খুঁজুন
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮ বৈশাখ, ১৪৩৩

এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ণ
এসএসসি-সমমানের পরীক্ষায় বসছে ১৮ লাখ পরীক্ষার্থী

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)।

৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

প্রথম দিন সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষা দিতে আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি আশা করেন, পরীক্ষার্থীরা হাসিমুখে কেন্দ্রে আসবে এবং হাসিমুখেই ফিরবে।

এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পরীক্ষা-সংক্রান্ত পরিসংখ্যান তুলে ধরেন।

প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে, যার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন।

এছাড়া অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে রাজশাহীতে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লায় ১ লাখ ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোরে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রামে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশালে ৮১ হাজার ৮৩১ জন, সিলেটে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুরে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন এবং ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ, আবেদন শেষ ২৪ মে

ক্যারিয়ার ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১১০ পদে নিয়োগ, আবেদন শেষ ২৪ মে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি) প্রকল্পে ১৩ থেকে ২০ গ্রেডের মোট ১১০টি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আগামী ২৪ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

 

পদের বিবরণ:

১. পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: দুটি ২য় বিভাগসহ বি.কম পাস অথবা সমমানের জিপিএ। কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদি প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে।

বেতন স্কেল: (গ্রেড-১৩) ১১,০০০-২৬,৫৯০ টাকা 

২. পদের নাম: মাঠ সংগঠক
পদ সংখ্যা: ৮৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: (গ্রেড-১৪) ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: নিম্নমান সহকারী কাম-মুদ্রাক্ষরিক (এলডিএ)/কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিসটেন্ট (সিসিএ)
পদ সংখ্যা: ০৭
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি পাস।

কম্পিউটারে এমএস ওয়ার্ড, এক্সেল ইত্যাদিতে দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলায় যথাক্রমে ৪০ ও ৩০ শব্দ টাইপের গতি থাকতে হবে এবং এসএসসি পাস হতে হবে।
বেতন স্কেল: (গ্রেড-১৬) ৯,৩০০-২২,৪৯০ টাকা 

৪. পদের নাম: গাড়িচালক
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: (গ্রেড-১৫) ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৫. পদের নাম: অফিস সহায়ক/ক্যাশ গার্ড/নাইট গার্ড
পদ সংখ্যা: ১০
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
৬. পদের নাম: ক্লিনার
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি পাস।
কর্মস্থল: ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর।

বয়সসীমা: ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ১৮–৩২ বছর।

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের ডাক/কুরিয়ারযোগে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে নিজ ঠিকানাসহ ১০ টাকার ডাকটিকিটযুক্ত ফেরত খাম সংযুক্ত করতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে লিখতে হবে। একটি খামে একাধিক আবেদনপত্র পাঠালে তা বাতিল বলে গণ্য হবে।

আবেদনের ঠিকানা:
নির্বাহী পরিচালক, উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি (পিইপি), বিআরডিবি, এলজিইডি ভবন (৩য় তলা), জেলা পরিষদ চত্বর, কমলাপুর, ফরিদপুর।

আবেদন ফি:
১-৪ নং পদের জন্য ১০০ টাকা এবং ৫ ও ৬ নং পদের জন্য ৫০ টাকা। এমআইসিআর পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে ফি প্রদান করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ মে ২০২৬

শর্তাবলি:
পদগুলো সম্পূর্ণ অস্থায়ী এবং শুধুমাত্র সংশ্লিষ্ট কর্মসূচির জন্য প্রযোজ্য। এগুলো বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়। নিয়োগপ্রাপ্তদের বেতন-ভাতা কর্মসূচির নিজস্ব আয় থেকে প্রদান করা হবে এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের ওপর অন্যান্য সুবিধা নির্ভর করবে। মাঠ সংগঠক পদে নির্বাচিতদের ইউনিয়ন পর্যায়ে অবস্থান করে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করতে হবে।

প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ওয়েবসাইটে

‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির ঘরে এলো দ্বিতীয় সন্তান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:১৮ পূর্বাহ্ণ
‘জওয়ান’ নির্মাতা অ্যাটলির ঘরে এলো দ্বিতীয় সন্তান

আবারও বাবা হলেন শাহরুখ খান অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’র পরিচালক অ্যাটলি কুমার।

সুখবরটি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

অ্যাটলি এক পোস্টে লিখেছেন, আমার ছেলে এখন বড় দাদা হয়েছে। নিজেকে সত্যিই ভাগ্যবান মনে হচ্ছে।

আমি ও প্রিয়া কন্যাসন্তানের বাবা-মা হলাম।
এর আগেই চলতি বছরে পরিচালক জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী প্রিয়া দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন।

দক্ষিণ ভারতীয় সিনেমায় একের পর এক সফল ছবি উপহার দেওয়া অ্যাটলি বলিউডে অভিষেক করেন শাহরুখ খানকে নিয়ে নির্মিত ‘জওয়ান’ সিনেমার মাধ্যমে। মুক্তির পর ছবিটি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে এবং বিশ্বজুড়ে দারুণ ব্যবসা করে।

বর্তমানে অ্যাটলি ব্যস্ত রয়েছেন নতুন ছবি ‘রাকা’ নিয়ে। এতে অভিনয় করছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

জানা গেছে, সদ্য বাবা হওয়ার আনন্দের মধ্যেই দ্রুত শুটিং সেটে ফিরছেন অ্যাটলি। অন্যদিকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির শুটিংয়ে অংশ নিচ্ছেন দীপিকা।

সাতসকালে দেশে ভূমিকম্প অনুভূত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
সাতসকালে দেশে ভূমিকম্প অনুভূত

ভারত-মিয়ানমার সীমান্তে আঘাত হেনেছে মাঝারি মাত্রার ভূমিকম্প। এতে রাজধানী ঢাকায় অনুভূত হয়েছে মৃদু কম্পন।

বাংলাদেশ সময় মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৬টা ২৯ মিনিটে এ ভূমিকম্প রেকর্ড করা হয়।

আর্থকোয়াক ট্র্যাক-এর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৬টা ২৯ মিনিটে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাগাইং অঞ্চলের হোমালিন এলাকায়, যা ভারতের মণিপুর সীমান্তের কাছাকাছি।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৬ কিলোমিটার গভীরে। অধিক গভীরতার কারণে ভূপৃষ্ঠে এর তীব্রতা কিছুটা কম ছিল, ফলে মাঝারি মাত্রার হওয়া সত্ত্বেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।

এর ফলে রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের হালকা কম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ সরাসরি কোনো প্রধান চ্যুতিরেখার ওপর অবস্থিত না হলেও, মিয়ানমার ও উত্তর-পূর্ব ভারতের সক্রিয় টেকটনিক প্লেটের কারণে মাঝেমধ্যেই এই অঞ্চলের ভূমিকম্পের প্রভাব বাংলাদেশেও অনুভূত হয়।