খুঁজুন
, ,

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন যে তিন পানীয়?

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৭:৪৯ পূর্বাহ্ণ
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন যে তিন পানীয়?

বর্তমান সময়ে স্থূলতা থেকে সৃষ্ট নানা স্বাস্থ্যঝুঁকির মধ্যে অন্যতম হলো ফ্যাটি লিভার। অনিয়মিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার এবং শারীরিক পরিশ্রমের অভাবে লিভারে অতিরিক্ত চর্বি জমতে থাকে।

বিশেষজ্ঞদের মতে, লিভার সাধারণত ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত চর্বি ধারণ করতে পারে। এর বেশি চর্বি জমলে ফ্যাটি লিভারের ঝুঁকি তৈরি হয়, যা দীর্ঘদিন অবহেলা করলে লিভারে ক্ষত সৃষ্টি কিংবা সিরোসিসের মতো জটিল রোগে রূপ নিতে পারে।

তাই ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে রাখতে ওজন কমানোর পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা জরুরি। চিকিৎসকদের মতে, কিছু প্রাকৃতিক উপাদানে তৈরি পানীয় লিভারের সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। ঘরেই সহজে তৈরি করা যায় এমন তিনটি স্বাস্থ্যকর পানীয় সম্পর্কে জেনে নিন।

হলুদ ও আনারসের স্মুদি

হলুদের কারকিউমিন এবং আনারসে থাকা ব্রোমালিন প্রদাহ কমাতে সাহায্য করে। এই পানীয় লিভারের কার্যকারিতা ভালো রাখতে এবং হজমে সহায়তা করতে পারে।

তৈরির জন্য লাগবে এক কাপ আনারসের টুকরো, আধা চা-চামচ হলুদগুঁড়া, এক ইঞ্চি কাঁচা হলুদ, আধা ইঞ্চি আদা, আধা কাপ নারকেলের পানি, এক চা-চামচ লেবুর রস এবং এক চিমটি গোলমরিচের গুঁড়া। সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে সকালে বা বিকেলে পান করা যেতে পারে।

কাঠবাদাম-ডুমুরের স্মুদি

এই স্মুদি তৈরিতে প্রয়োজন ৫ থেকে ৬টি ভেজানো কাঠবাদাম, একটি শুকনো ডুমুর, এক কাপ দুধ বা কাঠবাদামের দুধ, এক চা-চামচ চিয়া বীজ, আধা চা-চামচ দারুচিনি এবং এক চা-চামচ মধু।

সব উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে মিহি করে নিন। এরপর দুই ঘণ্টা ফ্রিজে রেখে পান করতে পারেন। এটি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং পেশির শক্তি ধরে রাখতে সহায়ক হতে পারে।

শসা, তরমুজ ও জিরার স্মুদি

শসায় ক্যালোরি ও চর্বি খুবই কম। এতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট বিপাকক্রিয়া সচল রাখতে সাহায্য করে। তরমুজে প্রচুর পানি থাকায় শরীর আর্দ্র থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। অন্যদিকে জিরা হজমশক্তি বাড়ানোর পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, এই তিন উপাদানের সমন্বয়ে তৈরি স্মুদি নিয়মিত খাদ্যতালিকায় রাখলে ওজন নিয়ন্ত্রণে সুবিধা হতে পারে, যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

তবে চিকিৎসকদের পরামর্শ, শুধু এসব পানীয়ের ওপর নির্ভর না করে সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণই ফ্যাটি লিভার প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।

সূত্র : কালবেলা

ফরিদপুরের বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৯:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরের বোয়ালমারীতে পাট ধোয়ার সময় পুকুরে পড়ে প্রাণ গেল যুবকের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পাট ধোয়ার সময় পুকুরে পড়ে আলামিন শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে উপজেলার গুনবহা ইউনিয়নের রেনিনগর গ্রামে নিজ বাড়ির পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আলামিন শেখ বাড়ির পাশের পুকুরে পাট ধোয়ার কাজ করছিলেন। একপর্যায়ে মাথায় থাকা পাটের বোঝা পুকুরপাড়ে নামানোর সময় তিনি ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে অচেতন হয়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা জানান, আলামিন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।

খবর পেয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপপরিদর্শক (এসআই) শিমুল মোল্লাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

ঘটনাস্থল পরিদর্শনকারী বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নিহত ব্যক্তি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৫:২৫ অপরাহ্ণ
সালথায় ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ফরিদপুরের সালথায় মো. আক্কাস মাতুব্বর (৪৮) নামে এক ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল থেকে ১২ সেকেন্ডের ওই ভিডিওটি  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

যদিও দেড় বছর আগে জোর করে তাকে দিয়ে ইয়াবা সেবন করিয়ে ভিডিওটি করা হয়েছে বলে দাবি করেছেন ইউপি সদস্য আক্কাস। এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর অভিযুক্ত ইউপি সদস্য আক্কাসকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) করা হয়েছে বলে জানিয়েছেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা।

আক্কাস মাতুব্বর সালথা উপজেলার আটঘর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি একই ইউনিয়নের গৌড়দিয়া গ্রামের বাসিন্দা।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি টিনের ঘরের খাটের ওপর খালি গায়ে বসে সরঞ্জাম ব্যবহার করে আগুন জ্বালিয়ে তিনি ইয়াবা সেবন করছেন। এ সময় তার সামনে বসে থাকা অপর এক অজ্ঞাত ব্যক্তির পা দেখা যায়। ধারনা করা হচ্ছে- তিনিই ভিডিওটি ধারণ করেন।

অভিযুক্ত ইউপি সদস্য আক্কাস মাতুব্বর বলেন, ভিডিওটি প্রায় দেড় বছর আগের। ২০২৪ সালের ৫ আগস্টের পর পাশ্ববর্তী জেলার সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের হুগলাকান্দি এলাকায় তাকে কয়েকজন ব্যক্তি আটকে রেখে হয়রানি করেন। এ সময় জোরপূর্বক তার হাতে ইয়াবা দিয়ে সেবন করানো হয় এবং সেই ঘটনার ভিডিও ধারণ করা হয়। তবে কারা তাকে আটকে রেখেছিল, সে বিষয়ে তিনি কোনো নাম প্রকাশ করতে রাজি হননি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি নজরে আসার পর ওই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাছাড়া বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে পূবালী ব্যাংক পিএলসির হাট কৃষ্ণপুর উপ-শাখার উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। “লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নগদবিহীন লেনদেনের সুবিধা এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (২৯ জুলাই) সকাল ১০টার দিকে কৃষ্ণপুর বাজারে অবস্থিত পূবালী ব্যাংকের হাট কৃষ্ণপুর উপ-শাখার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকের উপ-শাখা কার্যালয়ে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাট কৃষ্ণপুর উপ-শাখার ব্যবস্থাপক মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির সদরপুর শাখার ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান চৌধুরী আবুল কাইয়ুম হিরু, বিশিষ্ট ব্যবসায়ী কোরমান আলী কুটি, মোকাদ্দেস ফকিরসহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার ধারাবাহিকতায় ক্যাশলেস লেনদেন সময় সাশ্রয়ী, নিরাপদ এবং স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের মোবাইল ও ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক লেনদেনে উৎসাহিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।