খুঁজুন
, ,

ফরিদপুর-২ আসনে ভোটের প্রচারণায় বাধা, রিকশার প্রার্থীকে লাঞ্ছিতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২৫ অপরাহ্ণ
ফরিদপুর-২ আসনে ভোটের প্রচারণায় বাধা, রিকশার প্রার্থীকে লাঞ্ছিতের অভিযোগ

ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনে দশ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর নির্বাচনী প্রচারণায় বাধা ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। তিনি আসনটিতে রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীর পক্ষ থেকে সংশ্লিষ্টরা।

অভিযোগ অনুযায়ী, শনিবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ (বুড়িদিয়া) বাজারে এ ঘটনা ঘটে। ভোট চাইতে গেলে আকরাম আলীর বহরভুক্ত গাড়ি আটকানো হয় এবং সেখানে ধানের শীষের স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে গাড়ির গ্লাসের বাইরে থেকে কিল-ঘুষি, চর-থাপ্পড় মারার ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

একই দিন রাত ৮টার দিকে আকরাম আলীর নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মুফতি মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। তিনি জানান, রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা আকরাম আলী ওইদিন গট্টি ইউনিয়নের জয়ঝাপ এলাকায় প্রচারণা শেষ করে সিংহপ্রতাপের বুড়িদিয়া বাজারে যান। বাজারে গাড়ি থেকে নেমে তিনি দুইটি দোকানে লিফলেট বিতরণ করেন। তৃতীয় দোকানে ভোট চাইতে গেলে স্থানীয় সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার নেতৃত্বে একদল লোক একত্রিত হয়ে তাকে লাঞ্ছিত করে।

মুফতি মুস্তাফিজুর রহমান আরও বলেন, “এসময় প্রার্থীর গাড়ি ও আমাদের ব্যবহৃত গাড়ি আটকে রেখে ধানের শীষের স্লোগান দেওয়া হয়। গাড়িতে কিল-ঘুষি ও থাপ্পড় মারা হয়। আমাদের কর্মীদের অপমান করা হয়েছে এবং ভয়ভীতি দেখানো হয়।”

তিনি দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চান। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেন এবং আকরাম আলী ও তার বহরকে নিরাপদে উদ্ধার করেন।

মুফতি মুস্তাফিজুর রহমান অভিযোগ করে বলেন, “এভাবে যদি ভোট চাইতে বাধা দেওয়া হয়, তাহলে সুষ্ঠু ভোট ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে আমরা গভীরভাবে শঙ্কিত। রিকশা প্রতীকের সাধারণ ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে। বলা হচ্ছে, রিকশায় ভোট দিলে নির্বাচনের পর ‘দেখে নেওয়া’ হবে।”

তিনি দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান এবং নির্বাচন কমিশন ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য ইব্রাহিম মোল্যার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফরিদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। চলমান নির্বাচনী প্রচারণাকে ঘিরে এমন ঘটনার ফলে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে বলে স্থানীয়দের ধারণা।

নানা নাটকীয়তা শেষে অবশেষে শেষ ষোলোয় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৩ পূর্বাহ্ণ
নানা নাটকীয়তা শেষে অবশেষে শেষ ষোলোয় আর্জেন্টিনা

বিশ্বকাপে অভিষেকেই ইতিহাস গড়া কেপ ভার্দে সহজে মাথা নোয়ানোর দল নয়; সেটি তারা প্রমাণ করল দারুণ লড়াইয়েও। নির্ধারিত সময়ের নাটক গড়াল অতিরিক্ত সময়ে।

সেখানে আবার এগিয়ে গিয়েও সমতায় ফিরল আফ্রিকার দলটি। শেষ পর্যন্ত মেসির কর্নার থেকে আসা আত্মঘাতী গোলে স্বস্তির জয় নিয়ে শেষ ষোলোয় উঠল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

মায়ামিতে নকআউট পর্বের রোমাঞ্চকর ম্যাচে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। নির্ধারিত সময়ে ম্যাচ ছিল ১-১ সমতায়।

আর্জেন্টিনার হয়ে গোল করেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেস। অতিরিক্ত সময়ে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড দিনেই বোর্হেসের হাতে লেগে জালে জড়ালে সেটি আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়।

কেপ ভার্দের হয়ে গোল করেন ডেরয় দুয়ার্তে ও সিডনি লোপেস কাবরাল।

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৬:৫৩ পূর্বাহ্ণ
চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শুক্রবার (৩ জুলাই) দিনভর ভোটগ্রহণ শেষে শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল মূল প্রতিদ্বন্দ্বিতা। একদিকে ছিলেন আরমান-মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু-জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি অনুষ্ঠান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার কামাল মো. কিবরিয়া লিপুর তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব পেলেন সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী। নতুন কমিটির কাছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল-প্রাইভেটকার শোভাযাত্রা

মানিক কুমার দাস, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৯:২০ অপরাহ্ণ
ফরিদপুরে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল-প্রাইভেটকার শোভাযাত্রা

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ফরিদপুরে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল ও প্রাইভেট কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আকাশি-সাদা জার্সি, হাতে আর্জেন্টিনার জাতীয় পতাকা আর প্রিয় দলের স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।

শুক্রবার (০৩ জুলাই) বিকেল ৪টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজের সামনে থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শতাধিক মোটরসাইকেল এবং একাধিক প্রাইভেট কার অংশ নেয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার নির্ধারিত স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের অধিকাংশের গায়ে ছিল আর্জেন্টিনা দলের জার্সি। কেউ জাতীয় পতাকা উড়িয়েছেন, কেউ আবার প্রিয় খেলোয়াড়দের ছবি সংবলিত ব্যানার ও পতাকা বহন করেছেন। পুরো আয়োজনে ছিল উৎসবমুখর পরিবেশ, যা পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজকদের দাবি, ফুটবলের প্রতি ভালোবাসা এবং প্রিয় দলের প্রতি সমর্থন জানাতেই তাদের এ ব্যতিক্রমী আয়োজন। তারা বলেন, গত বিশ্বকাপের মতো এবারও আর্জেন্টিনা দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতবে বলে তারা আশাবাদী।

সমর্থকদের অনেকেই জানান, বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার একটি রোমাঞ্চকর ম্যাচ দেখতে চান তারা। তাদের ভাষায়, ফুটবল বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় প্রতিদ্বন্দ্বিতা এই দুই দলের মধ্যে, আর এমন একটি ফাইনাল বিশ্বকাপকে আরও স্মরণীয় করে তুলবে।

শোভাযাত্রা ঘিরে শহরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন স্থান থেকে সাধারণ মানুষ শোভাযাত্রা উপভোগ করেন এবং অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। বিশ্বকাপকে সামনে রেখে এমন আয়োজন আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।