খুঁজুন
, ,

রাতে মাথায় তেল মেখে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর, জানুন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
রাতে মাথায় তেল মেখে ঘুমানো ভালো নাকি ক্ষতিকর, জানুন

চুল পড়া কমানো, চুল ঘন করা কিংবা নতুন চুল গজানোর আশায় আমাদের দৈনন্দিন যত্নের তালিকায় তেল একটি অপরিহার্য নাম। বিশেষ করে রাতে ঘুমানোর আগে মাথায় ভালো করে তেল মালিশ করে শুয়ে পড়া— এই অভ্যাসটি যেন আমাদের পারিবারিক ঐতিহ্যেরই অংশ।

ছোটবেলা থেকে মা-খালার মুখে শোনা উপদেশ, ‘রাতে তেল মেখে ঘুমাও, চুল ভালো থাকবে’— এ কথার সঙ্গে আমরা সবাই কমবেশি পরিচিত। কিন্তু বদলে যাওয়া জীবনযাপন, বাড়তে থাকা দূষণ আর ত্বক-চুলের নানান সমস্যার এই সময়ে প্রশ্ন উঠছে, সারা রাত মাথায় তেল মেখে রাখা কি সত্যিই চুলের জন্য উপকারী? নাকি এই অভ্যাসে উপকারের চেয়ে ক্ষতির দিকটাই বেশি?

ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র ও আধুনিক চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, রাতে তেল মাখার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যা না জানলে উপকারের বদলে উল্টো ক্ষতির মুখে পড়তে পারেন।

রাতে তেল মাখা কি সত্যিই উপকারী?

আয়ুর্বেদ শাস্ত্রে মাথাকে শরীরের ‘উত্তমাঙ্গ’ বলা হয়েছে। আয়ুর্বেদ মতে, মাথায় তেল দেওয়া বা ‘মস্তক তৈল’ প্রয়োগের প্রধান উদ্দেশ্য হলো স্নায়ুতন্ত্রকে শান্ত রাখা এবং চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেওয়া। তবে রাতে তেল মেখে ঘুমোনোর বিষয়ে আয়ুর্বেদ ও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মধ্যে কিছুটা ভিন্নমত রয়েছে।

১. আয়ুর্বেদিক দৃষ্টিভঙ্গি

আয়ুর্বেদ অনুযায়ী, তেলের স্বভাব শরীরকে শীতল করে। রাতে তেল মেখে ঘুমালে তা দীর্ঘক্ষণ মাথায় অবস্থান করে, যা কফ দোষ বাড়িয়ে দিতে পারে। ফলে যাদের সাইনাস, সর্দি-কাশি বা কফজনিত সমস্যা আছে, তাদের ক্ষেত্রে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে। তবে হালকা গরম তেল— যেমন ভৃঙ্গরাজ তেল বা তিল তেল মাথায় মালিশ করলে স্নায়ু শান্ত হয় এবং ঘুমের মান উন্নত হতে পারে।

২. আধুনিক চিকিৎসা বিজ্ঞান কী বলছে?

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সারা রাত মাথায় তেল মেখে রাখা ত্বক ও স্ক্যাল্পের জন্য সব সময় নিরাপদ নয়।

ব্রণের সমস্যা : তেলের স্তর সারা রাত কপাল বা গালের ত্বকের সংস্পর্শে থাকলে রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। ফলে কপাল, মুখ কিংবা পিঠে ব্রণ হওয়ার প্রবণতা দেখা দেয়।

ধুলোবালি ও ছত্রাকের ঝুঁকি : তেল মাখা চুলে বালিশের ধুলোবালি সহজেই আটকে যায়। এতে স্ক্যাল্পে ছত্রাক বা ম্যালাসেজিয়া (Malassezia) নামক ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটে, যা খুশকির অন্যতম প্রধান কারণ।

তেল মাখার সঠিক নিয়ম : কখন এবং কতক্ষণ?

চুল ভালো রাখতে সারা রাত তেল মেখে রাখার প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের মতে, সঠিক পদ্ধতিতে তেল ব্যবহার করলেই পাওয়া যায় কাঙ্ক্ষিত ফল।

১. ৩০ মিনিট থেকে ২ ঘণ্টা যথেষ্ট

শ্যাম্পু করার অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা আগে তেল মাখাই যথেষ্ট। এ সময়ের মধ্যেই চুলের কিউটিকল প্রয়োজনীয় পুষ্টি শুষে নেয়। ২ ঘণ্টার বেশি তেল মেখে রাখলে অতিরিক্ত কোনো উপকার মেলে না।

২. হালকা গরম তেল ব্যবহার করুন

তেল সরাসরি গরম না করে একটি পাত্রে নিয়ে গরম পানির ওপর কিছুক্ষণ রেখে হালকা উষ্ণ করে নিন। উষ্ণ তেল স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।

৩. গোড়ায় মালিশ, চুলে নয়

তেলের মূল কাজ চুলের গোড়ায়। তাই তেল দেওয়ার সময় নখ দিয়ে ঘষাঘষি না করে আঙুলের ডগা দিয়ে আলতোভাবে স্ক্যাল্পে মালিশ করুন।

যাদের চুল খুব শুষ্ক, তারা সপ্তাহে একদিন রাতে তেল মেখে পরদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন। তবে যাদের স্ক্যাল্প তৈলাক্ত বা খুশকির সমস্যা রয়েছে, তাদের জন্য রাতে তেল মাখার অভ্যাস পরিহার করাই ভালো।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, চুলের স্বাস্থ্য শুধু তেলের ওপর নির্ভরশীল নয়; সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও সমান গুরুত্বপূর্ণ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

 

ফরিদপুরে গরুর ডাকে ঘুম ভাঙলো মালিকের, ধাওয়ায় গরু ফেলে পালাল চোর

নগরকান্দা প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে গরুর ডাকে ঘুম ভাঙলো মালিকের, ধাওয়ায় গরু ফেলে পালাল চোর

ফরিদপুরের নগরকান্দা উপজেলার একটি গ্রামে গভীর রাতে গরু চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে গরুর ডাকেই। গোহালে ঢুকে শিকল কেটে গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও গরুর অস্বাভাবিক ডাক ও শব্দে মালিকের ঘুম ভেঙে যায়।

পরে পরিবারের সদস্যদের ধাওয়ায় চোর গরু রেখেই পালিয়ে যায়। পুরো ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধারণ হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বুধবার (২২ জুলাই) দিবাগত রাত প্রায় ৪টার দিকে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামের লাভলু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জুলাই) সিসিটিভির ৩ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বড় আকারের লোহার কাটার দিয়ে গোহালের শিকল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর গোহালের দরজার ছিটকিনি খুলতে গিয়ে বিকট শব্দ হয়। এতে গরুগুলো আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করে এবং জোরে ডাকতে থাকে। একপর্যায়ে গরুর ডাক শুনে ঘুম ভেঙে যায় বাড়ির মালিকের। পরিস্থিতি বুঝতে পেরে তিনি ও পরিবারের অন্য সদস্যরা বাইরে বেরিয়ে এসে চিৎকার শুরু করলে চোর গরু ফেলে দ্রুত পালিয়ে যায়।

গরুর মালিক লাভলু হোসেন জানান, বাড়ি ও গোহালজুড়ে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে। রাতের অন্ধকারে চোর তিনটি গরু চুরির উদ্দেশ্যে আসে। প্রথমে একটি সাদা রঙের ছোট বাছুরকে টেনে-হিঁচড়ে গোহাল থেকে বের করে নেওয়ার চেষ্টা করে। কিন্তু বাছুরটির চিৎকার ও অন্য গরুগুলোর ডাকাডাকিতে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে সবাই ‘চোর-চোর’ বলে চিৎকার করলে চোরের দল বাছুরটি রেখেই পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা বেড়েছে। ফলে খামারি ও গৃহস্থদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তাদের দাবি, রাতের টহল জোরদার এবং গরু চুরির সঙ্গে জড়িত চক্রকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অনেকেই গৃহপালিত পশুর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের গুরুত্বের কথাও তুলে ধরছেন। স্থানীয়দের আশা, ভিডিও ফুটেজের সূত্র ধরে জড়িতদের শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সদরপুরে মাদক সেবন ও সাপ্লাইয়ের অপরাধে যুবকের ১৫ দিনের জেল-জরিমানা

শিশির খাঁন
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ৩:২২ অপরাহ্ণ
সদরপুরে মাদক সেবন ও সাপ্লাইয়ের অপরাধে যুবকের ১৫ দিনের জেল-জরিমানা

ফরিদপুরের সদরপুরে অভিযান চালিয়ে নুর ইসলাম (১৮) নামে এক ইয়াবাসেবী ও সাপ্লায়ারকে ৪ পিস ইয়াবা সহ আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জুলাই) রাত অনুমানিক সাড়ে ৮ টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই দণ্ডাদেশ ও জরিমানা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ও জরিমানা কৃত নুর ইসলাম নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রীরামদিয়া গ্রামের
আলামীন মাতুব্বরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে অভিযান চালিয়ে নুর ইসলাম (১৮) নামে এক ইয়াবাসেবী ও ইয়াবা সাপ্লায়ারকে আটক করা হয়।

তল্লাশীকালে তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা মোতাবেক তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ইয়াবা বড়ি জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ সদস্য ।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ফরিদপুরে পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধ ডিএনসির অভিযোগ

এন কে বি নয়ন, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
ফরিদপুরে পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে টাকার বিনিময়ে অবৈধ ডিএনসির অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের এক পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে সরকারি কক্ষে অর্থের বিনিময়ে অবৈধভাবে ডিএনসি (ডাইলেশন অ্যান্ড কিউরেটেজ) করার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ডিএনসির পর এক গৃহবধূর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত পরিবার কল্যাণ পরিদর্শিকার নাম জাহানারা বেগম। তবে তিনি অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, রোগীর কাছ থেকে কোনো টাকা নেননি।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণ কান্দী গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হিরামনি দুই মাসের গর্ভধারণজনিত শারীরিক জটিলতা নিয়ে ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে যান। সেখানে গর্ভপাতের উদ্দেশ্যে ডিএনসি করার জন্য তার পরিবারের কাছ থেকে আড়াই হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ। পরে সরকারি কার্যালয়ের একটি কক্ষেই পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানারা বেগম ডিএনসি করেন।

পরিবারের দাবি, ডিএনসির তিন দিন পর হিরামনির শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পুনরায় জাহানারা বেগমের কাছে গেলে তিনি আবারও ডিএনসি করার কথা বলেন এবং এ জন্য আরও এক হাজার টাকা দাবি করেন। একই সঙ্গে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে হিরামনিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক গত বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

অভিযোগ রয়েছে, সরকারি স্বাস্থ্যসেবায় এ ধরনের সেবার জন্য রোগীর কাছ থেকে অর্থ নেওয়ার বিধান নেই। এছাড়া একজন পরিবার কল্যাণ পরিদর্শিকার ডিএনসি করার আইনগত বা প্রশাসনিক এখতিয়ারও নেই। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী হিরামনি বলেন, “আমি অসুস্থ হওয়ার পর জাহানারা ম্যাডাম টাকা নিয়ে হাসপাতালের কক্ষেই আমার ডিএনসি করেন। পরে আবার অসুস্থ হলে তিনি বলেন, আবার ডিএনসি করতে হবে এবং টাকা নিয়ে প্রাইভেট ক্লিনিকে ভর্তি হতে বলেন।”

তবে অভিযোগ অস্বীকার করে পরিবার কল্যাণ পরিদর্শিকা জাহানারা বেগম বলেন, “আমি হিরামনির কাছ থেকে কোনো টাকা নেইনি। তিনি নিজের ইচ্ছায় অন্যত্র চলে গেছেন।”

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহাগ মিয়া বলেন, “ডিএনসির পর অসুস্থ হয়ে ভর্তি হওয়া রোগী হিরামনির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”

এ বিষয়ে পরিবার পরিকল্পনা বিভাগের মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক মেডিকেল অফিসার ডা. ইব্রাহীম খলিল বলেন, একজন পরিবার কল্যাণ পরিদর্শিকার ডিএনসি করার কোনো সুযোগ বা বিধান নেই। তবে তিনি ক্যামেরার সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।