খুঁজুন
, ,

বসন্ত এলেই মন কেন হারায় নিয়ন্ত্রণ?

মো. লিখন হোসেন
প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ণ
বসন্ত এলেই মন কেন হারায় নিয়ন্ত্রণ?

ফাগুনের নরম হাওয়া যখন গালে ছুঁয়ে যায়, তখন যেন হঠাৎ করেই বদলে যায় চারপাশের আবহ। শুকনো ডালে নতুন কুঁড়ি ফোটে, শহরের ব্যস্ত রাস্তাতেও চোখে পড়ে হলুদের ছোঁয়া- আর মানুষের মনেও শুরু হয় এক অদ্ভুত রঙিন পরিবর্তন। বসন্ত যেন শুধু ঋতু নয়; এটি অনুভূতির দরজা খুলে দেওয়া এক জাদুকরী সময়, যেখানে ভালোবাসা একটু বেশি নরম হয়, আবেগ একটু বেশি গভীর হয়ে ওঠে।

বসন্ত মানেই প্রেম

বছরের অন্য সময়েও প্রেম থাকে, কিন্তু বসন্তে তার রূপ যেন অন্যরকম। ফুলের সুবাস, রোদের উষ্ণতা আর বাতাসের মিষ্টি ছোঁয়া- সব মিলিয়ে মানুষের মনে তৈরি করে এক অচেনা রোমাঞ্চ। অনেকেই বলেন, এই সময়টায় হঠাৎ করেই পুরনো কারও কথা বেশি মনে পড়ে, নতুন কারও হাসি বেশি ভালো লাগে। যেন হৃদয় নিজেই নতুন গল্প লিখতে শুরু করে।

বিশেষ করে তরুণদের মাঝে বসন্তের দিনগুলো হয়ে ওঠে প্রেমের নতুন অধ্যায়ের সূচনা। ক্যাম্পাসের গাছতলায় বসে গল্প, হলুদ শাড়ি আর পাঞ্জাবিতে ছবি তোলা, কিংবা বিকেলের নরম আলোয় হাত ধরাধরি করে হাঁটা- সবকিছুতেই থাকে ভালোবাসার নিঃশব্দ ভাষা।

প্রথম প্রেমের ফাগুন

ফাগুন এলে অনেকেই ফিরে যান নিজের প্রথম প্রেমের স্মৃতিতে। কেউ মনে করেন প্রথম হাত ধরা, কেউ মনে করেন লুকিয়ে লুকিয়ে দেখা সেই হাসি। বসন্ত যেন স্মৃতির অ্যালবাম খুলে দেয়- যেখানে জমে থাকে অপ্রকাশিত ভালোবাসা, অপূর্ণ অনুভূতি আর এক ফোঁটা মিষ্টি কষ্ট।

সাধারণত বছরের অন্য সময় এতটা প্রেম অনুভূতি হয় না। কিন্তু বসন্ত এলেই যেন মনে হয়, কাউকে পাশে চাই- যার সাথে রঙিন দিনগুলো ভাগ করা যায়। এই কথার মধ্যেই যেন লুকিয়ে আছে বসন্তের আসল রহস্য- মানুষ চায় কাছের মানুষ, চায় ভাগাভাগি করা সুখ।

কেন বদলে যায় মন

মনোবিজ্ঞানীরা বলেন, প্রকৃতির পরিবর্তন মানুষের আবেগেও প্রভাব ফেলে। শীতের স্থিরতা কাটিয়ে বসন্তের উষ্ণতা মানুষের মনে এনে দেয় নতুন উদ্যম। সূর্যের আলো বাড়ে, প্রকৃতির রঙ বাড়ে-আর সেই সঙ্গে মানুষের মনেও জন্ম নেয় নতুন আশা, নতুন ভালোবাসা।

তবে শুধু বিজ্ঞান নয়, সংস্কৃতিও বড় কারণ। বসন্ত মানেই উৎসব, মানেই রঙিন পোশাক, মানেই প্রিয়জনের সাথে সময় কাটানো। ফলে এই সময়টায় সম্পর্কগুলো আরও গভীর হয়, নতুন বন্ধুত্ব জন্ম নেয়, পুরনো ভালোবাসা ফিরে পায় নতুন প্রাণ।

শহরের ক্যাফে, পার্ক কিংবা নদীর ধারে বসন্তের দিনে দেখা যায় অগণিত প্রেমিক–প্রেমিকাকে। কেউ গিটার বাজিয়ে গান শোনায়, কেউ ফুল দিয়ে প্রকাশ করে অনুভূতি। আবার গ্রামবাংলায় বসন্ত মানে কাশফুলের মাঠে হাঁটা, বিকেলের হাওয়ায় চুপচাপ পাশে থাকা-যেখানে কথা কম, অনুভূতি বেশি।

ভালোবাসার অদেখা ভাষা

বসন্ত শেখায় ভালোবাসা মানে শুধু বড় বড় কথা নয়; ছোট ছোট মুহূর্তই আসল। প্রিয়জনের জন্য ফুল তুলে আনা, রোদে বসে গল্প করা, কিংবা হঠাৎ করেই ‘তোমাকে ভালো লাগে’ বলে ফেলা- এসব ছোট কাজই হয়ে ওঠে জীবনের বড় স্মৃতি।

ফাগুন এলে মন বদলায়- কারণ প্রকৃতি বদলায়, মানুষ বদলায়, আর অনুভূতিগুলো নতুন করে জন্ম নেয়। বসন্ত আমাদের মনে করিয়ে দেয়, জীবনের রঙগুলো তখনই সুন্দর হয় যখন সেখানে থাকে ভালোবাসা। তাই হয়তো প্রতি বছর ফাগুন ফিরে আসে নতুন প্রেমের গল্প নিয়ে- কারও শুরু, কারও পুনর্মিলন, কারও আবার নিঃশব্দ অপেক্ষা।

বসন্তের এই রঙিন সময়ে প্রেম শুধু অনুভূতি নয়- এটি হয়ে ওঠে জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়, যেখানে প্রতিটি দিন যেন এক নতুন কবিতা, প্রতিটি মুহূর্ত এক নতুন ভালোবাসার গল্প।

বদলে যাচ্ছে সালথার ১৯ প্রাথমিক বিদ্যালয়, অবকাঠামো উন্নয়নে প্রতিমন্ত্রীর উদ্যোগ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
বদলে যাচ্ছে সালথার ১৯ প্রাথমিক বিদ্যালয়, অবকাঠামো উন্নয়নে প্রতিমন্ত্রীর উদ্যোগ

ফরিদপুরের সালথা উপজেলাধীন ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী ও আনুভূমিক সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি ডিও লেটার পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো ওই চিঠিতে সম্প্রসারণযোগ্য বিদ্যালয়গুলোর একটি অগ্রাধিকারভিত্তিক তালিকা সংযুক্ত করা হয়েছে।

ডিও লেটারে উল্লেখ করা হয়েছে, সালথা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত শ্রেণিকক্ষ নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে কয়েকটি বিদ্যালয়ের সম্প্রসারণ জরুরি হয়ে পড়েছে। শিক্ষার্থীদের সংখ্যা, বিদ্যমান অবকাঠামোগত সীমাবদ্ধতা ও সার্বিক প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এই তালিকা তৈরি করা হয়েছে এবং উল্লিখিত বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

তালিকা অনুযায়ী, আনুভূমিক সম্প্রসারণের জন্য মনোনীত ৮টি বিদ্যালয় হলো— কুমারপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঝারদিয়া পঃ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্বরপদিয়া বড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে, ঊর্ধ্বমুখী সম্প্রসারণের তালিকায় থাকা ১১টি বিদ্যালয় হলো— কাউলিকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, যদুনন্দী পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাটপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাতাগ্রাম আনোয়ার হো. ছবু. সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় লক্ষণদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামাইদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাঁদপুর হোগলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ফুকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, “উপজেলার বেশ কিছু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের তুলনায় শ্রেণিকক্ষের সংকট রয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত করতে এই বিদ্যালয়গুলোর অবকাঠামোগত সম্প্রসারণ অত্যন্ত জরুরি ছিল। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের এই উদ্যোগের ফলে বিদ্যালয়গুলোর দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং শিক্ষার মান আরও ত্বরান্বিত হবে বলে আমরা আশা করছি।”

উল্লেখ্য, এ সংক্রান্ত ডিও লেটারের কপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কিংবদন্তী মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের যে ইতিহাস আজো অজানাই রয়ে গেছে?

হারুন আনসারী
প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
কিংবদন্তী মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের যে ইতিহাস আজো অজানাই রয়ে গেছে?

উপমহাদেশের বরেণ্য রাজনীতিবিদ, সমাজ সংস্কারক ও ভাষা আন্দোলনের অন্যতম পথিকৃৎ চৌধুরী ইউসুফ আলী চৌধুরী ওরফে মোহন মিয়ার ঘটনাবহুল জীবনের অনেক অজানা অধ্যায় আজও ইতিহাসের পাতায় পূর্ণাঙ্গভাবে উঠে আসেনি। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা সংগ্রাম, দেশভাগের উত্তাল সময় কিংবা একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রতিটি বাঁকে গণমানুষের স্বার্থে তাঁর সাহসী ভূমিকা ও রাজনৈতিক প্রজ্ঞা তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে।

১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা যখন ছড়িয়ে পড়ে, তার আগে থেকেই ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে পূর্ব পাকিস্তানের নেতাদের টানাপোড়েন ও আলোচনা চলছিল। কে হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী—এই প্রশ্নে শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ এবং জুলফিকার আলী ভুট্টোর পিপলস পার্টির মধ্যে মতৈক্য না হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে এবং অনিবার্য হয়ে ওঠে মুক্তির সংগ্রাম। এমন এক সংকটময় ও নিদারুণ পরিণতির প্রেক্ষাপটে সঠিক পথের দিশা খুঁজতে হলে মোহন মিয়ার বর্ণাঢ্য জীবন ও কর্মকাণ্ড পাঠ করা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি ছিলেন এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি মুসলিম লীগের প্রভাবশালী নেতা হয়েও ব্রিটিশবিরোধী সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছেন।

ভাষা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যখন তৎকালীন শাসকগোষ্ঠী আন্দোলনরত ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে মাতৃভাষার অধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখায়, তখন মোহন মিয়া তাঁর স্বভাবসিদ্ধ সাহসিকতা নিয়ে প্রতিবাদে সোচ্চার হন। নিজের সম্পাদিত পত্রিকার পাতায় তিনি শিরোনাম করেন—‘রাতের আঁধারে এতো লাশ কোথায় যায়’। মাতৃভাষা ও জনগণের পক্ষে এমন নির্ভীক সত্য উচ্চারণের কারণে তাঁকে তখন ক্ষমতাসীন মুসলিম লীগের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার করা হয়েছিল। তবে অসাধারণ মেধা ও রাজনৈতিক দূরদর্শিতার অধিকারী মোহন মিয়াকে গণমানুষের রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা সৃষ্টিকর্তা ব্যতীত কারও পক্ষে সম্ভব হয়নি।

১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ববঙ্গের সাধারণ মানুষ এক নতুন ও অনিশ্চিত বাস্তবতার মুখোমুখি হয়। কলকাতা থেকে অনেক মুসলমান যেমন ভিটেমাটি গুটিয়ে ঢাকা ও পূর্ববঙ্গে ফিরে আসেন, তেমনি এখানকার বহু সম্ভ্রান্ত হিন্দু জমিদার ও ভূস্বামী পশ্চিমবঙ্গে নতুন ঠিকানা গড়েন। দেশভাগের মতো বড় বাস্তবতা শুধু দৈনন্দিন জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্যেই প্রভাব ফেলেনি, বরং সাম্প্রদায়িক দাঙ্গার মতো মর্মান্তিক স্মৃতি মানুষের মনে গভীর ক্ষত তৈরি করে। পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের নজির থাকা সত্ত্বেও ধর্মীয় বিভাজনের কারণে একসময় মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। ঠিক সেই প্রেক্ষাপটে মোহন মিয়া এ অঞ্চলে অসাম্প্রদায়িক ও মানবিক রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

রাজনৈতিক সংস্কৃতি ও মানুষের অধিকার রক্ষায় জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে গেছেন এই নেতা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়। যুদ্ধের বিভীষিকার মধ্যে যখন মানুষ একটু স্বস্তি ও পরিত্রাণ খুঁজছিল, তখন জননেতা ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়া শেষদিন পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা চালিয়ে যান। যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসে তাঁর সেই ভূমিকার অনেক দিক আজও পরিষ্কারভাবে সামনে আসেনি।

একাত্তরের যুদ্ধ পরিস্থিতিতে যখন দেশের মানুষ নানাভাবে বিপদগ্রস্ত এবং শেখ মুজিবুর রহমান পাকিস্তানে বন্দি, তখন সার্বিক পরিস্থিতি নিয়ে পশ্চিম পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনা করতে করাচিতে যান মোহন মিয়া। দেশভাগের পর থেকেই ভাষা আন্দোলনসহ নানা ইস্যুতে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর কড়া সমালোচনা করে বারবার বিরূপ পরিস্থিতির শিকার হয়েছিলেন তিনি। তবুও সংকট নিরসনের কোনো পথ বের করা যায় কি না, সেই প্রচেষ্টা নিয়েই তিনি করাচিতে পৌঁছান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, করাচিতে এক বন্ধুর বাড়িতে অতিথি হিসেবে ওঠেন মোহন মিয়া। রাতের খাবার খেয়ে সুস্থভাবেই তিনি ঘুমাতে যান। কিন্তু সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। আপাতদৃষ্টে তাঁর মৃত্যু সম্পর্কে এটুকুই জানা যায়।

তবে এমন একজন বিশাল হৃদয়ের ও প্রভাবশালী নেতার আকস্মিক বিদায় লাখো-কোটি মানুষের মনে আজও গভীর কৌতূহল জাগায়। তাঁর জীবনের শেষ রাতের খাবার, সেই সময়ের আদ্যোপান্ত এবং শেষ সকালে ঠিক কী ঘটেছিল—এসব বিষয়ের পূর্ণাঙ্গ বিবরণ আজও অজানাই রয়ে গেছে।

শেরেবাংলা এ কে ফজলুল হক মোহন মিয়ার মেধা ও রাজনৈতিক প্রজ্ঞা দেখে তাঁকে ‘জিনিয়াস’ আখ্যা দিয়েছিলেন। বাংলাদেশের অভ্যুদয়ের পটভূমি নির্মাণে ভাষা আন্দোলনের ভূমিকা অপরিসীম, আর সেই আন্দোলনে মোহন মিয়ার অবদান তাঁকে নতুনভাবে জানার ও বোঝার বড় ক্ষেত্র তৈরি করেছে। এই বর্ষীয়ান নেতার ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের উত্তরসূরি ও সংসদ সদস্য চৌধুরী নায়াব ইবনে ইউসুফের লেখার মধ্য দিয়ে তাঁর জীবনের সেই ঐতিহাসিক ও অজানা অধ্যায়গুলো আরও গভীরভাবে জানার সুযোগ তৈরি হয়েছে।

ফরিদপুরে সবচেয়ে বেশি কৃষক সুবিধা পাচ্ছেন সালথায়, ব্যাংক হিসাবে যাচ্ছে ৯৮ লাখ টাকা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
ফরিদপুরে সবচেয়ে বেশি কৃষক সুবিধা পাচ্ছেন সালথায়, ব্যাংক হিসাবে যাচ্ছে ৯৮ লাখ টাকা

আগামী ২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুরের সালথা উপজেলার প্রায় চার হাজার কৃষকের ব্যাংক হিসাবে সরাসরি কৃষক কার্ডের ইনসেনটিভের অর্থ পৌঁছে যাবে। উপজেলার গট্টি ইউনিয়নের দুটি ব্লকের মোট ৩ হাজার ৯২৫ জন কৃষক জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে এই সহায়তা পাবেন। এতে সর্বমোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা কৃষকদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত দুটি ব্লকের মধ্যে গট্টি ব্লকের ২ হাজার ৯০ জন এবং সিংহপ্রতাপ ব্লকের ১ হাজার ৮৩৫ জন কৃষক এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী কর্মসূচির উদ্বোধন করার সাথে সাথেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই অর্থ সুবিধাভোগী কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে জমা হয়ে যাবে। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য বা বাড়তি ভোগান্তি ছাড়াই কৃষকেরা সরাসরি হাতের নাগালে সরকারি এই প্রণোদনা পাবেন।

জেলা প্রশাসন ও কৃষি সংশ্লিষ্ট সূত্র বলছে, ফরিদপুর জেলার অন্যান্য উপজেলার তুলনায় সালথা উপজেলাতেই সবচেয়ে বেশি সংখ্যক কৃষক এই সুবিধার আওতায় আসছেন। কৃষি উৎপাদন বাড়ানো এবং প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, সরকারের এই জনবান্ধব উদ্যোগের আওতায় সালথার কৃষকেরা যেন নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে প্রণোদনার অর্থ পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর উদ্বোধনের পরপরই তালিকাভুক্ত ৩ হাজার ৯২৫ জন কৃষকের ব্যাংক হিসাবে জন প্রতি ২ হাজার ৫০০ টাকা করে মোট ৯৮ লাখ ১২ হাজার ৫০০ টাকা চলে যাবে।

ইউএনও আরও জানান, জেলার মধ্যে সালথায় সর্বাধিক সংখ্যক কৃষক এই সুবিধা পাওয়ায় এখানকার কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। কৃষকেরা এই অর্থ বীজ, সারসহ কৃষি উপকরণ সংগ্রহে কাজে লাগিয়ে ফসল উৎপাদনে আরও বেশি মনোযোগী হতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।