তৃণমূল থেকে বিভাগীয় স্বীকৃতি—ফরিদপুরের আফরোজা ইয়াসমিন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ বিজয়ী
সমাজ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও মানবকল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ফরিদপুরের আফরোজা ইয়াসমিন অর্জন করেছেন “ঢাকা বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার–২০২৫”। দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে নিরলস সামাজিক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি এ সম্মাননা অর্জন করেন।
সোমবার (০২ মার্চ) মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, দেশের বিভিন্ন জেলা থেকে আগত পুরস্কারপ্রাপ্ত নারীরা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী গোলাম তৌসিফ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এছাড়া ফরিদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসা. জান্নাতুল সুলতানা এবং মহিলা অধিদপ্তরের উপপরিচালক মাসউদা জেসিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের ১৩টি জেলা থেকে মোট ৫৭টি আবেদন জমা পড়ে। প্রার্থীদের সামাজিক অবদান, নেতৃত্বগুণ, উদ্ভাবনী উদ্যোগ এবং সমাজে ইতিবাচক প্রভাবের বিভিন্ন দিক কঠোরভাবে মূল্যায়ন করে সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে আফরোজা ইয়াসমিনকে শ্রেষ্ঠ হিসেবে নির্বাচন করা হয়।
আফরোজা ইয়াসমিন দীর্ঘদিন ধরে নারী শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা, সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার নেতৃত্বে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে, যা স্থানীয় সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়েছে।
বক্তারা বলেন, তার এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং সমাজের অন্যান্য নারীদের এগিয়ে আসার প্রেরণা। তৃণমূল পর্যায়ে কাজ করা নারীদের স্বীকৃতি প্রদান তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং সমাজ উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরও জোরদার করে।
উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০২৫ সালে একই ক্যাটাগরিতে তিনি ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হন। তিনি ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্বগঙ্গাবর্দী গ্রামের বাসিন্দা।
পুরস্কার গ্রহণের পর আফরোজা ইয়াসমিন বলেন, “এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও সমাজের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”

আপনার মতামত লিখুন
Array