খুঁজুন
, ,

ফরিদপুরের মধুখালীতে গুঁড়িয়ে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৮:০১ পূর্বাহ্ণ
ফরিদপুরের মধুখালীতে গুঁড়িয়ে দেওয়া হলো দুই শতাধিক অবৈধ স্থাপনা

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর অংশের মধুখালীতে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং সরকারি খাস জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদে বড় ধরনের অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওহাব শেখের নির্মিত ‘মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মার্কেট’সহ প্রায় দুই শতাধিক অবৈধ দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশের সওজ-এর জায়গা ও সরকারি খাস জমি দখল করে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে দোকানপাট ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে আসছিল। এতে সড়ক সরু হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত এবং তীব্র যানজটের সৃষ্টি হতো। জনস্বার্থ বিবেচনায় ও সড়ক নিরাপদ রাখতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান চলাকালে মধুখালী রেলগেট বাজার, পৌরসভা বাজার, মরিচ বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের অংশ থেকে শুরু করে মহাসড়কের দু’পাশের সকল অবৈধ পাকা-আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় শত শত সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, মহাসড়কের দু’পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা তৈরির কারণে দুর্ঘটনা ও যানজট নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল। জনস্বার্থ রক্ষা এবং মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জমি দখলমুক্ত রাখতে এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে।

​অভিযান চলাকালীন সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান সরেজমিনে সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এছাড়া সড়ক ও জনপথ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত থেকে উদ্ধার কাজে সহায়তা প্রদান করেন।

​দীর্ঘদিন পর সরকারি জমি উদ্ধারে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। উচ্ছেদ অভিযানকে ইতিবাচক হিসেবে দেখে স্থানীয় ব্যবসায়ী নেতা সুজন মিয়া বলেন, “এটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। স্বাধীনতার পর মধুখালীতে এত বড় আকারের সওজ ও খাস জমি উদ্ধারের ঘটনা এবারই প্রথম। এতে সাধারণ মানুষের যাতায়াত সহজ হবে এবং যানজট কমবে। আমরা উপজেলা প্রশাসন ও সওজকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।”

ফরিদপুর মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে’ পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৫:০২ অপরাহ্ণ
ফরিদপুর মেডিকেল কলেজে ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে’ পালিত

ফরিদপুর মেডিকেল কলেজে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক ইন্টারনাল মেডিসিন ডে-২০২৬’ পালিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন-এর ফরিদপুর জেলা শাখা ও কলেজের মেডিসিন বিভাগের যৌথ উদ্যোগে কলেজ প্রাঙ্গণ ও কনফারেন্স রুমে এসব কর্মসূচি পালন করা হয়।

​দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিকিৎসাসেবার সার্বিক মানোন্নয়ন, জটিল রোগ নির্ণয় এবং আধুনিক রোগী-কেন্দ্রিক চিকিৎসাব্যবস্থায় ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন বক্তারা।

​তারা বলেন, সঠিক রোগ নির্ণয়, জটিল রোগের সমন্বিত চিকিৎসা ও রোগীর সার্বিক সুস্থতা নিশ্চিত করতে ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন চিকিৎসকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি চিকিৎসাসেবার মানোন্নয়ন, গবেষণা এবং রোগী-কেন্দ্রিক চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে বিশেষ সহায় ভূমিকা পালন করে।

​অনুষ্ঠানে ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আসিফ উল আলম, উপাধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান ডা. খান মোহাম্মদ আরিফ, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মানস কৃষ্ণ কুন্ডু, সহকারী পরিচালক ডা. ওমর ফয়সাল এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. শাহিনুজ্জামানসহ কলেজ ও হাসপাতালের শিক্ষক এবং চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৫২ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় বিশ্ব হাত ধোয়া ও নিরাপদ সড়ক দিবস পালিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়ার কৌশল প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

​‘Be a Hand Washing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস এবং ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়।

​সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে হাত ধোয়ার সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং একটি সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, সংক্রামক রোগের ঝুঁকি হ্রাস এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর বিশেষ জোর দেওয়া হয়।

​মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান।

​এ সময় আরও বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমীন, উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম এবং ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সারোয়ার হোসেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

​বক্তারা বলেন, সুস্বাস্থ্যের জন্য নিয়মিত সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার কোনো বিকল্প নেই। এর মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা, চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ এবং চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের তাগিদ দেন তাঁরা।

​জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং সড়ক দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ দেশ গড়ে তোলা সম্ভব—এ কথা উল্লেখ করে বক্তারা নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

ফরিদপুর শহরের পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে স্বপন কুমার (৩৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে।

​বুধবার (২৮ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত স্বপন কুমার ফরিদপুর শহরের পূর্ব কাপুরা এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে ফরিদপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন পূর্ব কাপুরা রেলক্রসিং এলাকা অতিক্রম করার সময় স্বপন কুমার অসাবধানতাবশত ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন বলে জানা গেছে।

​খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে।

​ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার ও রেলওয়ে পুলিশের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।