ফরিদপুরের পদ্মার বিস্তীর্ণ চরে শুভ্রতার চাদর, শরতের কাশবনে প্রকৃতিপ্রেমীদের ঢল
“শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে, কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে”—কবি নির্মলেন্দু গুণের পঙ্ক্তির মতোই শরতের স্নিগ্ধ শুভ্রতায় রূপসী রূপ ধারণ করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চল। চারদিকে এখন হাজার হাজার কাশফুলের শুভ্র সমারোহ।
পদ্মার মৃদু বাতাসে দুলতে থাকা কাশফুলের সারি যেন দিগন্তজোড়া এক সাদা সমুদ্রের ঢেউ। দূর থেকে দেখলে মনে হয়, পলিমাটির বিশাল বুকে প্রকৃতি আপন হাতে বিছিয়ে দিয়েছে ধবধবে শুভ্র চাদর। মাথার ওপর নীল আকাশ, তুলোর মতো ভেসে যাওয়া সাদা মেঘ আর নিচে থোকা থোকা কাশফুলের এই মিতালি পদ্মার চরে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্যের ক্যানভাস।
ঋতুচক্রের আবর্তনে শরৎ এলেই বদলে যায় রূপসী বাংলার প্রকৃতি। নীল আকাশের ক্যানভাসে শুভ্র মেঘের ভেলা আর মেঠোপথের ধারে ধানের পাতার ওপর শিশিরের আলতো ছোঁয়া জানান দেয় প্রকৃতির পরিবর্তনের সুর। তবে শরতের সেই চিরচেনা রূপ এবার যেন পূর্ণতা পেয়েছে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের পদ্মার বুকে জেগে ওঠা বিশাল চরে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, সদরপুর উপজেলার ২ নং আকোটেরচর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন পদ্মার বিশাল চরাঞ্চলজুড়ে বিস্তৃত রয়েছে সুবিশাল এক কাশবন। যতদূর চোখ যায়—শুধু সাদা কাশের দোলাচলা। বাতাসের আলতো স্পর্শে যখন হাজার হাজার কাশফুল একসাথে দুলতে থাকে, তখন পুরো প্রান্তরজুড়ে যেন সৃষ্টি হয় ক্ষণে ক্ষণে রুপালি ঢেউ। কাশবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার পথ তৈরি হয়েছে স্বাভাবিক নিয়মেই। কোথাও কাশফুল কোমরসমান উঁচু, আবার কোথাও তা মানুষকেও ছাড়িয়ে গেছে। মাথার ওপর নীল আকাশের সঙ্গে কচি কাশের এই অপূর্ব মেলবন্ধন যেকোনো পথিকের মনকে এক নিমেষে ব্যাকুল করে তোলে।
স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সদরপুরের বিভিন্ন এলাকা জুড়ে শরতের আগমনী বার্তা নিয়ে ফুটে উঠত এমন অজস্র কাশফুল। নদীর পার, ফসলের আইল, খালের ধার কিংবা পড়ে থাকা পতিত জমিতে শরতের হাওয়ায় মেতে উঠত শুভ্র কাশবন। তবে সময়ের বিবর্তনে বাড়ন্ত জনসংখ্যা, নগরায়ণ, ফসলের নিবিড় চাষাবাদ আর বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এলাকা থেকে ধীরে ধীরে বিলুপ্তির পথে বসেছে এই রূপসী কাশবন। ফলে ঐতিহ্য হারিয়ে যাওয়া এই সময়ে আকোট বাজারের পদ্মার চরে প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা বিশাল এই কাশবন এখন প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের কাছে এক পরম বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।
প্রকৃতির এই রূপময় আয়োজনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমুখে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শুভ্রতার এই মেলায়। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে একটুখানি শান্তির খোঁজে কেউ আসছেন পরিবার-পরিজন নিয়ে, কেউবা সহপাঠী ও বন্ধুদের সঙ্গে। তরুণ-তরুণীদের আড্ডা, শুভ্র কাশের মাঝে দাঁড়িয়ে ছবি তোলা, টিকটক ও রিলস ভিডিও তৈরির হাসিমুখের ভিড়ে মূখরিত পুরো চর। রূপসী কাশের স্পর্শ নিয়ে অনেকেই স্মৃতির অ্যালবামে ধরে রাখছেন শরতের এই স্নিগ্ধতা।
বিশেষ করে, গোধূলিলগ্নে পদ্মার চরের কাশবন ধারণ করে এক মায়াবী রূপ। পশ্চিমাকাশে দিনমণি যখন হেলে পড়ে, গোধূলির নরম আলো যখন আছড়ে পড়ে কাশফুলের গায়ে, তখন যেন সোনালি আর শুভ্রতার এক অন্যরকম আভা ছড়িয়ে পড়ে পুরো প্রান্তরে। একদিকে পদ্মার শান্ত জলরাশির হাওয়ায় কাশের নুয়ে পড়া, অন্যদিকে সূর্যাস্তের রক্তিম আলো—সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তিময় পরিবেশ গড়ে ওঠে এখানে।
ঘুরতে আসা এক দর্শনার্থী আবেগপ্লুত হয়ে জানান, ইট-কাঠের যান্ত্রিক ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে তিনি পরিবার নিয়ে পদ্মার চরে এসেছেন। তাঁর মতে, শহরের ইট-পাথরের দেয়াল ঘেরা জীবনে আমাদের শিশুরা প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের পাশাপাশি বড়দের মানসিক প্রশান্তি ও প্রকৃতির শুভ্রতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন মনোরম চরাঞ্চলের জুড়ি নেই।
আরেক দর্শনার্থী বলেন, আধুনিকতার আগ্রাসনে আর নদীভাঙনে চরাঞ্চল ও নদীপাড়ের প্রকৃতি আগের মতো নেই। একসময় যেখানে মাইলের পর মাইল শুভ্রতা ছড়িয়ে থাকত, এখন সেখানে হঠাৎ দু-একটি কচি কাশের গোছা চোখে পড়ে। সদরপুরের পদ্মার চরের এই কাশবনটি কেবল একটি পর্যটন কেন্দ্র বা সৌন্দর্যের জায়গা নয়, এটি আমাদের দেশীয় প্রকৃতির এক অমূল্য ঐতিহ্য। একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।
স্থানীয় পরিবেশকর্মী ও প্রকৃতিপ্রেমীরা মনে করেন, পদ্মার চরের এই কাশবনটিকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। মানুষ যেন সচেতনভাবে কাশফুল না ছিঁড়ে কিংবা গাছ না ভেঙে এর স্বাভাবিক বিকাশ বজায় রাখতে সহায়তা করে, সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। নদীর চরের এই প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করা গেলে প্রতি বছরই শরৎ মৌসুমে এটি সদরপুরের সবচেয়ে বড় প্রাকৃতিক আকর্ষণ ও ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।
শরতের শুভ্রতা নিয়ে জেগে থাকা পদ্মার এই বিস্তৃত কাশবন কেবল একটি প্রজন্মের বিনোদনের কেন্দ্র না হয়ে উঠুক, নদীপাড়ের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করে এটি বেঁচে থাকুক যুগের পর যুগ। ভবিষ্যৎ প্রজন্মও যেন এভাবেই শরতের নীল আকাশের নিচে পদ্মার চরে এসে দিগন্তজোড়া কাশফুলের নাচন ও প্রশান্তি উপভোগ করতে পারে—এমনটাই প্রত্যাশা চর দেখতে আসা সকল প্রকৃতিপ্রেমীর।

আপনার মতামত লিখুন
Array