নারীর অধিকার ও সমতার বার্তা, ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস পালিত
‘সমতা, মর্যাদা ও ক্ষমতায়ন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রবিবার (০৮ মার্চ) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, নারী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ফরিদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, এফডিএফ-এর উপদেষ্টা আশরাফুল ইসলাম, টিআইবি’র সহ-সভাপতি মনোয়ারা মোরশেদ, সমাজকর্মী জান্নাতুল তাহিয়া রিমি, তাহসিন জেবা ও জান্নাতুল খাতুন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাশউদা হোসেন। তিনি নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীদের অবদান অপরিসীম। শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নারীর অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়।
বক্তারা আরও বলেন, সমাজে এখনো কিছু গোষ্ঠী নারীদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। নারী নির্যাতন, বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে সচেতন হতে হবে।নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা এবং নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা ফরিদপুরকে একটি নিরাপদ ও নারীবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক মর্যাদার ক্ষেত্রে নারীদের আরও বেশি সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠন ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
Array