খুঁজুন
, ,

ফরিদপুর-৪: কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠ নষ্টের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
ফরিদপুর-৪: কালো টাকা ছড়িয়ে ভোটের মাঠ নষ্টের অভিযোগ বিএনপি প্রার্থী বাবুলের

ফরিদপুর-৪ আসন (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল অভিযোগ করেছেন, নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে কালো টাকা ছড়িয়ে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সদরপুর উপজেলা সদর বাজারে গণসংযোগকালে তিনি এসব অভিযোগ করেন এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন— “নির্বাচনের পরিবেশ নষ্ট করতে তথাকথিত নিরপেক্ষ প্রার্থীরা সিন্ডিকেট করে দিনে-রাতে লুটের কালো টাকা ছড়াচ্ছেন। এর ফলে ভোটের মাঠের পরিবেশ দিন দিন খারাপ হয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন— “ভোটাররা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। এবার তারা ভোট দিতে মুখিয়ে আছেন। মাঠে যে সাড়া পাচ্ছি, তাতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।”

নির্বাচনী প্রচারণার আড়ালে নানা অনিয়মের অভিযোগ তুলে বিএনপি প্রার্থী বলেন— “ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কালো টাকা বিতরণ করা হচ্ছে। পাশাপাশি এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরা সিন্ডিকেট করে টাকার ব্যাগ নিয়ে লোক মাঠে নামাচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় হুমকি।”

তিনি জানান, এসব অনিয়মের বিষয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।

শহিদুল ইসলাম বাবুল আরও বলেন— “আমার সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ রয়েছেন। জনগণ এই নির্বাচনকে উৎসবমুখরভাবে নিয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে অবহেলিত ফরিদপুর-৪ আসনের সার্বিক উন্নয়নে কাজ করব।”

এ সময় সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবে জনগণ’: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
‘গণভোটের রায় বাস্তবায়ন না হলে আবারও রাজপথে নামবে জনগণ’: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে দেশের মানুষের জনআকাঙ্ক্ষা পূরণ হবে না। জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন হলে জনগণকে সঙ্গে নিয়ে আবারও রাজপথে আন্দোলনের মাধ্যমে সমাধান করা হবে।’

রবিবার (৯ আগস্ট) বিকালে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে খেলাফত মজলিসের উপজেলা শাখার উদ্যোগে এক নাগরিক সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন, সন্ত্রাস-চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনগণের জনআকাঙ্ক্ষা দ্রুত পূরণ করুন।

মাওলানা মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন ফরিদপুর জেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবী ও সদরপুর শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি আরাফাত হোসাইন।

এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় অভিভাবক পরিষদের অন্যতম সদস্য আল্লামা শাহ আকরাম আলী।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন, যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আমজাদ হোসাইন, নগরকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মুস্তাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসলো পৌরসভা, ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসলো পৌরসভা, ফরিদপুরে ফুটপাত দখলমুক্ত অভিযান শুরু

দীর্ঘদিনের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা নিয়ে ভোগান্তির খবর প্রকাশের পর এবার ফরিদপুর শহরে ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা।

রবিবার (৯ আগস্ট) বিকেলে পৌর সুপার মার্কেটের সামনে থেকে এ অভিযান শুরু হয়। এতে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়।

অভিযানের ফলে বেশ কিছু এলাকায় পথচারীদের চলাচলের পথ উন্মুক্ত হয়েছে। দীর্ঘদিন পর ফুটপাত ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তবে উচ্ছেদের পর আবারও যেন ফুটপাত দখল না হয়, সে বিষয়ে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এর আগে গত ২৫ জুলাই ফরিদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাত দখল করে দোকানপাট, ভাসমান ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে ওঠায় পথচারীদের দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, জনতা ব্যাংক মোড়, হাজী শরীয়তুল্লাহ বাজারসংলগ্ন সড়ক, থানা মোড়, গোয়ালচামট, রাজবাড়ী রাস্তার মোড় ও টেপাখোলা সড়কসহ বিভিন্ন এলাকায় ফুটপাত দখলের কারণে শিশু, শিক্ষার্থী, নারী ও বয়স্কদের জীবনের ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।

ওই প্রতিবেদনে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ফুটপাত দখল হয়ে যাওয়ায় ব্যস্ত সড়ক দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন পথচারীরা। এতে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে, অন্যদিকে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে সৃষ্টি হচ্ছে যানজট। ব্যবসায়ীরা অবশ্য জীবিকার তাগিদে ফুটপাতে বসার কথা জানিয়ে বিকল্প ব্যবস্থা করার দাবি জানান।

পৌরসভা সূত্রে জানা গেছে, রোববারের অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জাকী। অভিযানে পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আহাদুজ্জামান, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. শরিফুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) লাইজিং হোসেন রাজুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানকালে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে নতুন করে কোনো স্থাপনা নির্মাণ না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।

ফরিদপুর পৌরসভার কর্মকর্তারা জানান, শহরের ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উচ্ছেদের পর কেউ পুনরায় ফুটপাত দখল করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সদস্য সাংবাদিক হাসানউজ্জামান ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, শুধু একদিনের অভিযানেই সীমাবদ্ধ না রেখে নিয়মিত মনিটরিং ও উচ্ছেদ কার্যক্রম চালু রাখা প্রয়োজন। এটা যেন লোকদেখানো অভিযান না হয়। পাশাপাশি জীবিকার প্রয়োজনে ফুটপাতে বসা ভাসমান ব্যবসায়ীদের জন্য বিকল্প স্থান নির্ধারণ করা হলে একদিকে যেমন তাদের জীবিকা রক্ষা হবে, অন্যদিকে পথচারীরাও ফিরে পাবেন নিরাপদে হাঁটার অধিকার।

ফুটপাত দখলমুক্ত রাখতে পৌরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। তাদের মতে, উচ্ছেদ অভিযানের ধারাবাহিকতা বজায় থাকলেই ফরিদপুর শহরের ফুটপাতগুলো স্থায়ীভাবে পথচারীবান্ধব হয়ে উঠবে।

এর আগে গত ২৬ জুলাই ‘ফরিদপুরে ফুটপাত দখলে নাকাল পথচারী, জীবনের ঝুঁকি নিয়ে সড়কে হাঁটছেন নগরবাসী‘ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে অনলাইন নিউজ পোর্টাল ফরিদপুর প্রতিদিন। এর পরই অভিযানে নামলো ফরিদপুর পৌরসভা।

ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বর (৬০) নামে এক আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (০৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে ওই আ.লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

সিদ্দিক মাতুব্বর জেলার বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া গ্রামের জহুর মাতুব্বরের ছেলে। এছাড়া সে একই উপজেলার পরমেশ্বরী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, বৈষম্যেবিরোধী আন্দোলনের একটি মামলায় সিদ্দিক মাতুব্বরকে ফরিদপুরের কোর্টপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।