খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

গ্রাহকদের অনলাইন নিরাপত্তায় বিশেষ পরামর্শ ভিসা’র

তথ্য প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৫ পিএম
গ্রাহকদের অনলাইন নিরাপত্তায় বিশেষ পরামর্শ ভিসা’র

সেফার ইন্টারনেট ডে, অর্থাৎ নিরাপদ ইন্টারনেট দিবসকে কেন্দ্র করে ডিজিটাল পরিসরে গ্রাহকদের নিরাপদ থাকা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিতের কার্যকরী কিছু পরামর্শ জানিয়েছে ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী অনলাইন জালিয়াতি ও তথ্য চুরির ঘটনা প্রতিনিয়ত বাড়ছে।

এই ঝুঁকির আওতায় রয়েছে বাংলাদেশও।

 

বিষয়টি বিবেচনায় রেখে দ্রুত সময়ের মধ্যে গ্রাহকদের আরও সচেতন করে তোলা এবং নিরাপত্তা রক্ষার সর্বাধুনিক সব উপায় সম্পর্কে গ্রাহকদের জানানোর পদক্ষেপ নিয়েছে ভিসা, যাতে গ্রাহকরা আরও স্বাচ্ছন্দ্যের সাথে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্যের গোপনীয়তা রক্ষা করতে পারেন।

ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, প্রাত্যহিক বিভিন্ন কাজ, সামাজিক যোগাযোগ কিংবা কেনাকাটার জন্য সময়ের সাথে সাথে আমরা আরও বেশি অনলাইন নির্ভর হয়ে পড়ছি। আর এর সুযোগ নিয়ে প্রতারকরাও নতুন নতুন সব পন্থায় গ্রাহকদের তথ্য ও অর্থ চুরির চেষ্টা চালাচ্ছে।

১১ ফেব্রুয়ারি নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সাধারণ গ্রাহক ও কার্ডহোল্ডারদের জন্য ডিজিটাল পরিসরে নিজেদের তথ্য নিরাপদে রাখা ও শতভাগ নিশ্চয়তার সাথে ডিজিটাল পেমেন্ট সম্পাদনের নানা উপায় সম্পর্কে জানিয়েছে ভিসা।  এছাড়াও পেমেন্ট অবকাঠামো এবং গোটা ইকোসিস্টেমের অবস্থা আরও উন্নত করে তুলতে বিভিন্ন ব্যাংক ও ভিসার মতো নেটওয়ার্কগুলো প্রতিনিয়ত নানা রকম পদক্ষেপ নিতে যাচ্ছে।  গ্রাহকদের নিরাপদে রাখতে ভিসার উল্লেখিত গুরুত্বপূর্ণ পরামর্শগুলো,

বায়োমেট্রিক তথ্যের মাধ্যমে ডিভাইস নিরাপদ রাখা: ফোন ও ল্যাপটপের মতো ডিভাইসগুলোতে আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) বা চেহারা (ফেসিয়াল রিকগনিশন) ব্যবহার করা হলে তা গতানুগতিক পিন বা পাসওয়ার্ডের চেয়ে শক্তিশালী নিরাপত্তা দেয়। বিশেষত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বায়োমেট্রিক সিকিউরিটি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে।

ট্রাস্টেড ওয়েবসাইট ব্যবহার করা: অনিরাপদ ওয়েবসাইট চেনার একটি সহজ উপায় হল এগুলো https:// দিয়ে আরম্ভ হয় না। ধরনের ওয়েবসাইটে ঝুঁকির আশঙ্কা থাকে। এছাড়া অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রেও সব সময় বিশ্বস্ত অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা উচিত, অন্যথায় সফটওয়্যার সংক্রান্ত ঝুঁকি রয়ে যেতে পারে।

প্রাইভেসি পলিসি ভালোভাবে পড়া: অনেক দীর্ঘ ও জটিল হলেও যেকোনো ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত নীতিমালা অর্থাৎ প্রাইভেসি পলিসিগুলো বিস্তারিত পড়ে নিলে ব্যবহারকারীরা নিজেদের কতটুকু তথ্য সংগৃহীত হচ্ছে এবং তা কীভাবে ব্যবহৃত হচ্ছে – এ ব্যাপারে সতর্ক থাকতে পারেন। ভালোভাবে পড়ে কোন তথ্যগুলো শেয়ারের অনুমতি দেয়া হচ্ছে, তা জেনে নিলে সম্ভাব্য যেকোনো প্রতারণা এড়ানো যায়।

ক্ষতির সাপেক্ষে পদক্ষেপ নেওয়া: অনলাইনে প্রতারণার শিকার হলে তাৎক্ষণিকভাবে নেওয়ার মতো পদক্ষেপগুলোও জেনে রাখা প্রয়োজন। এক্ষেত্রে নির্ধারিত হেল্পলাইনের মাধ্যমে গ্রাহকদের ব্যাংক বা পেমেন্ট প্রোভাইডারের সাথে দ্রুত যোগাযোগ করা ও অনাকাঙ্ক্ষিত লেনদেনের বিষয়ে বিস্তারিত অভিযোগ জানানো উচিত।

উল্লেখিত পদক্ষেপগুলো অনুসরণ করে ব্যবহারকারীরা ডিজিটাল পরিসরে আরও নিরাপদে কেনাকাটা ও অর্থ লেনদেন সুবিধা উপভোগ করতে পারবেন।  প্রযুক্তির রূপান্তরের সাথে সাথে অনলাইনে প্রতারকরাও নিত্যনতুন উপায়ে গ্রাহকদের ক্ষতিসাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই এই নিরাপদ ইন্টারনেট দিবসে ইন্টারনেট ব্যবহারে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার প্রত্যয় জানাতে হবে।

 

Source: Banglanews24

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।