ঈদকে ঘিরে ফরিদপুরে নিরাপত্তা জোরদার, মাঠে থাকবে বাড়তি পুলিশি টহল
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পশুর হাটের নিরাপত্তা, মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধসহ ঈদকেন্দ্রিক নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় ফরিদপুর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে জেলার বিভিন্ন পশুর হাটে বিপুল সংখ্যক ক্রেতা-বিক্রেতার সমাগম হবে। তাই হাটগুলোতে নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। জাল নোট প্রতিরোধে প্রতিটি গুরুত্বপূর্ণ পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা বসানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া মহাসড়কে কোনো অবস্থাতেই গরুর হাট বসতে দেওয়া হবে না বলে সভায় কঠোর অবস্থানের কথা জানানো হয়। মাঝরাস্তায় পশু উঠানামা বন্ধে নজরদারি বাড়ানোর পাশাপাশি ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ, লক্কড়-ঝক্কড় ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ এবং মহাসড়কে ত্রি-হুইলার চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে যেখানে-সেখানে যাত্রী উঠানামা বন্ধেও কঠোর নজরদারি রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা ব্যাংক এলাকায় নিরাপত্তা জোরদার, মার্কেটগুলোতে টহল পুলিশ বৃদ্ধি এবং বেইলি ব্রিজ থেকে থানা পর্যন্ত সড়ক ফুটপাতমুক্ত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামছুল আজম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

আপনার মতামত লিখুন
Array