খুঁজুন
, ,

তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা

মো. বাকী বিল্লাহ খান পলাশ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৪:০২ অপরাহ্ণ
তাহিয়্যাতুল মসজিদ আদায়ে রাসূল (ছা.) এর নির্দেশনা

মসজিদে প্রবেশ করে দুই রাক‘আত ছালাত আদায় করাই হচ্ছে তাহিয়্যাতুল মসজিদ। যা আদায় করা অত্যাবশ্যক। কেননা মসজিদ মহান আল্লাহ তা’য়ালার ঘর। সুতরাং এর প্রতি হক আদায়ে যে কোন সময়ে মসজিদে প্রবেশ করলেই দুই রাক‘আত ছালাত আদায় করে মসজিদে বসা আবশ্যক।

এ সম্পর্কে আবু ক্বাতাদা (রা.) থেকে বর্ণিত, রাসূল (ছা.) বলেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার পূর্বে দুই রাক‘আত ছালাত আদায় করে (ছহীহ বুখারী, হাদীস : ৪৪৪, ইফাবা হা. ৪৩১)।১
এ সম্পর্কে আরো বর্ণিত হয়েছে, আবু ক্বাতাদা (রা.) বলেন, রাসূল (ছা.) বলেছেন, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন সে যেন না বসে, যতক্ষণ দুই রাক‘আত ছালাত না পড়বে (ছহীহ বুখারী, হাদীস : ১১৬৩)।

মসজিদে প্রবেশ করে দুই রাক‘আত ছালাত আদায়কে এতটাই গুরুপ্ত দেয়া হয়েছে যে, আবু ক্বাতাদা (রা.) বলেন, আমি একদা মসজিদে প্রবেশ করলাম। তখন রাসূল (ছা.) লোকদের মাঝে বসেছিলেন। আমি গিয়ে বসে গেলাম। রাসূল (ছা.) আমাকে বললেন, বসার আগে দুই রাক‘আত ছালাত আদায় করতে তোমাকে কিসে বাধা দিল? আমি বললাম, আপনাকে এবং জনগণকে বসে থাকতে দেখলাম তাই। তখন তিনি বললেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে তখন সে যেন দুই রাক‘আত ছালাত আদায় না করা পর্যন্ত না বসে (ছহীহ মুসলিম, হাদীস : ১৬৮৮, ইফাবা, হা. ১৫২৫)।

এমনকি জুম‘আর খুৎবা চলাকালীন সময়েও কেউ যদি মসজিদে প্রবেশ করে তবুও তাকে দুই রাক‘আত ছালাত আদায় করে বসতে হবে। বর্ণিত হয়েছে, জাবের (রা.) বলেন, নবী করীম (ছা.) জুম‘আর দিনে খুৎবা দিচ্ছিলেন। এমতাবস্থায় জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে। রাসূল (ছা.) তখন তাকে বললেন, তুমি কি ছালাত আদায় করেছ? সে বলল, না। তখন তিনি বললেন, তুমি দাঁড়াও দুই রাক‘আত ছালাত আদায় কর (ছহীহ বুখারী, হাদীস : ৯৩০, ৯৩১, ইফাবা, হা. ৮৮৩, ৮৮৪)।২

যে সকল সময়ে ছালাত আদায় নিষিদ্ধ। সে সকল সময়েও কেউ যদি মসজিদে প্রবেশ করে তবে তাকেও ছালাত আদায় না করে বসা যাবে না। কেননা ্আবু ক্বাতাদা (রা.) বলেন, রাসূল (ছা.) বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, তখন সে যেন দুই রাক‘আত ছালাত আদায় না করা পর্যন্ত না বসে (ছহীহ মুসলিম, হাদীস : ৭১৪, রিয়াযুছ ছালেহীন, হাদীস : ১১৪৪)।৩

তবে ফজরের ওয়াক্তে ফজরের ছালাত আদায়ে মসজিদে প্রবেশের পর ফজরের দুই রাক‘আত সুন্নত আদায় ব্যতিত তাহিয়্যাতুল মসজিদ আদায় করা যায় না মর্মে উল্লেখ করা হয়েছে জাগো নিউজ, ইসলাম ডেস্ক, ০৮ আগস্ট ২০২৪ খ্রি. প্রকাশিত ‘ফজরের ওয়াক্তে তাহিয়্যাতুল মসজিদ আদায়ের বিধান’ প্রবন্ধে। সেখানে বলা হয়েছে হাফসা (রা.) বলেন, যখন সুবহে সাদিক হয়ে যেত, তখন রাসূল(ছা.) শুধু ফজরের দুই রাক‘আত সুন্নত সংক্ষেপে পড়তেন (সহীহ মুসলিম, হাদীস ৭২৩)।

আরো বর্ণিত হয়েছে, আবদুল্লাহ ইবনে আমর (রা.) বলেন, রাসূল (ছা.) বলেছেন, সুবহে সাদিক হওয়ার পর দুই রাক‘আত সুন্নত ছাড়া কোন ছালাত নেই (মুসান্নাফে আব্দুর রাজ্জাক)।৪

উল্লেখ্য যে, মসজিদে প্রবেশ করে ফরয কিংবা সুন্নাত অথবা ওয়াক্তের ছালাতের পূর্বের সুন্নাত আদায় করলে মসজিদের হক্ব আদায় হয়ে যাবে বিধায় তাকে আর তাহিয়্যাতুল মসজিদ আদায় করতে হবে না মর্মে উল্লেখিত হয়েছে আব্দুর রাযযাক বিন ইউসুফ রচিত ‘রাসূল (ছা.)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত’ গ্রন্থের ২৩৭ পৃষ্ঠায়।
মাগরিবের আযানের পূর্বে মসজিদে প্রবেশ করলে তাহিয়্যাতুল মসজিদ আদায় করতে হবে কি মর্মে প্রশ্নের জবাবে মাসিক আত-তাহরীক, আগস্ট ২০১৫ খ্রি. সংখ্যার প্রশ্নোত্তর পর্বে বুখারী হাদীস : ৪৪৪ এর উদৃতি দিয়ে বলা হয়েছে, আযানের পূর্বে মসজিদে প্রবেশ করার পর যদি দু‘রাকআত ছালাত আদায় করার মত সময় থাকে তবে তা আদায় করে বসবে। তবে সময় না থাকলে দাঁড়িয়ে অপেক্ষা করবে। অতঃপর মাগরিবের পূর্বের দু‘রাকআত নফল ছালাত আদয় করবে (সহীহ বুখারি, হাদীস : ১১৮৩, ইফাবা, হা. ১১১২)।৫

সাম্প্রতিক সময়ে কোন কোন মসজিদে মাগরিরের আযানের পর ইমাম কর্র্তৃক ছোট ছোট হাদীস বর্ণনা করতে দেখা যায়। যা নিয়মিত করা যাবেনা মর্মে উল্লেখ করা হয়েছে মাসিক আত-তাহরীক এর অক্টোরব ২০২২ খ্রি. এর প্রশ্নোত্তর পর্বে। উল্লেখিত হয়েছে রাসূল (ছা.) মাগরিরের আযানের পর ও ফরয ছালাতের পূর্বে দুই রাক‘আত ছালাত আদায় করতে উৎসাহ দিতেন। রাসূল (ছা.) একদিন তিনবার নির্দেশনা দিয়ে বলেন, তোমরা মাগরিবের পূর্বে দু‘রাকআত ছালাত আদায় কর। তবে যে ব্যক্তি ইচ্ছা করে (মুত্তাফাক্ক আলাইহ মিশকাত, হাদীস : ১১৬৫)। আনাস ইবনে মালেক (রা.) বলেন, আমরা রাসূল (ছা.) এর যুগে মাগরিবের ছালাতের পূর্বে সূর্য ডোবার পর দু‘রাকআত ছালাত আদায় করতাম। তাঁকে বলা হল তিনি কি সেই দুই রাক‘আত পড়তেন? আনাস (রা.) বলেন, তিনি আমাদেরকে দু‘রাকআত ছালাত আদায় করতে দেখতেন, তিনি আদেশ করতেন না, নিষেধও করতেন না (মুসলিম, হাদীস : ৩০৩)।৬

মহান আল্লাহ‘তায়ালা আমাদের সঠিকটি জানার ও তা মানার তৌফিক দান করুন। আমিন।

সহায়ক গ্রন্থ ও উৎসসমূহ :
স্বালাতে মুবাশ্শির (ছা.), আব্দুল হামীদ ফাইযী আল-মাদানী, পৃষ্ঠা : ১১১
জাল হাদীছের কবলে রাসূলুল্লাহ (ছা.)-এর ছালাত, ড. মুযাফফর বিন মুহসিন, পৃষ্ঠা : ১১৫, ১১৬।
রাসূল (ছা.)-এর ছালাত বনাম প্রচলিত ছালাত, আব্দুর রাযযাক বিন ইউসুফ, পৃষ্ঠা : ২৩৯, ২৪০।
ফজরের ওয়াক্তে তাহিয়্যাতুল মসজিদ আদায়ের বিধান, জাগো নিউজ, ইসলাম ডেস্ক, ০৮ আগস্ট ২০২৪ খ্রি.্
মাসিক আত-তাহরীক, প্রশ্নোত্তর, আগস্ট ২০১৫ খ্রি.
মাসিক আত-তাহরীক, প্রশ্নোত্তর, অক্টোবর ২০২২ খ্রি.

ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ফরিদপুরে ময়লা অপসারণ বন্ধ, ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ফরিদপুরে ময়লা অপসারণ বন্ধ, ভোগান্তিতে মানুষ

ফরিদপুর পৌরসভার ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে ট্রাকচালককে মারধরের প্রতিবাদে শহরের তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ময়লাবাহী ট্রাকচালক ও শ্রমিকরা। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই দুই বাজারের ময়লা পরিবহন না করার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ময়লা অপসারণ বন্ধ থাকায় চকবাজার ও তিতুমীর বাজারসংলগ্ন ফলপট্টি, থানার মোড়, ডাচ্-বাংলা ব্যাংকের সামনের মোড়, ময়রাপট্টি ও আলীমুজ্জামান সেতুসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ জমতে শুরু করেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, এসব গুরুত্বপূর্ণ বাজার ও সড়কসংলগ্ন এলাকায় প্রতিদিন ভোরে তিন টন ধারণক্ষমতার একটি ময়লাবাহী ট্রাক চারজন শ্রমিক নিয়ে দুই দফায় রাতের জমে থাকা বর্জ্য অপসারণ করে। কিন্তু ট্রাকচালককে মারধরের ঘটনার পর শ্রমিকদের কর্মবিরতিতে বুধবার সকাল থেকে ওই কার্যক্রম বন্ধ রয়েছে।

পৌরসভার কনজারভেন্সি বিভাগের পরিদর্শক বিভাষ দত্ত বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চকবাজার এলাকায় পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ট্রাকচালক সবুজ প্রামাণিক (২৮) কয়েকজন ব্যবসায়ীর হামলার শিকার হন। এ ঘটনার পর মঙ্গলবার রাতে পৌরসভায় শ্রমিকদের নিয়ে আলোচনা হয়। সেখানে হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, বুধবার সকাল থেকে পৌর কর্তৃপক্ষ ট্রাকচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে ময়লা অপসারণের অনুরোধ করেছে। কিন্তু তারা হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কাজে ফিরতে রাজি হননি।

বিভাষ দত্ত আরও বলেন, হামলার ঘটনায় আহত ট্রাকচালক সবুজ প্রামাণিক বাদী হয়ে মঙ্গলবার রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে ময়লা অপসারণ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চকবাজারের ব্যবসায়ীরা। চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া বলেন, ‘সেবা বন্ধ করে দেওয়া মানে জনগণকে জিম্মি করা। ট্রাকচালককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিক, এতে আমাদের আপত্তি নেই। তবে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে নাগরিক সেবা বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজার এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ কাঁচাবাজারের বর্জ্য, ফল-সবজির উচ্ছিষ্ট ও অন্যান্য আবর্জনা জমে থাকে। নিয়মিত অপসারণ না হলে অল্প সময়ের মধ্যেই ময়লার স্তূপ বড় হয়ে যায়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হয়। দীর্ঘ সময় ময়লা পড়ে থাকলে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।

প্রসঙ্গত, গত রোববার থেকে ফরিদপুর পৌরসভা শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে। মঙ্গলবার ছিল এ অভিযানের তৃতীয় দিন।

মঙ্গলবার বিকেলে চকবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কয়েকজন ব্যবসায়ীর বাধার মুখে পড়েন। এ সময় পৌরসভার ময়লাবাহী ট্রাকচালক সবুজ প্রামাণিককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে আহত সবুজ প্রামাণিক ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে রাতে তিনি নিজেই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে পৌরসভার ময়লা অপসারণ কার্যক্রম বন্ধ থাকায় দ্রুত পরিস্থিতির সমাধান চেয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ট্রাকচালককে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ফরিদপুরে স্কাপ সিরাপসহ নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ণ
ফরিদপুরে স্কাপ সিরাপসহ নারী গ্রেপ্তার

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৪৫ বোতল নিষিদ্ধ মাদকদ্রব্য স্কাপ সিরাপসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৫ হাজার টাকা।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের শহরের গোয়ালচামট এলাকায় লিজা বিউটি পার্লারের সম্মুখে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে হালিমা খাতুন (৩৩) নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হালিমা খাতুন (৩৩) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি লাল রংয়ের কাপড়ের ব্যাগের ভেতর থেকে স্কাফ কফ সিরাপের ৪৫ বোতল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত প্রতিটি বোতলে ১০০ মি.লি. হিসেবে সর্বমোট ৪.৫ লিটার স্কাফ সিরাপ জব্দ করা হয়।গ্রেফপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত ২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার বলেন, ‘‘উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিকে ইতোমধ্যে ফরিদপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’’

মৃত্যুর আগে যে ৭ গোনাহ থেকে অবশ্যই তওবা করা জরুরি?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ণ
মৃত্যুর আগে যে ৭ গোনাহ থেকে অবশ্যই তওবা করা জরুরি?

মানুষ ভুল করে। অন্ধকার পথে পা বাড়ায়। কারণ, ভুল করা মানুষের সহজাত প্রবৃত্তি। তাই জীবনের নানা পর্যায়ে জেনে বা না জেনে মানুষ বিভিন্ন ভুল ও গোনাহের কাজে জড়িয়ে পড়ে। তবে মহানবী (সা.) বলেছেন, গোনাহ করে তাতে অটল থাকা মুমিনের বৈশিষ্ট্য নয়। বরং ভুল বুঝতে পারলে আল্লাহর কাছে ফিরে আসা এবং আন্তরিকভাবে তওবা করা মুমিনের কর্তব্য। কারণ মৃত্যু কখন আসবে, তা কেউ জানে না। তাই তওবার সুযোগ থাকা অবস্থাতেই গোনাহ থেকে ফিরে আসা জরুরি।

পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে আমার বান্দারা, যারা নিজেদের প্রতি জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ ক্ষমা করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আজ-জুমার: ৫৩)

এর পরের আয়াতেই আল্লাহ তাআলা তওবার ব্যাপারে তাগিদ দিয়ে বলেন, ‘তোমরা তোমাদের প্রতিপালকের দিকে ফিরে আসো এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো, তোমাদের ওপর শাস্তি আসার আগে।’ (সুরা আজ-জুমার: ৫৪)

হাদিসে রাসুলুল্লাহ (সা.) এমন সাতটি গোনাহের কথা বলেছেন, যেগুলোকে তিনি ‘ধ্বংসাত্মক’ হিসেবে উল্লেখ করেছেন এবং এগুলো থেকে প্রত্যেককে বেঁচে থাকার উপদেশ দিয়েছেন।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকো।’ সাহাবিরা জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহর রাসুল, সেগুলো কী?’ তিনি বলেন, ‘আল্লাহর সঙ্গে শরিক করা, জাদু করা, অন্যায়ভাবে সেই প্রাণ হত্যা করা যাকে আল্লাহ হারাম করেছেন, সুদ খাওয়া, এতিমের সম্পদ ভক্ষণ করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা এবং সতী-সাধ্বী মুমিন নারীদের বিরুদ্ধে অপবাদ দেওয়া।’ (বোখারি: ২৭৬৬)

আলোচিত এই সাত গোনাহ হলো:

১. আল্লাহর সঙ্গে শরিক করা

শিরক হলো আল্লাহর ইবাদত ও তাঁর বিশেষ অধিকার বা গুণাবলিতে অন্য কাউকে শরিক করা। এটি ইসলামে সবচেয়ে গুরুতর গোনাহগুলোর একটি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না; এ ছাড়া অন্য গোনাহ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন।’ (সুরা আন-নিসা: ৪৮)

তবে এর অর্থ এই নয় যে জীবিত অবস্থায় শিরক থেকে তওবা করলে ক্ষমার দরজা বন্ধ। বরং আল্লাহর কাছে আন্তরিকভাবে ফিরে এসে ঈমান গ্রহণ ও তওবা করলে ক্ষমার আশা রয়েছে। সুরা আল-ফুরকানের ৬৮ থেকে ৭০ নম্বর আয়াতে শিরকসহ গুরুতর গোনাহের উল্লেখের পর তওবাকারীদের জন্য আল্লাহর ক্ষমার কথা বলা হয়েছে।

২. জাদু করা

জাদু ইসলামে মারাত্মক গোনাহ হিসেবে বিবেচিত। রাসুলুল্লাহ (সা.) যে সাতটি ধ্বংসাত্মক গোনাহ থেকে বেঁচে থাকতে বলেছেন, তার মধ্যে জাদুর কথাও রয়েছে। (বোখারি: ২৭৬৬)

জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করা, প্রতারণা করা কিংবা মানুষের বিশ্বাস ও জীবনকে বিপথে পরিচালিত করার চেষ্টা করা গুরুতর অপরাধ। তাই কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তা পরিত্যাগ করে আল্লাহর কাছে আন্তরিকভাবে তওবা করা জরুরি।

৩. অন্যায়ভাবে মানুষ হত্যা করা

অন্যায়ভাবে শরিয়ত সম্মত কারণ ছাড়া মানুষের প্রাণ নেওয়া ইসলামে অত্যন্ত গুরুতর অপরাধ। রাসুলুল্লাহ (সা.)-এর বর্ণিত সাত ধ্বংসাত্মক গোনাহের মধ্যেও এটি রয়েছে। (বোখারি: ২৭৬৬)

আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো উপাস্যকে ডাকে না, আল্লাহ যে প্রাণকে হারাম করেছেন, ন্যায্য কারণ ছাড়া তা হত্যা করে না এবং ব্যভিচার করে না।’ এরপর এসব কাজের জন্য শাস্তির কথা উল্লেখ করে আল্লাহ বলেন, ‘তবে যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের কথা ভিন্ন।’ (সুরা আল-ফুরকান: ৬৮-৭০)

অতএব, হত্যার মতো গুরুতর অপরাধে জড়িয়ে পড়লে শুধু মুখে তওবা করাই যথেষ্ট নয়; মানুষের অধিকার ও সংশ্লিষ্ট দায়দায়িত্বের বিষয়টিও যথাযথভাবে সমাধান করতে হবে।

৪. সুদ খাওয়া

সুদ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। রাসুলুল্লাহ (সা.) সাতটি ধ্বংসাত্মক গোনাহের মধ্যে সুদ খাওয়ার কথাও উল্লেখ করেছেন। (বোখারি: ২৭৬৬)

সুদের লেনদেনে জড়িত ব্যক্তি যদি এ গোনাহ থেকে মুক্ত হতে চান, তাহলে তাকে হারাম লেনদেন পরিত্যাগ করে আল্লাহর কাছে তওবা করতে হবে। একই সঙ্গে কারও সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা হয়ে থাকলে তা ফেরত দেওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

৫. এতিমের সম্পদ আত্মসাৎ করা

এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ বা আত্মসাৎ করাও রাসুলুল্লাহ (সা.) বর্ণিত সাতটি ধ্বংসাত্মক গোনাহের অন্তর্ভুক্ত। (বোখারি: ২৭৬৬)

এতিম ব্যক্তি তার সম্পদ রক্ষার ক্ষেত্রে অনেক সময় অন্যের ওপর নির্ভরশীল থাকে। তার দুর্বলতার সুযোগ নিয়ে সম্পদ আত্মসাৎ করা তাই শুধু আর্থিক অপরাধ নয়, বরং গুরুতর জুলুমও। কেউ এ গোনাহে জড়িয়ে পড়লে আন্তরিক তওবার পাশাপাশি আত্মসাৎ করা সম্পদ যথাযথ মালিকের কাছে ফিরিয়ে দেওয়া জরুরি।

৬. যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা

হাদিসে বর্ণিত সাতটি ধ্বংসাত্মক গোনাহের একটি হলো যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবিলা থেকে পলায়ন করা। (বোখারি: ২৭৬৬)

এটি মূলত শরিয়তসম্মত যুদ্ধের পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত একটি বিধান। তাই সাধারণ কোনো পরিস্থিতিতে বিপদ থেকে সরে আসা বা নিজেকে রক্ষা করাকে এই হাদিসের আওতায় ফেলা ঠিক নয়। বরং ইসলামী বিধান অনুযায়ী যুদ্ধের ময়দানে দায়িত্বশীল অবস্থান থেকে অন্যায়ভাবে পলায়নের বিষয়টি এখানে বোঝানো হয়েছে।

৭. সতী-সাধ্বী মুমিন নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া

কোনো নির্দোষ ও সতী-সাধ্বী মুমিন নারীর চরিত্র নিয়ে মিথ্যা অপবাদ দেওয়া ভয়াবহ গোনাহ। রাসুলুল্লাহ (সা.) এটিকেও সাতটি ধ্বংসাত্মক গোনাহের অন্তর্ভুক্ত করেছেন। (বোখারি: ২৭৬৬)

কোরআনে আল্লাহ তাআলা বলেন, যারা সতী নারীদের বিরুদ্ধে অপবাদ দেয় এবং চারজন সাক্ষী হাজির করতে পারে না, তাদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। তবে এরপরই আল্লাহ তওবার সুযোগের কথাও উল্লেখ করেছেন। (সুরা আন-নুর: ৪-৫)

তওবার সুযোগ থাকা অবস্থায় ফিরে আসা জরুরি

ইসলামে গোনাহ যত বড়ই হোক, বান্দার জন্য তওবার দরজা খোলা থাকে। তাই উল্লিখিত গোনাহগুলো করে থাকলে মৃত্যু আসার আগে এখনই তওবা করা জরুরি। তবে তওবা শুধু মুখে ‘আস্তাগফিরুল্লাহ’ বলার নাম নয়। গোনাহ ছেড়ে দেওয়া, নিজের কৃতকর্মের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে সেই গোনাহে ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প করা তওবার গুরুত্বপূর্ণ অংশ।

আর গোনাহের সঙ্গে যদি মানুষের অধিকার জড়িত থাকে, তাহলে সেই অধিকার ফিরিয়ে দেওয়া বা যথাযথভাবে সমাধান করাও জরুরি। কারও সম্পদ আত্মসাৎ, কারও ওপর জুলুম বা কারও সম্মানহানি করা হলে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি বান্দার হক আদায়ের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকাজ করে, আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্যে পরিবর্তন করে দেবেন। আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সুরা আল-ফুরকান: ৭০)

তাই মৃত্যু আসার অপেক্ষা না করে জীবিত থাকতেই গোনাহ থেকে ফিরে আসা উচিত। কারণ তওবার সুযোগ থাকতেই আল্লাহর দিকে ফিরে আসাই মুমিনের জন্য নিরাপদ পথ। কোরআনে আল্লাহ তাআলা শাস্তি আসার আগেই তাঁর দিকে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। (সুরা আজ-জুমার: ৫৩-৫৪)