরের ১৮ই অক্টোবরে ভয়াবহ অগ্নিকাণ্ড হয় বাংলাদেশের প্রধান বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কার্গো ভিলেজে।

প্রায় ২৭ ঘণ্টা ধরে সেই আগুন জ্বলেছে। আগুন নেভাতে কাজ করতে হয়েছে ৩৭টি ইউনিটকে। ভয়াবহ এই আগুনের কারণে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা অন্য বিমানবন্দরে অবতরণও করাতে হয়েছে।

শনিবার বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে লাগা আগুনে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাসহ আমদানিকারকদের পণ্য সামগ্রীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার আমদানি পণ্য পুড়ে গেছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।

গুরুত্বপূর্ণ এই স্থাপনায় আগুন কোনো নাশকতার অংশ কি না তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

শেখ হাসিনার রায়

এই বছরের ১৭ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অনুপস্থিতিতে মােট তিনজনের বিরুদ্ধে রায় দেয় বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড দেওয়া হয়।

রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এই রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো।

পৃথক পৃথক বিবৃতিতে মানবাধিকার নিয়ে এমন উদ্বেগ প্রকাশ করেছে তারা।

হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিতে বলা হয়েছে, দুইজনের অনুপস্থিতিতেই বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাদের পছন্দের আইনজীবী দেওয়ার সুযোগ ছিল না যেটি গুরুতর মানবাধিকার উদ্বেগ তৈরি করেছে।

অন্যদিকে, জাতিসংঘের মানবাধিকার কার্যালয়, এই মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা করেছে, কেননা দীর্ঘদিন ধরেই এই ধরনের সাজা বাতিলের আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

একইসাথে তারা বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।

এছাড়া, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই জনের অনুপস্থিতিতে বিচারের ‘নজীরবিহীন গতি’ এবং রায় এই মামলার ন্যায়বিচারের ক্ষেত্রে ‘উল্লেখযোগ্য উদ্বেগ’ তৈরি করে বলে প্রতিক্রিয়া জানিয়েছে।

এই রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন ও শাটডাউনের মতো কর্মসূচি ঘোষণা দেয়।

এ সময়কালে দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নির্বাচনের তফসিল ঘোষণা

বছর জুড়ে আলোচিত বিষয় ছিল নির্বাচন। নির্বাচনের সময় নিয়েও ছিল নানা আলোচনা ও রাজনৈতিক বিতর্ক।

১১ই ডিসেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

তিনি জানান, ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

নির্বাচন হবে কি, হবে না, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেসব বিতর্ক চলছিল এর মধ্যদিয়ে তার অবসান ঘটে।

শরিফ ওসমান হাদিকে গুলি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচার-প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হন একজন সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

তফসিল ঘোষণার পরদিনই একজন সম্ভাব্য প্রার্থীর উপর এমন হামলা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

মাথায় গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে ও পরে এভারকেয়ার হাসপাতাল এবং সর্বশেষ সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

গুলিবিদ্ধ হওয়ার এক সপ্তাহ পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শরিফ ওসমান হাদি।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ঢাকায় ব্যাপক বিক্ষোভ শুরু হয়, এবং বাংলাদেশের দুইটি প্রভাবশালী দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনা ঘটে।

হাদির জানাজাকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক জনসমাগম হয় এবং বিপুল মানুষ তার জানাজায় অংশ নেয়।

তারেক রহমানের দেশে ফেরা

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে চলতি বছরের ২৫শে ডিসেম্বর সপরিবারে বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে শুরু করে ঢাকার ৩০০ ফিটের সংবর্ধনাস্থল পর্যন্ত জমায়েত হন বিএনপির বিপুল নেতা-কর্মী-সমর্থক।

ঢাকায় ফিরে পূর্বাচল তিনশাে ফিট সড়কে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান।

সেখানে তিনি বলেন, “দেশের জন্য তার একটি ‘পরিকল্পনা’ আছে।” তবে, দলের নেতাকর্মীদের তিনি সতর্ক করে বলেন, “যেকোনো মূল্যে উসকানির মুখে শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই”।

তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।

২০০৭ সালে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হন এবং ২০০৮ সালে জামিন পাওয়ার পর চিকিৎসার জন্য লন্ডন চলে গিয়েছিলেন।

মব ভায়োলেন্স, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন

এসব ঘটনার পাশাপাশি বছরের নানা সময়ে দেশজুড়ে সংখ্যালঘুদের উপর হামলা, মব ভায়োলেন্স এবং ধর্ষণের বেশ কিছু ঘটনা আলোচনায় উঠে এসেছে।

এর মধ্যে মাগুরায় বোনের বাড়িতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে শিশুর মৃত্যু, কুমিল্লায় এক নারীর শ্লীলতাহানির ভিডিও ছড়িয়ে দেয়া এবং ময়মনসিংহে এক বাউলকে হেনস্তার ভিডিও দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ১০ মাসে মব সহিংসতা ও গণপিটুনির ২৫৬টি ঘটনায় কমপক্ষে ১৪০ জনের মৃত্যু হয়েছে।

এর আগে চলতি বছরের শুরুতে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো, ২০২৪ সালের ৪ঠা অগাস্টের পর থেকে পরবর্তী ৫ মাসেই সারাদেশের ৪০টি মাজারে (মাজার/সুফি কবরস্থান, দরগা) ৪৪ বার হামলা চালানোর অভিযোগ পেয়েছিলো পুলিশ।

এসব হামলায় মাজার বা দরগায় ভাঙচুর, মাজারের সম্পত্তি লুটপাট ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় স্থাপনাগুলোর (মাজার ও দরগাহ) নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি বলে মনে করছে মানবাধিকার সংগঠকরা।

তথ্য সূত্র : বিবিসি বাংলা

ফরিদপুরে ৫ প্রাণহানির পরও নিরাপত্তাহীন কাফুরা রেলক্রসিং, নেই গেট-গেটম্যান—ঝুঁকিতে মানুষ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
ফরিদপুরে ৫ প্রাণহানির পরও নিরাপত্তাহীন কাফুরা রেলক্রসিং, নেই গেট-গেটম্যান—ঝুঁকিতে মানুষ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা রেলক্রসিংটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই রেলক্রসিংয়ে নেই কোনো লেভেল ক্রসিং গেট, নেই গেটম্যান—ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন পথচারী ও যানবাহন চালকরা। স্থানীয়দের অভিযোগ, বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৭ জানুয়ারি এই কাফুরা রেলক্রসিংয়েই ভয়াবহ এক দুর্ঘটনায় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন। আহত হন আরও কয়েকজন, যাদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি ট্রেন রেলগেট অতিক্রম করার সময় একটি মাইক্রোবাস হঠাৎ লাইনের ওপর উঠে পড়লে এ সংঘর্ষ ঘটে। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি প্রায় ৫০ গজ দূরে ছিটকে গিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায়।

দুর্ঘটনার সময় সেখানে কোনো গেট বা গেটম্যান না থাকাই বড় কারণ হিসেবে উঠে আসে। এরপর স্থানীয়দের ক্ষোভের মুখে কর্তৃপক্ষ একাধিকবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

সরেজমিনে দেখা গেছে, কাফুরা রেলক্রসিংয়ে এখনো নেই কোনো স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা। ট্রেন আসার সময় সতর্কবার্তা বা ব্যারিয়ার না থাকায় হঠাৎ করেই যানবাহন লাইনে উঠে পড়ছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দা ওহিদুল ফকির বলেন, “প্রতিদিনই ভয় নিয়ে রাস্তা পার হতে হয়। ট্রেন কখন আসবে, কোনো ধারণা থাকে না। দ্রুত এখানে গেটম্যান নিয়োগ জরুরি।”

অটোরিকশা চালক হামিদ শরীফ বলেন, “হঠাৎ ট্রেন চলে এলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে যায়। অনেক সময় অল্পের জন্য বেঁচে যাই।”

এলাকার চা দোকানদার হেলাল বেপারি জানান, “ট্রেন এলে আমরা নিজেরাই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গাড়ি থামানোর চেষ্টা করি।”

ঝালমুড়ি বিক্রেতা রফিক মোল্যা বলেন, “এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এত মানুষ মারা গেলেও কর্তৃপক্ষের কোনো মাথাব্যথা নেই।”

চটপটি বিক্রেতা মো. হায়দার মন্ডল বলেন, “প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে। ঝুঁকি থাকলেও যেন কারো নজর নেই—এটা খুবই দুঃখজনক।”

এ বিষয়ে ফরিদপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার প্রহলাদ বিশ্বাস ‘ফরিদপুর প্রতিদিন‘-কে জানান, “গেটম্যান নিয়োগ ও রক্ষণাবেক্ষণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আওতাধীন।”

এ ব্যাপারে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব হাসান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, এ ব্যাপারে পাকশীতে একাধিকবার চিঠি দেওয়া হলেও এখনও এর কোনো সমাধান মিলেনি।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোসা. হাসিনা খাতুন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “এটি সম্ভবত অননুমোদিত রেলগেট হওয়ায় গেটম্যান নেই। তবে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, জেলা প্রশাসক (ডিসি) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, বিষয়টি আমরা ইতোমধ্যে জেনেছি। আমরা এলাকাবাসী ও ঘটনাস্থলে গিয়ে দেখে রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুতই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “জননিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাইতো সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে শ্রীঘ্রই সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”

যে বটগাছ জানে আমার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা

হারুন-অর-রশীদ
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ণ
যে বটগাছ জানে আমার হারিয়ে যাওয়া দিনগুলোর কথা

গ্রামের বটের ছায়ায় বসে থাকা হারানো শৈশব
বিকেলের আলোটা আজও ঠিক আগের মতোই নরম হয়ে আসে। হালকা সোনালি রোদ ধানের ক্ষেতে পড়ে যেন একরাশ স্মৃতি ঝলমল করে ওঠে।

গ্রামের সেই পুরোনো বটগাছটা—যার শেকড়গুলো মাটিতে নেমে এসে যেন আরেকটা পৃথিবী তৈরি করেছে—আজও দাঁড়িয়ে আছে ঠিক আগের মতোই। শুধু বদলে গেছে সময়, বদলে গেছে মানুষ, আর হারিয়ে গেছে এক টুকরো শৈশব।

রফিক আজ অনেক বছর পর গ্রামে ফিরেছে। শহরের ব্যস্ততা, চাকরি, সংসার—সব মিলিয়ে সে যেন ভুলেই গিয়েছিল এই মাটির গন্ধ। কিন্তু আজ হঠাৎ করেই মনে হলো, একবার ফিরে দেখা দরকার। সেই জায়গাগুলোকে, যেগুলো তার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোকে আগলে রেখেছিল।

বটগাছটার নিচে এসে দাঁড়াতেই বুকের ভেতর কেমন একটা হাহাকার উঠে গেল। কতদিন, কত বছর পরে সে এখানে এসেছে! অথচ জায়গাটা যেন ঠিক আগের মতোই আছে—শুধু নেই সেই মানুষগুলো, নেই সেই হাসির শব্দ।

ছোটবেলায় এই বটগাছটার নিচেই ছিল তাদের আস্তানা। বিকেল হলেই সে, বাবু, করিম, লিপি—সবাই একসাথে জড়ো হতো এখানে। কখনও গোল্লাছুট, কখনও কাবাডি, আবার কখনও শুধু গল্প আর হাসাহাসি। সময় যেন তখন থেমে থাকতো তাদের জন্য।

রফিক ধীরে ধীরে গাছটার একপাশে বসে পড়ল। হাত দিয়ে ছুঁয়ে দেখল গাছের খসখসে গা। মনে হলো, গাছটা যেন তাকে চিনে ফেলেছে। যেন বলছে—“এতদিন কোথায় ছিলি?”

হঠাৎ করেই তার মনে পড়ল এক বিকেলের কথা।
সেদিন আকাশে মেঘ ছিল, হালকা বাতাস বইছিল। তারা সবাই মিলে লুকোচুরি খেলছিল। রফিক লুকিয়ে ছিল বটগাছের পেছনে। তখন লিপি এসে বলেছিল— “এই, তুই এখানে! আমি তোকে খুঁজেই পাচ্ছিলাম না।”

রফিক তখন মুচকি হেসে বলেছিল— “তুই খুঁজে পাবি না, আমি খুব ভালো লুকাই।”
লিপি হেসে বলেছিল— “বড় হয়ে তুই নিশ্চয়ই গুপ্তচর হবি!”

সেই হাসির শব্দটা আজও যেন বাতাসে ভাসে। কিন্তু লিপি এখন কোথায়? কেমন আছে? হয়তো সংসার নিয়ে ব্যস্ত, হয়তো এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে গেছে।

রফিক একটা দীর্ঘশ্বাস ফেলল।
শৈশবের বন্ধুরা একে একে হারিয়ে গেছে জীবনের স্রোতে। কেউ শহরে, কেউ বিদেশে, কেউ বা এই পৃথিবী ছেড়েই চলে গেছে। শুধু এই বটগাছটা রয়ে গেছে, সব স্মৃতি আগলে রেখে।
তার চোখের কোণে জল এসে গেল। সে চুপচাপ বসে রইল।

হঠাৎ দূর থেকে একটা বাচ্চার হাসির শব্দ ভেসে এলো। সে তাকিয়ে দেখল—কয়েকটা ছোট ছেলে-মেয়ে খেলছে ঠিক সেই জায়গায়, যেখানে একসময় তারা খেলত।

একটা ছোট ছেলে দৌড়ে এসে গাছটার পাশে দাঁড়াল, ঠিক যেভাবে রফিক দাঁড়াত ছোটবেলায়। ছেলেটা হাসতে হাসতে বলল— “ধরতে পারবি না!”
এই দৃশ্যটা দেখে রফিকের বুকটা কেমন যেন কেঁপে উঠল। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু শৈশব—সে তো একই থাকে, শুধু মানুষ বদলে যায়।
সে উঠে দাঁড়াল। ধীরে ধীরে ছেলেগুলোর দিকে এগিয়ে গেল।

“তোমরা কী খেলছো?”—সে জিজ্ঞেস করল।
একটা মেয়ে উত্তর দিল— “লুকোচুরি!”
রফিক হেসে বলল— “আমরাও এই গাছটার নিচে এই খেলাটাই খেলতাম।”

ছেলেমেয়েগুলো অবাক হয়ে তার দিকে তাকাল। যেন তারা বুঝতে পারছে না—এই মানুষটা কীভাবে তাদের মতোই একসময় এখানে খেলেছে।
একটা ছেলে বলল— “আপনি এখানে থাকতেন?”
রফিক মাথা নেড়ে বলল— “হ্যাঁ, অনেক দিন আগে।”

ছেলেটা বলল— “তাহলে আপনি আমাদের সাথে খেলবেন?”

প্রশ্নটা শুনে রফিক একটু থমকে গেল। কত বছর হয়ে গেছে সে এমন করে খেলেনি! কিন্তু আজ কেন যেন মনে হলো—আবার একবার ফিরে যাওয়া যাক সেই সময়ে।

সে মুচকি হেসে বলল— “খেলব।”
খেলা শুরু হলো। রফিক দৌড়াচ্ছে, লুকাচ্ছে, হাসছে—ঠিক যেমনটা করত ছোটবেলায়। কিছুক্ষণ জন্য সে ভুলেই গেল যে সে এখন বড় হয়ে গেছে, তার দায়িত্ব আছে, তার বাস্তবতা আছে।
সেই মুহূর্তে সে শুধু একজন শিশু—একজন হারানো শৈশব ফিরে পাওয়া মানুষ।

খেলা শেষ হওয়ার পর সে হাঁপাতে হাঁপাতে বটগাছটার নিচে বসে পড়ল। ছেলেমেয়েগুলোও তার পাশে এসে বসলো।
একটা মেয়ে জিজ্ঞেস করল— “আপনি আবার আসবেন?”

রফিক একটু চুপ করে থেকে বলল— “হ্যাঁ, আসব।”
কিন্তু সে জানে—জীবনের ব্যস্ততা তাকে আবার টেনে নিয়ে যাবে। হয়তো আবার অনেক বছর কেটে যাবে।

তবুও সে একটা প্রতিজ্ঞা করল—এই জায়গাটা, এই বটগাছটা, এই স্মৃতিগুলো—সে আর ভুলে যাবে না।
সূর্য তখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল হয়ে উঠেছে। পাখিরা বাসায় ফিরছে।
রফিক উঠে দাঁড়াল। একবার শেষবারের মতো গাছটার দিকে তাকাল।

তার মনে হলো—এই গাছটা শুধু একটা গাছ নয়। এটা তার শৈশব, তার স্মৃতি, তার হারানো সময়।
সে ধীরে ধীরে হাঁটতে শুরু করল। পেছনে পড়ে রইল বটগাছটা—কিন্তু তার ভেতরে থেকে গেল এক টুকরো শৈশব।

হাঁটতে হাঁটতে তার মনে হলো—শৈশব কখনও পুরোপুরি হারিয়ে যায় না। সেটা কোথাও না কোথাও থেকে যায়—একটা গাছের ছায়ায়, একটা বিকেলের রোদে, বা কোনো পুরোনো হাসির শব্দে।
আর যখনই মানুষ একটু থেমে ফিরে তাকায়—সেই শৈশব আবার ফিরে আসে, খুব নীরবে, খুব গভীরভাবে।

রফিকের চোখে তখন আর জল নেই। আছে একরাশ শান্তি।
কারণ সে জানে—তার হারানো শৈশব পুরোপুরি হারিয়ে যায়নি।
সে এখনো বসে আছে—গ্রামের বটের ছায়ায়। 🌿

লেখক: সংবাদকর্মী, ফরিদপুর

লোডশেডিং চলবে আরও কতদিন?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
লোডশেডিং চলবে আরও কতদিন?

“গরমের মধ্যে যন্ত্রণায় আছি- গভীর রাতেও দুই-তিনবার বিদ্যুৎ যায়, একবার গেলে দেড়-দুই ঘণ্টার কমে আসে না।”

একথা বলছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা নয়ন বড়ুয়া। তার দাবি, চট্টগ্রামের বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় থেকে সাত ঘণ্টার মতো লোডশেডিং হচ্ছে।

এই অবস্থা দেশের বেশিরভাগ এলাকায়। দিনে-রাতে নিয়ম করে শহর এলাকায় পাঁচ থেকে ছয় ঘণ্টা এবং গ্রামাঞ্চলে সাত থেকে আট ঘণ্টা বিদ্যুৎ থাকছে না বলে জানাচ্ছেন বিদ্যুতের গ্রাহকরা।

“এসএসসি পরীক্ষার মধ্যে এমনিতেই তীব্র গরম, আর সাথে কারেন্ট (বিদ্যুৎ) নাই, সব মিলিয়ে খুবই বাজে অবস্থা,” বলেন নেত্রকোনা জেলার কলমাকান্দার বাসিন্দা পলাশ তালুকদার।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই দেশে লোডশেডিং একটু একটু করে বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে আরও আগে থেকেই।

কিন্তু গত তিনদিনে গ্রাম-শহর নির্বিশেষে সারা দেশে লোডশেডিং বেড়েছে বলেই তথ্য মিলছে।

মূলত গরমের কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি এবং বেশ কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইউনিটে কারিগরি ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ কমেছে।

বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, সারাদেশে চাহিদা বাড়লেও বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি থাকায় গত বুধ ও বৃহস্পতিবার দুই হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং দিতে হয়েছে।

এমনকি বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হওয়ায় বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিদিন অন্তত ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত বৃহস্পতিবার সংসদে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

যদিও দুটি বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া ইউনিউ চালু এবং আদানির বিদ্যুৎ সরবরাহ ঠিক হলে সপ্তাহখানেকের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

“আদানি পাওয়ার প্ল্যান্ট আমাদের যা সাপ্লাই করতো তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারছে। বাঁশখালির এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে,” বলেন তিনি।

এলাকাভিত্তিক লোডশেডিংয়ে চিত্র

“সকাল থেকে দুইবার বিদ্যুৎ যায় অন্তত আধা ঘণ্টা করে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনবার যায় আরও আধা ঘণ্টা করে। আর সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত তিন থেকে চারবার যায় অন্তত এক ঘণ্টা করে,” চাঁপাইনবাবগঞ্জ শহরে গেল তিনদিন এভাবেই লোডশেডিং চলছে বলে জানান স্থানীয় গণমাধ্যমকর্মী মোহাম্মদ আসাদ।

ওই জেলার গ্রামাঞ্চলে আরও আগে থেকেই লোডশেডিং শুরু হয়েছে বলে বিবিসি বাংলাকে জানান তিনি।

জ্বালানি সংকটের পাশাপাশি গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিংয়ের বিরূপ প্রভাব পড়েছে যশোর জেলার কৃষি কাজে।

স্থানীয় গণমাধ্যমকর্মী বুলবুল শহীদ খান বলেন, “তেলের দাম বাড়ানোর পর থেকেই যশোরের অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রাখা হয়েছে। কৃষকরা তেল পাচ্ছে না, বিদ্যুৎও ভোগাচ্ছে।”

গ্রাম-শহর নির্বিশেষে দেশের প্রতিটি এলাকায় কম-বেশি লোডশেডিং হচ্ছে। যার কারণ হিসেবে চাহিদার বিপরীতে উৎপাদন ঘাটতির কথা বলছে বিদ্যুৎ বিভাগ।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির সবশেষ প্রতিবেদন অনুযায়ী, বুধবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬ হাজার ৬৪৭ মেগাওয়াট। যার বিপরীতে ওই দিন বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ ১৪ হাজার ৪৬৭ মেগাওয়াট।

অর্থাৎ সরবরাহ ঘাটতি থাকায় সারাদেশে লোডশেডিং দিতে হয়েছে দুই হাজার মেগাওয়াটের বেশি।

চাহিদা এবং সরবরাহের হিসেবে বৃহস্পতিবারও তিন হাজার মেগাওয়াটের কাছাকাছি লোডশেডিংয়ের তথ্য জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানির অঞ্চল ভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা জোনে সবথেকে বেশি ছয় হাজার ১৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৪৫০ মেগাওয়াট লোডশেডিং দেওয়া হয়েছে।

খুলনা জোনে এক হাজার ৯৭৭ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৩৮০ মেগাওয়াট, চট্টগ্রামে এক হাজার ৫৮৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৫০ মেগাওয়াট, রাজশাহী জোনে এক হাজার ৮০৮ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২৮০ মেগাওয়াট লোডশেডিং দেওয়া হয়েছে।

এছাড়া কুমিল্লা জোনে এক হাজার ৫৭৫ মেগাওয়াট চাহিদার বিপরীতে ২২০ মেগাওয়াট, ময়মনসিংহে এক হাজার ৭০ মেগাওয়াটের বিপরীতে ১৮০ মেগাওয়াট, সিলেটে ৫৭৬ মেগাওয়াটের বিপরীতে ১০০ মেগাওয়াট, বরিশালে ৪৬৮ মেগাওয়াটের বিপরীতে ৬০ মেগাওয়াট এবং রংপুরে এক হাজার দুই মেগাওয়াটের বিপরীতে ১৬৬ মেগাওয়াট লোডশেডিং হয়েছে।

বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি কেন?

জ্বালানি সংকট শুরু হওয়ার পর থেকেই দেশজুড়ে ধাপে ধাপে লোডশেডিং বেড়েছে। গরমের তীব্রতা বৃদ্ধি আর একাধিক পাওয়ার প্লান্টের ইউনিটে কারিগরি জটিলতা তৈরি হওয়ায় সম্প্রতি পরিস্থিতি আরও অবনতি হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, কাগজেকলমে দেশে বিদ্যুৎ উৎপাদনের মোট সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট। যার মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৮ হাজার ৯১৯ মেগাওয়াট।

কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে একদিকে সর্বোচ্চ ১৬ হাজার মেগাওয়াটের কিছু বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে। এছাড়া ভারতের আদানি পাওয়ারের সঙ্গেও ১৬শ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির চুক্তি রয়েছে বাংলাদেশের।

তাহলে এতো উৎপাদন সক্ষমতা থাকার পরও বিদ্যুৎ নিয়ে এই বেহাল দশা কেন?

বিদ্যুৎ বিভাগ বলছে, বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো মূলত গ্যাস ও কয়লা নির্ভর হওয়ায় জ্বালানি সংকটে বর্তমানে দৈনিক বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৪ হাজার মেগাওয়াটের আশপাশে।

এছাড়া আদানির একটি বিদ্যুৎ ইউনিটে কারিগরি সমস্যা তৈরি হওয়ায় সব মিলিয়ে সংকট দেখা দিয়েছে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা।

“আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অনেক কিন্তু পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না হওয়ায় বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি তৈরি হয়েছে,” বলেন তিনি।

বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের মধ্যেই সীমাবদ্ধ বলেই মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। তারা বলছেন, জ্বালানির চিন্তা না করে কেবল বিদ্যুৎকেন্দ্র তৈরি ও উৎপাদন সক্ষমতা বাড়িয়েছে বাংলাদেশ।

যারা ফলে যখনই জ্বালানির ঘাটতি হয়েছে তখনই বিদ্যুৎ নিয়ে এই জটিলতা তৈরি হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইজাজ হোসেন।

“আপনার গাড়ি আছে কিন্তু গাড়ি চালানোর তেল নেই, বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের বর্তমান অবস্থা ঠিক এমন,” বলেন তিনি।

লোডশেডিং চলবে কতদিন

তীব্র গরমে লোডশেডিং বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শিল্প উৎপাদন এবং কৃষি উৎপাদনেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে।

আর তাই বিদ্যুৎ নিয়ে এমন পরিস্থিতি আরও কতদিন চলবে এই প্রশ্নই এখন ঘুরেফিরে সামনে আসছে।

পরিস্থিতি পুরো ঠিক না হলেও খুব শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে বলেই মনে করছে বিদ্যুৎ বিভাগ।

তারা বলছে, ২৬শে এপ্রিল থেকে আদানি পাওয়ারের আমদানিৃকত বিদ্যুৎ আবারো পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বাঁশখালির এসএস পাওয়ারের আইপিপি প্ল্যান্ট থেকে ৬৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ২৮শে এপ্রিল থেকে স্বাভাবিক হতে পারে।

“২৮শে এপ্রিল থেকে প্রায় তেরশ মেগাওয়াট বিদ্যুৎ আমরা পাবো, যাতে সংকট খানিকটা কমবে। এছাড়া জ্বালানি সংকটে আরএনপিএন এর বন্ধ ইউনিটটি চালু হলে সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ দেওয়া সম্ভব হবে,” বলে জানান যুগ্ম সচিব উম্মে রেহানা।

এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসতে পারে বলে মনে করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলছেন, “আদানি পাওয়ার প্ল্যান্ট আমাদেরকে যা সাপ্লাই করতো তাদের একটি ইউনিটে সমস্যা হওয়ায় এখন অর্ধেক দিতে পারছে, বাঁশখালির এসএস পাওয়ারের ক্ষেত্রেও একই অবস্থা। তাদের সবার সঙ্গে আমরা কথা বলেছি, আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে।”

তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি চলমান থাকলে এবং বাংলাদেশে জ্বালানি সংকটের এই প্রেক্ষাপট ঠিক না হওয়া পর্যন্ত লোডশেডিং সহ্য করেই চলতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকে।

জ্বালানি বিশেষজ্ঞ ইজাজ হোসেন বলছেন, প্রায় ছয় থেকে সাত হাজার মেগাওয়াটের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করে এই মুহূর্তে লোডশেডিং কমানো সম্ভব।

কিন্তু এক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম যত বাড়বে সেটি বহন করা বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় কঠিন বলেই মনে করেন মি. হোসেন।

তিনি বলছেন, “বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে এই খাতে। এবার হয়তো সেটা ৬০ হাজার কোটি টাকা হতে পারে। ফার্নেস অয়েল নির্ভর বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে চাইলেই বাড়তি উৎপাদন করা যাবে না।”

সূত্র : বিবিসি বাংলা