টাইব্রেকারে রংপুরকে হারিয়ে গজারিয়া জিএসসি গোল্ডকাপে জয়ী গোপালগঞ্জ
গজারিয়া স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমি আয়োজিত ‘জিএসসি (GSC) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর রোমাঞ্চকর ম্যাচে টাইব্রেকারে জয় পেয়েছে গোপালগঞ্জের ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি। তারা পেনাল্টি শুটআউটে ৫-৪ গোলে হারিয়েছে রংপুরের জয় স্পোর্টিং ক্লাবকে।
শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় অনুষ্ঠিত টুর্নামেন্টের এই ম্যাচে নির্ধারিত সময়ে দুই দল ২-২ গোলে সমতায় ছিল।
খেলার ১৫ মিনিটে সোলেমান চিল্লার বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে ভাজন্দি সিকদার ফুটবল একাডেমিকে ১-০ ব্যবধানে এগিয়ে নেন ‘বেনজেমা’। তবে চমৎকার এক ফ্রি-কিক থেকে গোল করে জয় স্পোর্টিং ক্লাব রংপুরকে সমতায় ফেরান দাউদা। পরবর্তীতে এক দারুণ কাউন্টার অ্যাটাক থেকে নিজের দ্বিতীয় গোলটি করে রংপুরকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন এই দাউদাই।
পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে গোপালগঞ্জের দলটি। অবশেষে সোলেমান কান্তের চমৎকার গোলে ২-২ সমতায় ফেরে ভাজন্দি সিকদার ফুটবল একাডেমি। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হলে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ৫-৪ ব্যবধানে রংপুরকে হারিয়ে শেষ হাসি হাসে গোপালগঞ্জের ক্লাবটি।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএইচ (RH) গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গজারিয়া স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা হানিফ মন্ডল।
এছাড়াও অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাত্তার মন্ডল, মো. রেজাউল করিম নূরু মন্ডল, মো. আকতার হোসেন, নুর মোহাম্মদ টগর মন্ডল এবং সামচুল আলম বাবলুসহ স্থানীয় হাজারো ক্রীড়ামোদী দর্শক।

আপনার মতামত লিখুন
Array