সালথায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ আ.লীগ নেতা সিরাজ মোল্যা গ্রেপ্তার
ফরিদপুরের সালথা উপজেলায় বিস্ফোরক আইনের একটি মামলায় জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. সিরাজ মোল্যা (৫২)। তিনি উপজেলার সোনাপুর ইউনিয়নের মিনাজদিয়া গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত সোনাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
রবিবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সালথা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে মিনাজদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সিরাজ মোল্যা ওই এলাকার মৃত আবুল হাসেম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি দায়ের হওয়া একটি বিস্ফোরক মামলার তদন্তের অংশ হিসেবে সিরাজ মোল্যার বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তার অবস্থান শনাক্ত করতে গোপন তৎপরতা চালায় পুলিশ। পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে মিনাজদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ আরও জানায়, এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান জোরদার করা হয়েছে। বিস্ফোরক মামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় জড়িত থাকার অভিযোগে সিরাজ মোল্যাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মিনাজদিয়া এলাকা থেকে আটক করা হয়।”

আপনার মতামত লিখুন
Array