ফরিদপুরে সড়ক পরিবহন শৃঙ্খলা রক্ষায় পুলিশ-পরিবহন মালিকদের মতবিনিময়
সড়ক পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, নিরাপত্তা জোরদার ও বিদ্যমান সমস্যা নিরসনে পরিবহন মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
সভায় জেলার সড়ক পরিবহন খাতের সার্বিক চিত্র, যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা রোধ এবং যাত্রীসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির প্রতিনিধিরা তাঁদের দৈনন্দিন কর্মক্ষেত্রের নানা সমস্যা, চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ফরিদপুর জেলা পুলিশ সবার মতামত গুরুত্বের সঙ্গে গ্রহণ করে পরিবহনে শৃঙ্খলার স্বার্থে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী নিরাপদ সড়ক গড়ে তুলতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি ট্রাফিক আইন মেনে চলা, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক পরিহার করা এবং যাত্রী হয়রানি বন্ধে পরিবহন মালিক ও শ্রমিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।
পুলিশ সুপার আরও বলেন, ফরিদপুরের সড়ক পরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল, নিরাপদ ও জনবান্ধব করতে জেলা পুলিশ সর্বদা পরিবহন সংশ্লিষ্টদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
মতবিনিময় সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় পরিবহন খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array