মাছের প্রজনন ও পোনা সুরক্ষায় সরকারি নিষেধাজ্ঞার সময় জেলেদের আয়ের বিকল্প পথ বন্ধ থাকে। অথচ এমন সংকটের মুখেও আলফাডাঙ্গার জেলেদের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ না থাকা অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা।
রোববার (১৬ আগস্ট) দুপুরে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ইলিয়াস মোল্লা বলেন, “মা মাছ ও পোনা রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলাই নিবন্ধিত জেলেদের প্রধান দায়িত্ব। কিন্তু নিষেধাজ্ঞার সময় অন্তত তাদের দুই বেলা খাবারের নিশ্চয়তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। জেলে পরিবারের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ভিজিএফ কার্ড বরাদ্দের ডিও পাঠাতে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিচ্ছি।”
প্রয়োজনে নিজে মন্ত্রণালয়ে গিয়ে জেলেদের ন্যায্য অধিকার আদায় করে আনার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফরিদপুর-১ আসনের এই জনপ্রতিনিধি।
আলফাডাঙ্গা উপজেলার মৎস্য খাতের বিপুল সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “এ উপজেলায় উৎপাদিত মাছের পরিমাণ স্থানীয় চাহিদা পূরণ করে বাইরে পাঠানোর মতো। সরকার ঘোষিত ‘যার জাল, তার জলাধার’ নীতি মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করে সরকারি জলাশয়গুলো উন্মুক্ত করা গেলে এ অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। এতে জাতীয় প্রবৃদ্ধির পাশাপাশি দেশের মোট মৎস্য উৎপাদনও বহুগুণ বাড়ানো সম্ভব।”
দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে মৎস্য ও কৃষিবিদদের অবদানের প্রশংসা করে তিনি গবেষণানির্ভর আধুনিক মৎস্য চাষের ওপর তাগিদ দেন। একইসঙ্গে নতুন গবেষক তৈরি এবং জাতীয়পর্যায়ে মাস্টারপ্ল্যান গ্রহণ করার আহ্বান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসুর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— এগ্রিকালচারালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসউদ,আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল-আমিন,উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল হোসাইন ও সেক্রেটারি এস এম হাফিজুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিরা। কর্মসূচি শেষে স্থানীয় মৎস্য খাতের উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার তিনজন সফল মৎস্যচাষীকে সম্মাননা পদক ও ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন
Array