ফরিদপুরে দোকানঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় একটি পুরাতন দোকানঘরের দেয়াল ভাঙার সময় চাপা পড়ে শাহিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু জাফর (৬৫) নামে এক ব্যক্তির পুরাতন দোকানঘরের সাইড ওয়াল ভাঙার কাজ করছিলেন শাহিন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত দেয়ালটি হঠাৎ করে তার ওপর ভেঙে পড়ে। এতে শাহিনের বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

আপনার মতামত লিখুন
Array