খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

শাওমি’র রেডমি নোট ১৪ বাজারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৪৬ এএম
শাওমি’র রেডমি নোট ১৪ বাজারে

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট ব্রান্ড এবং গ্লোবাল টেক জায়ান্ট শাওমি দেশের বাজারে নিয়ে আসলো বহুল প্রতীক্ষিত শাওমি রেডমি নোট ১৪।

ফ্ল্যাগশিপ মানের এই স্মার্টফোনে আছে দারুণ এআই ক্যামেরা সেটআপ।

ফটোগ্রাফি ও ফটো এডিটে যা দেবে প্রফেশনাল অভিজ্ঞতা।

পারফরম্যান্স ও স্টাইলে ভিন্নতার কারণে টেকপ্রেমীদের নজর কাড়বে শাওমি রেডমি নোট ১৪।

‘লেজেন্ডারি শটস, এআই ক্রাফ্টেড’ ট্যাগলাইনের ওপর ভিত্তি করে শাওমি রেডমি নোট ১৪ মোবাইল ফটোগ্রাফিটিতে নতুন মাত্রা যোগ করবে।

স্মার্টফোনটিতে আছে ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা সেটআপ যা প্রাণবন্ত, স্পষ্ট ও ডিটেইলড ছবির মাধ্যমে প্রফেশনাল ফটোগ্রাফির অভিজ্ঞতা দেবে।

ছবি এডিট ও নিখুঁত করতে এতে রয়েছে এআই স্কাই ও এআই ইরেজ টুল। এর ফলে ল্যান্ডস্কেপ নিখুঁত এবং এআই ইরেজ টুল ব্যবহার করে নিজের মতো করে ছবি এডিট করতে পারবেন ফটোগ্রাফিপ্রেমীরা।

শাওমি রেডমি নোট ১৪ এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য এর ডিউরাবিলিটি। স্ক্র্যাচমুক্ত রাখতে ও দৈনন্দিন ব্যবহারে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় কর্নিং গরিলা গ্লাস ৫, যা এই সেগমেন্টে শুধুমাত্র শাওমি রেডমি নোট ১৪ এ ব্যবহার করা হয়েছে। এছাড়া ডাস্ট ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষা পেতে এতে আছে আইপি ৫৪ রেটিং। ফলে যেকোনো পরিস্থিতিতে স্মার্টফোনটি নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।

শাওমি রেডমি নোট ১৪-এ প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের মিডিয়াটেকের হেলিও জি-৯৯ আল্ট্রা চিপসেট। শাওমির নতুন অপারেটিং সিস্টেম হাইপারওএস ও মিডিয়াটেকের জি-৯৯ আল্ট্রা চিপসেট এর সমন্বয় গ্রাহকদের দেবে দীর্ঘ চার বছর নতুনের মতো স্মুথ অভিজ্ঞতা। একইসঙ্গে শক্তিশালী এই চিপসেট গ্রাহকদের মাল্টিটাস্কিং, গেমিং এবং স্ট্রিমিং অভিজ্ঞতাকে আরও এফিশিয়েন্ট করে তুলবে। ডিসপ্লে হিসেবে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির একটি উজ্জ্বল ও কালারফুল অ্যামোলেড ডিসপ্লে। এর ১২০ হার্জ রিফ্রেশ রেট গ্রাহকদের দেবে সুপার-স্মুথ স্ক্রলিং-এর অভিজ্ঞতা। পাশাপাশি ১৮০০ নিটস পিক ব্রাইটনেস থাকায় সরাসরি রোদেও কালারফুল ও পরিষ্কার ভিজ্যুয়াল নিশ্চিত করবে শাওমি রেডমি নোট ১৪।

হেভি ইউজারদের প্রাধান্য দিয়ে স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৫৫০০ এমএএইচ ব্যাটারি। এর লং লাস্টিং ব্যাটারি গ্রাহকদের অনায়াসে একদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। দ্রুত চার্জিং এজন্য এতে রয়েছে ৩৩ ওয়াটের ইনবক্স টার্বো চার্জিং সুবিধা যার মাধ্যমে ফোনটি শূন্য থেকে ১শ পার্সেন্ট চার্জ হতে সময় নেবে ৭৭ মিনিট।

রেডমি নোট ১৪ ডিভাইসটিতে নিরাপত্তা ও সহজে ব্যবহারের জন্য রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর ফলে কোন এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই দ্রুতগতিতে ফোনটি আনলক করা যাবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডলবি অ্যাটমস ডুয়াল স্পিকার যা মিউজিক ও ভিডিওপ্রেমীদের দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ডের অভিজ্ঞতা। পাশাপাশি আইআর ব্লাস্টারের মতো আধুনিক সুবিধা ফোনটির দৈনন্দিন ব্যবহারকে আরও বৈচিত্র্যময় ও অনন্য করে তুলবে।

 

শাওমি রেডমি নোট ১৪ পাওয়া যাবে চারটি আকর্ষণীয় রঙে—মিডনাইট ব্ল্যাক, মিস্ট পার্পল, লাইম গ্রিন, এবং ওশান ব্লু। ওজনে হালকা ও স্লিম হওয়ায় ফোনটি দেখতে যেমন স্টাইলিশ, হ্যান্ডফিলের ক্ষেত্রেও গ্রাহকদের দেবে তেমন প্রিমিয়াম অনুভূতি।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, শাওমি রেডমি নোট ১৪ বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। বাংলাদেশের শাওমি ফ্যানদের অত্যাধুনিক প্রযুক্তি দেওয়ার প্রতিশ্রুতির একটি ধারাবাহিক অংশ এটি। এর পাওয়ারফুল ১০৮ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ১২০ হার্জের অ্যামোলেড ডিসপ্লে ও ডিউরাবল ডিজাইন গ্রাহকদের প্রতিদিনের স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। আমরা বিশ্বাস করি, যারা পারফরম্যান্স, ডিজাইন ও প্রিমিয়াম অভিজ্ঞতায় বিশ্বাসী, তাদের সকলের পছন্দের শীর্ষে থাকবে স্মার্টফোনটি।

বাংলাদেশের গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী দুইটি র‌্যাম অপশনে শাওমি রেডমি নোট ১৪ কিনতে পারবে। ৬জিবি+ ১২৮জিবি ও ৮ জিবি + ২৫৬ জিবি। প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৩ হাজার ৯৯৯ টাকা এবং ২৬ হাজার ৯৯৯ টাকা।

চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:২১ এএম
চৈত্রে শীতের আমেজ: ঘন কুয়াশায় ঢেকে গেল ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা

চৈত্র মাসের মাঝামাঝি সময়ে হঠাৎ করেই শীতের আবহ ফিরে এসেছে ফরিদপুরে। রবিবার (২২ মার্চ) ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো জেলা। চারপাশে যেন শীতের সকালের সেই পরিচিত দৃশ্য—মাঠ-ঘাট, গাছপালা, রাস্তা সবই কুয়াশার আস্তরণে আচ্ছন্ন। মৃদু শীতল বাতাস আর হালকা ঠান্ডা আবহে প্রকৃতি যেন ভুলে গেছে ঋতুর নিয়ম।

ভোরের আলো ফুটলেও সূর্যের দেখা মেলেনি অনেকক্ষণ। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে দূরের বস্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। গ্রামীণ জনপদে দেখা গেছে চিরচেনা দৃশ্য—কৃষকরা গরু নিয়ে মাঠে যাচ্ছেন, আর গৃহস্থ বাড়িতে কৃষাণীরা ধান সিদ্ধ করতে ব্যস্ত সময় পার করছেন। সব মিলিয়ে চৈত্রের সকালে এমন দৃশ্য অনেকটাই অপ্রত্যাশিত হলেও প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য উপভোগ করছেন স্থানীয়রা।

সালথা উপজেলার কৃষক শাহাজুদ্দিন মাতুব্বর বলেন, “চৈত্র মাসে এমন কুয়াশা আমরা খুব একটা দেখি না। সকালে মাঠে কাজ করতে গিয়ে ঠান্ডা অনুভব করছি। তবে এই কুয়াশা ফসলের জন্য ভালো না-ও হতে পারে।”

বিশেষ করে পেঁয়াজ চাষিদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। এই সময়ে অতিরিক্ত কুয়াশা ও আর্দ্রতা পেঁয়াজের গাছের জন্য ক্ষতিকর হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে করে গাছের পাতা পচে যাওয়া বা রোগবালাইয়ের ঝুঁকি বাড়তে পারে, যা উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেলা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুম পরিবর্তনের এই সময়ে তাপমাত্রার তারতম্যের কারণে এমন কুয়াশা দেখা দিতে পারে। রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ায় এবং বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভোরের দিকে কুয়াশা ঘনীভূত হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসবে এবং কুয়াশা কেটে যাবে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।

আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন, আগামী কয়েকদিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তাই কৃষকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে পেঁয়াজসহ সংবেদনশীল ফসলের যত্নে বাড়তি নজর দিতে বলা হয়েছে।

সব মিলিয়ে, চৈত্রের প্রখর রোদ আর গরমের বদলে হঠাৎ করে ফিরে আসা শীতের এই আমেজ একদিকে যেমন প্রকৃতিকে দিয়েছে ভিন্ন রূপ, অন্যদিকে কৃষকদের মনে তৈরি করেছে নতুন দুশ্চিন্তার ছায়া।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।