খুঁজুন
, ,

ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফুল আলম

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফুল আলম

ফরিদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন অর্থোপেডিক সার্জন ডা. সৈয়দ আসিফুল আলম।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন- ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিন আহমেদ, ড্যাবের সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বার্ন ও প্লাস্টিক সার্জন ডা. সানিয়াত জাহানসহ অন্যান্য ‌ চিকিৎসক বৃন্দ।

অধ্যক্ষ হিসেবে যোগদানের পর উপস্থিত চিকিৎসকরা ডা. সৈয়দ আসিফুল আলমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্বে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসাসেবা ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে আরও এগিয়ে যাবে এবং রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফরিদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
ফরিদপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

ফরিদপুরের সদরপুরে শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় ‘মাদক নয়, সৃজনশীলতায় যুক্ত হওয়ার’ শিক্ষার্থীদের প্রতি ফরিদপুরের ডিসির আহ্বান জানান।

মঙ্গলবার (১১আগস্ট) দুপুর ১ টার সময় বিশ্ব জাকের মঞ্জিল সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ আলোচনা সভ অনুষ্ঠিত হয়। এ সভায় বিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়। সভায় শিক্ষার্থীদের সামনে মাদকাসক্তির ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব এবং মাদক থেকে দূরে থাকার বিভিন্ন বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপপরিচালক শিরিন আক্তার।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পুরো পরিবার ও সমাজের ওপর। মাদকের কারণে একজন শিক্ষার্থীর পড়াশোনা ও স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার পাশাপাশি তার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা প্রয়োজন।

জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আক্তার বলেন, বর্তমানে তরুণ ও কিশোরদের একটি অংশ নানা প্রলোভন, খারাপ সঙ্গ এবং মাদকের সহজলভ্যতার কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। এ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবারকে সন্তানের প্রতি নজরদারি বাড়ানোর পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরো বলেন, জীবনের লক্ষ্য ঠিক করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বই পড়া ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে হবে।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত বক্তারা। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি কোনো শিক্ষার্থী বা তার পরিচিত কেউ মাদকের সঙ্গে জড়িয়ে পড়লে কীভাবে সহযোগিতা পাওয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মিন্টু বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আল মামুন শাহ সহ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে শিক্ষার্থীরা মাদককে না বলার এবং মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলফাডাঙ্গায় নবাগত ইউএনও’র সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

আলফাডাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় নবাগত ইউএনও’র সাথে ছাত্রদলের শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর জামানের সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা পৌর ছাত্রদলের সভাপতি মো. সোহেল শরিফ, সাবেক সভাপতি আবু সালহে মুসা, উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আরিফুজ্জামান আরব আলী, পৌর ছাত্রদলের সহসভাপতি মাহমুদুল ইসলাম, ফযসাল হুসাইন তমাল,

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওরেসুর রহমান, পৌর ছাত্র দলের সদস্য সাদী হাসান ও ছাত্রদলনেতা মাহফুজুর রহমান সোহান প্রমুখ।

আপনার নখ কি বিপদের সংকেত দিচ্ছে? খেয়াল করুন ৫ লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
আপনার নখ কি বিপদের সংকেত দিচ্ছে? খেয়াল করুন ৫ লক্ষণ

ব্যক্তিগত পরিচ্ছন্নতা বা গ্রুমিংয়ের কথা উঠলে নখের যত্নের বিষয়টি অবধারিতভাবেই চলে আসে। নখ সুন্দর ও ঝকঝকে রাখতে আমরা অনেকেই নিয়মিত ম্যানিকিউর বা পেডিকিউর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকি।

তবে নখ কেবল সৌন্দর্যের অনুষঙ্গ নয়; বরং এটি আপনার শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্যের এক বিশেষ আয়না।সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে ম্যারিল্যান্ড ভিত্তিক বিশেষজ্ঞ চিকিৎসক ড. কুনাল সুদ নখের এমন পাঁচটি লক্ষণের কথা জানিয়েছেন, যা শরীরের বড় কোনো সমস্যার আগাম সংকেত হতে পারে।

নিচে সেই লক্ষণগুলো তুলে ধরা হলো:

১. চামচাকৃতি নখ ও আয়রনের অভাব

যদি আপনার নখ স্বাভাবিকের চেয়ে বাঁকা হয়ে চামচের মতো গর্ত হয়ে যায়, তবে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কোইলোনিচিয়া’। ড. সুদের মতে, এ লক্ষণটি মূলত শরীরে দীর্ঘস্থায়ী আয়রনের অভাবের সঙ্গে সরাসরি সম্পর্কিত। আয়রনের অভাব নখের বৃদ্ধি এবং কেরাটিন গঠনকে ক্ষতিগ্রস্ত করে। তবে কেবল নখ দেখেই রোগ নিশ্চিত করা সম্ভব নয়; সঠিক রোগ নির্ণয়ের জন্য ফেরিটিন এবং সিবিসি রক্ত পরীক্ষা করা জরুরি।

২. নখে সাদা দাগের রহস্য

অনেকের নখেই ছোট ছোট সাদা দাগ দেখা যায়। সাধারণত নখে কামড়ানো, ধাক্কা লাগা বা ম্যানিকিউর করার সময় সামান্য চোট লাগলে নখের ম্যাট্রিক্সে এমন দাগ তৈরি হয়। এগুলো নখের বৃদ্ধির সঙ্গে সঙ্গে অগ্রভাগের দিকে সরে যায়। তবে ড. সুদ সতর্ক করেছেন যে, কোনো আঘাত ছাড়াই যদি নখে এমন দাগ দেখা দেয়, তবে তা ক্যালসিয়াম বা জিঙ্কের অভাবের ইঙ্গিত হতে পারে, যার জন্য আরও বিশদ স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন।

৩. হঠাৎ দেখা দেওয়া কালচে রেখা

নখের ওপর যদি নতুন কোনো স্থায়ী কালচে বা গাঢ় রঙের রেখা বা দাগ দেখা দেয়, তবে তাকে অবহেলা করা ঠিক নয়। ড. কুনাল সুদ জানান, অধিকাংশ ক্ষেত্রে এই রেখাগুলো ক্ষতিকারক না হলেও কখনো কখনো এটি ‘নেল মেলানোমা’ বা এক ধরনের মারাত্মক ত্বকের ক্যানসারের লক্ষণ হতে পারে। যদি এ দাগটি ক্রমান্বয়ে চওড়া হয়, চারপাশের ত্বকে ছড়িয়ে পড়ে কিংবা নখ ফেটে যায়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪. নখ হলদেটে ও পুরু হয়ে

যাওয়া নখ যদি উজ্জ্বলতা হারিয়ে হলদে বর্ণ ধারণ করে এবং পুরু হয়ে যায়, তবে এটি সাধারণত ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের লক্ষণ। বিশেষ করে পায়ের নখে এ সমস্যাটি বেশি দেখা যায়। তবে সোরিয়াসিস, একজিমা কিংবা কোনো আঘাতের কারণেও নখ এমন হয়ে যেতে পারে, তাই চিকিৎসকের মাধ্যমে আসল কারণ নিশ্চিত হওয়া দরকার।

৫. আঙুলের ডগা ফুলে যাওয়া বা ক্লাবড নখ

আঙুলের ডগা অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া এবং নখ অতিরিক্ত মাত্রায় নিচের দিকে বেঁকে যাওয়াকে চিকিৎসাবিদ্যায় ‘ক্লাবিং’ বলা হয়। ড. সুদের মতে, এটি বেশ উদ্বেগজনক একটি লক্ষণ। নখের এই পরিবর্তন ফুসফুসের রোগ, হৃদযন্ত্রের সমস্যা, লিভারের জটিলতা কিংবা অন্ত্রের প্রদাহজনিত রোগের সংকেত দিতে পারে। তাই এমনটি লক্ষ্য করলে স্বাভাবিক মনে না করে দ্রুত বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া উচিত।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস