খুঁজুন
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ১৬ বৈশাখ, ১৪৩৩

হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে ৬ করণীয়

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৩৫ পূর্বাহ্ণ
হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে ৬ করণীয়

বর্ষার দিনে আবহাওয়া প্রায়ই আমাদের সাথে লুকোচুরি খেলে। সকালে রোদ দেখে বের হলেও হুট করে নামা বৃষ্টিতে ভিজে একাকার হওয়ার ঘটনা অহরহ ঘটে। এভাবে বৃষ্টিতে ভেজার ফলে খুব সহজেই আমাদের শরীর অসুস্থ হয়ে পড়তে পারে।

তাই হঠাৎ বৃষ্টিতে ভিজে গেলে সুস্থ থাকতে যে ছয়টি কাজ করা জরুরি, তা নিচে দেওয়া হলো।

১. দ্রুত চুল ও শরীর শুকিয়ে নিন

বৃষ্টিতে ভেজার পর যদি সাথে সাথে কাপড় বদলানোর সুযোগ না থাকে, তবে দ্রুত মাথা ও চুল মুছে নিন। ভেজা কাপড় যতটা সম্ভব দ্রুত শুকিয়ে নেওয়ার চেষ্টা করুন যাতে শরীরে ঠান্ডা বসে না যায়।

২. বাড়ি ফিরে দ্রুত ভেজা কাপড় ত্যাগ করুন

বাসায় ফেরার সাথে সাথেই শরীরের ভেজা কাপড়, মোজা এবং জুতো খুলে ফেলুন। বেশিক্ষণ ভেজা কাপড় পরে থাকলে সর্দি-কাশি থেকে শুরু করে নিউমোনিয়ার মতো জটিলতা দেখা দিতে পারে [২]। এছাড়া ভেজা কাপড় জীবাণুর বংশবিস্তারেও সহায়তা করে।

৩. কুসুম গরম পানিতে গোসল

বৃষ্টির পানিতে ধুলিকণা এবং নানা ধরণের ব্যাকটেরিয়া থাকে। তাই বাড়ি ফিরে দ্রুত পরিষ্কার পানিতে শরীর ও চুল ধুয়ে নিন। এ সময় কুসুম গরম পানি ব্যবহার করা ভালো, কারণ এটি শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে।

৪. পায়ের বিশেষ যত্ন

বৃষ্টির জমে থাকা ময়লা পানি দিয়ে হাঁটার ফলে পায়ে ফাঙ্গাল ইনফেকশন বা অ্যাথলেটস ফুট হওয়ার ঝুঁকি থাকে। তাই সাবান দিয়ে পা খুব ভালো করে ধুয়ে নিন। সম্ভব হলে স্ক্রাব বা লবণ ব্যবহার করে পা পরিষ্কার করতে পারেন।

৫. পা ভিজিয়ে রাখা ও পাউডার ব্যবহার

শরীরকে শিথিল করতে এবং উষ্ণতা পেতে কিছুক্ষণ কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখতে পারেন। এরপর পা খুব ভালো করে মুছে শুকনো করে নিন এবং আরামদায়ক অনুভূতির জন্য ট্যালকম পাউডার ব্যবহার করতে পারেন।

৬. ভেষজ চা বা উষ্ণ পানীয় পান

বৃষ্টিতে ভেজার পর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং উষ্ণতা ফিরিয়ে আনতে এক কাপ আদা চা বা পুদিনা চা পান করুন। ভেষজ চায়ের অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান আপনাকে বিভিন্ন জীবাণুর হাত থেকে সুরক্ষা দেবে।

সতর্কতা

বৃষ্টির দিনে সুস্থ থাকতে নিয়মিত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দিকে নজর দিন। ঘর থেকে বের হওয়ার সময় ছাতা সাথে রাখুন এবং খুব বেশি বৃষ্টি হলে কোনো নিরাপদ স্থানে অপেক্ষা করুন যাতে দুর্ঘটনা বা অসুস্থতা এড়ানো যায়।

তথ্যসূত্র: এবিপি লাইভ ও রাচাসিমা হাসপাতাল

ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
ফরিদপুর শহরের নিজ বাসা থেকে ইউপি চেয়ারম্যান সোহাগ গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল হাসান খাঁন সোহাগকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সোহাগের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলাসহ একাধিক মামলায় আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। দীর্ঘদিন ধরে তিনি এসব মামলায় পলাতক ছিলেন বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকা থেকে শহীদুল হাসান খাঁন সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।”

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে থানায় এনে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে। তাকে শিগগিরই আদালতে সোপর্দ করা হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৯ অপরাহ্ণ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে বাসের ধাক্কা, চালক গ্রেপ্তার

বনানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে বহনকারী গাড়িতে ট্রাস্ট পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ ঘটনায় বাসচালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকায় চেয়ারম্যানবাড়ি ফুটওভার ব্রিজের নিচে একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির সংঘর্ষ হয়।

এতে তার গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে হেফাজতে নেয়।

এ ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেন। সেটির পরিপ্রেক্ষিতে ট্রাস্ট পরিবহনের ওই বাস চালককে গ্রেপ্তার করে পুলিশ।

সূত্র : বাংলানিউজ২৪

ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৩:২০ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুল ফিডিংয়ে শিক্ষার্থীদের কাঁচা কলা, শিক্ষিকা বরখাস্ত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিল কর্মসূচি ঘিরে অনিয়ম ও নিম্নমানের খাদ্য বিতরণের অভিযোগে উঠেছে ফরিদপুর সদর উপজেলার ৯৩ নম্বর শহীদ সালাহ উদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় গোলাপী বেগম নামের ওই শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন।

তিনি বলেন, বরখাস্ত হওয়া ওই শিক্ষক গত ২৫ এপ্রিল স্কুল ফিডিংয়ের খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে খাওয়ার অনুপযোগী কাঁচা কলা গ্রহণ করেন এবং পরদিন তা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এছাড়া এই বিষয়টি আমাদের কর্তৃপক্ষের নজরে আসে। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ২৮ এপ্রিল থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দীন বলেন, স্কুল ফিটিং এর খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের এমন মানহীন খাবার সরবরাহ বিষয়টি আমরা অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি, তার বিষয়ে অধিদপ্তর থেকে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে ।