ফরিদপুরের চরভদ্রাসনে ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি প্রদান
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দীর্ঘদিন ধরে চলমান ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী এবং সর্বস্তরের সাধারণ মানুষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পূর্বঘোষণা অনুযায়ী সকাল ১১টায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে কর্মসূচি আয়োজন সম্ভব হয়নি। পরে আবহাওয়া কিছুটা অনুকূলে এলে উপজেলা পরিষদের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানান। এ সময় তারা দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে চরভদ্রাসনে অসহনীয় লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটছে, গরমে শিশু, বৃদ্ধ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। এছাড়া কৃষি, ক্ষুদ্র শিল্প ও দৈনন্দিন জনজীবনও ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের ন্যায্য দাবির প্রতি গুরুত্ব দিয়ে অবিলম্বে পরিস্থিতির উন্নয়ন না ঘটলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চরভদ্রাসনে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মো. হোসাইন, মো. সাজ্জাদ হোসেন, মো. সাইফ আব্দুল্লাহ, মো. জাহিদ হোসাইন, মুশফিক হাসান সাইফসহ স্থানীয় যুবসমাজ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আপনার মতামত লিখুন
Array