ফরিদপুরে ৫ দিন ধরে নিখোঁজ সাহানা, উৎকণ্ঠায় পরিবার
ফরিদপুর শহরের মুন্সির বাজার এলাকা থেকে সাহানা বেগম (৫৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গত বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এরপর থেকে উৎকণ্ঠায় রয়েছে ওই নারীর পরিবার।
থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, ওই দিন সকালে সাহানা বেগম বাসা থেকে বের হয়ে ভাঙ্গা রাস্তার মোড় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় যান। পরবর্তীতে সেখান থেকেই তিনি নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। নিখোঁজের পর থেকে পরিবারটির সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তাঁর সন্ধান চালিয়ে যাচ্ছেন।
পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ সাহানা বেগমের বয়স ৫৫ বছর। তাঁর গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং শারীরিক গঠন মাঝারি।
এ ঘটনায় নিখোঁজ নারীর ছেলে সাহিদুল ইসলাম রবিবার (৬ সেপ্টেম্বর) ফরিদপুর কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর: ৩৮৪) সম্পন্ন করেছেন।
এ বিষয়ে ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “নিখোঁজ নারীর সন্ধান পেতে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে। তাঁর ডায়েরিকৃত তথ্য ও শারীরিক বর্ণনা অনুযায়ী বিভিন্ন স্থানে বার্তা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই তাঁর সন্ধান পাওয়া যাবে।”

আপনার মতামত লিখুন