গ্রামবাসী ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে বসুন্ধরা শুভ সংঘের ব্যতিক্রমী ইফতার মাহফিল
পবিত্র রমজান মাসে সম্প্রীতি, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে ফরিদপুরে গ্রামবাসীদের নিয়ে ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করেছে বসুন্ধরা শুভ সংঘ ফরিদপুর জেলা শাখা।
বুধবার (০৪ মার্চ) সন্ধ্যায় জেলার নগরকান্দা উপজেলার লক্সরদিয়া ইউনিয়নের বিনোকদিয়া চেয়ারম্যানবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে গ্রামের সাধারণ মানুষ, ধর্মপ্রাণ মুসল্লি ও এতিম শিক্ষার্থীদের অংশগ্রহণে এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।
ইফতার মাহফিলের আগে দেশ, জাতি এবং বসুন্ধরা গ্রুপের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ আব্দুল আলীম মাতুব্বর। মোনাজাতে মানবতার সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর অগ্রগতি এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় গ্রামবাসীদের পাশাপাশি শাকপালদিয়া হাফেজিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থী মো. তাজিবুল ও মো. হাসানসহ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের উপস্থিতি অনুষ্ঠানে এক মানবিক আবহ তৈরি করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. মশিউর রহমান, উপজেলা বিএনপির সদস্য রিপন মিয়া, বসুন্ধরা শুভ সংঘের উপদেষ্টা ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, জেলা শাখার সভাপতি তন্ময় রায়, আপ্যায়ন বিষয়ক সম্পাদক তিহান আহম্মেদ, নগরকান্দা উপজেলা শাখার প্রস্তাবিত কমিটির সভাপতি শাহ মো. তৌফিক রাজ, সহ-সভাপতি কাজল মিয়া, সাধারণ সম্পাদক নাহিদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক সজল মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান এবং দপ্তর সম্পাদক রাজিব শেখসহ অর্ধশতাধিক মুসল্লি।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতাকে সামনে রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও বসুন্ধরা শুভ সংঘ মানবিক ও সামাজিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন
Array