ফরিদপুরে ৪ হাজার ইয়াবাসহ কারবারি আটক
ফরিদপুরে প্রায় চার হাজার পিস ইয়াবাসহ মো. জাফর সেখ (৩১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সকালে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে জেলার নগরকান্দা থানাধীন তালমার মোড় বাজার এলাকায় ঢাকা-ফরিদপুর মহাসড়কের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আসামির সঙ্গে থাকা একটি কালো রঙের ট্রলি ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতর বিশেষভাবে তৈরি চেম্বারে স্কচটেপে মোড়ানো পলি প্যাকেটের মধ্য থেকে ৩ হাজার ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩৯২ গ্রাম। এ সময় তার প্যান্টের পকেট থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেফতার জাফর সেখ পাবনা জেলার বেড়া থানার রাজনারায়ণপুর এলাকার মো. জাহিদ সেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক শিরিন আক্তার জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ফরিদপুর জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন