খুঁজুন
, ,

ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৮:৫৯ অপরাহ্ণ
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

ফরিদপুরের সালথায় মানবপাচারকারী চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বাহিরদিয়া বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বাহিরদিয়া গ্রামের বাদশা মোল্লার ছেলে এনামুল মোল্লা (২৫) ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে স্থানীয় প্রায় ২০ থেকে ২৫ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেন। কিন্তু চুক্তি অনুযায়ী কাউকেই ইতালিতে পাঠাতে পারেননি বলে অভিযোগ করেন তারা।

বক্তাদের দাবি, অভিযুক্ত চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন ধাপে অর্থ আদায় করে প্রথমে লিবিয়ায় নিয়ে যায়। সেখানে তাদের একটি আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের কাছে জিম্মি করে মুক্তিপণের নামে আরও অর্থ আদায় করা হয়। এ সময় ভুক্তভোগীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। স্বজনদের অভিযোগ, এখনও কয়েকজনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, স্থানীয় ইউপি সদস্য মনজুরুল মোল্লা এই চক্রের অন্যতম দালাল হিসেবে কাজ করেছেন। তিনি বিভিন্ন প্রলোভন দেখিয়ে সহজ-সরল মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করেন। এছাড়া চক্রটি প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুললে ভুক্তভোগী ও তাদের পরিবারকে নানা ধরনের ভয়ভীতি ও হয়রানির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা।

ভুক্তভোগী হুসাইন সর্দার বলেন, এনামুল ইতালিতে নেওয়ার কথা বলে আমাকে লিবিয়ায় একটি অজানা ঘরে আটকে রাখে। পরে আরও টাকার দাবিতে আমার ওপর নির্যাতন চালানো হয়। আমি কান্নাকাটি করে বাড়িতে ফোন দিলে পরিবার অতিরিক্ত টাকা পাঠায়। এরপর দেশে ফিরে আসতে সক্ষম হই। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

আরেক ভুক্তভোগী ওসমান মোল্লা বলেন, আমাকে ইতালিতে নেওয়ার কথা বলে ১৬ লাখ টাকা নেওয়া হয়। পরে লিবিয়ায় একটি ঘরে আটকে রেখে আরও ২৫ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করে সাগরে ফেলে দেওয়ার হুমকি দেওয়া হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত টাকা দিয়ে দেশে ফিরতে হয়েছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত এবং মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অভিযুক্ত মঞ্জুরুল মোল্যা অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে আনা সব অভিযোগই সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। গ্রাম্য দলাদলির জের ধরে একটি পক্ষ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভুক্তভোগীদের সঙ্গে আমাদের কেবল লিবিয়ায় পাঠানোর বিষয়ে কথা হয়েছিল। বর্তমানে তারা লিবিয়ায় চাকরি করছেন। তবে আমার ছোট ভাই এনামুলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এটা তার ব্যক্তিগত বিষয়। তার সাথে কার কার কি কথা হয়েছে জানিনা।

অভিযুক্ত এনামুল মোল্যা বর্তমানে লিবিয়ায় অবস্থান করার তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আল ফাহাদ বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আমরা খতিয়ে দেখছি, ভুক্তভোগীরা অভিযোগ দিলে এটিকে গুরুত্বসহকারে দেখা হবে। সেই সাথে পুলিশের পক্ষ থেকে এই অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা চালানো হবে যাতে করে এই পন্থায় কেউ বিদেশে না যায়।

বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৫:০৮ পূর্বাহ্ণ
বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়া স্পেন কত টাকা পাচ্ছে, আর্জেন্টিনা কত?

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে মর্যাদাপূর্ণ শিরোপার পাশাপাশি বিশাল অঙ্কের অর্থ ঘরে তুলছে স্পেন। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, চ্যাম্পিয়ন হিসেবে স্পেন পাবে প্রায় ৪৮১ কোটি টাকা।

ফাইনালে রানার্সআপ হওয়া আর্জেন্টিনার প্রাপ্তি প্রায় ৩১৭ কোটি টাকা। অর্থাৎ চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা।

এবারের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। ৪৮ দলের এই আসরে অংশ নেওয়া প্রতিটি দেশই আর্থিক পুরস্কার পেয়েছে। তৃতীয় হওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।

ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সরাসরি সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। এরপর ফেডারেশন নিজেদের নীতিমালা অনুযায়ী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে। অবশিষ্ট অর্থ দেশের ফুটবল উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।

আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ও কাঁদিয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৪:৪৫ পূর্বাহ্ণ
আর্জেন্টিনার স্বপ্ন ভেঙে ও কাঁদিয়ে বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন স্পেন

আর্জেন্টিনাকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ জিতল স্পেন। এই জয়ে সব মিলিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এর আগে ২০১০ সালে বিশ্বকাপ জিতেছিল স্পেন।

টুর্নামেন্টে ফেভারিট হিসেবে খেলতে আসা স্পেন টানা ৩৭টি ম্যাচে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। লুইস দে লা ফুয়েন্তের অধীনে ইউরো চ্যাম্পিয়নরা এতটাই গোছানো ফুটবল খেলেছে যে প্রতিপক্ষকে মাঠে কোণঠাসা করে ফেলে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রবিবার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় মুখোমুখি হয় দুই দল।

ম্যাচের শুরু থেকেই স্পেনের স্পষ্ট আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বলের দখলে শুরু থেকেই আর্জেন্টাইন রক্ষণভাগকে চাপের মুখে রাখে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামাল গোলের সহজ সুযোগ নষ্ট করে। এরপর ১২তম মিনিটে স্পেন প্রথম কর্নার পেলেও লিসান্দ্রো মার্তিনেজের সতর্কতায় আর্জেন্টিনা বিপদমুক্ত থাকে।

খেলার প্রথম ৪৫ মিনিটে বলের দখলে আধিপত্য বিস্তার করে স্প্যানিশরা আর্জেন্টিনাকে কোণঠাসা করে রাখলেও, গোলমুখের তালা খুলতে ব্যর্থ হয়েছে তারা। স্পেনের নিখুঁত ট্যাকটিক্যাল ফুটবলের সামনে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো খুঁজে পেতে কষ্ট হয়েছে। বিপরীতে, আর্জেন্টিনাকে পুরো প্রথমার্ধে রক্ষণভাগ সামলাতেই ব্যস্ত থাকতে দেখা গেছে।

গোল আদায়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একের পর এক আক্রমণ চালিয়ে গেছে স্পেন। তবে আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু আক্রমণ প্রতিহত করেন। ফলে নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য সমতায় থাকায় অতিরিক্ত ৩০ মিনিটে গড়ায় ম্যাচ।

ফরিদপুরে জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচে সাদা দলের জয়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
ফরিদপুরে জেলা পুলিশের প্রীতি ফুটবল ম্যাচে সাদা দলের জয়

ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।

রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ফরিদপুর পুলিশ লাইনস মাঠে অনুষ্ঠিত এ প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

প্রতিযোগিতায় সাদা দল ও নীল দল মুখোমুখি হয়। শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে নীল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাদা দল। খেলা শেষে পুলিশ সুপার চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, একজন পুলিশ সদস্যের পেশাগত দায়িত্ব পালনে শারীরিক সুস্থতা ও মানসিক দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখার পাশাপাশি মানসিক চাপ ও অবসাদ দূর করতে কার্যকর ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, মাঠের খেলাধুলা পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দলগত চেতনা ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে। এসব গুণ একটি দক্ষ, মানবিক ও আদর্শ পুলিশ বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা মানুষের আত্মবিশ্বাস বাড়ায়, সাহসিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করে এবং বাস্তব কর্মজীবনে কঠোর পরিশ্রম ও চ্যালেঞ্জ মোকাবিলার মানসিকতা তৈরি করে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ বিনোদন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও দলগত মনোভাব আরও শক্তিশালী করতে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।