খুঁজুন
, ,

ফরিদপুরে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা

স্টাফ রিপোর্টার:
প্রকাশিত: শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:০৩ অপরাহ্ণ
ফরিদপুরে বসুন্ধরা শুভ সংঘের নতুন কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা

ফরিদপুরে বসুন্ধরা শুভ সংঘের জেলা কার্যনির্বাহী নতুন কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের রাজেন্দ্র কলেজের ক্যান্টিনে স্বেচ্ছাসেবী সংগঠনটির সামনের দিনে কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টাবৃন্দ, সভাপতি ও সম্পাদকসহ কমিটির সদস্যরা বিভিন্ন মতামতের সাথে কর্মপরিকল্পনা তুলে ধরেন বক্তারা। সভা শেষে কলেজ চত্বরে শহীদ মিনারের সামনে ভাষার মাসে কমিটির সকলকে নিয়ে ছবি তোলা হয়।

কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে, হতদরিদ্র নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ, শিশু কিশোরদের সাহিত্য প্রতিযোগিতার আয়োজন, বই পড়ার আয়োজন, অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির, বাল্যবিবাহ রোধে সচেতনতা, ময়লা-আবর্জনার সুষ্ঠু ব্যবস্থাপনা, বৃক্ষ রোপন, বৃদ্ধাশ্রম বা এতিমখানায় পিঠা উৎসবসহ বিভিন্ন ক্যাম্পেইন করার কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হয়।

পরিচিতি সভায় সংগঠনের ফরিদপুর জেলা শাখার সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা প্রফেসর এস এম আব্দুল হালিম, বাংলা নিউজের জেলা প্রতিনিধি হারুন অর রশিদ, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. নুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায়, দপ্তর সম্পাদক তিহান আহমেদ, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এহসানুল হক মিয়া, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাসুদেব বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মহানন্দ দত্ত, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল আলিম মৃধা, আপ্যায়ন বিষয়ক সম্পাদক বিপ্লব বিশ্বাস, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ফয়সাল, কার্যকরী সদস্য সজল সরকার, মুক্তা খানম, রনি রায় ও অমিত রায় প্রমুখ।

ফরিদপুর জেলা শুভ সংঘের কমিটিতে আরো যাঁরা রয়েছেন তারা হলেন, প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি কামরুজ্জামান সোহেল, উপদেষ্টা নুরুল ইসলাম নুরুল ও আজহারুল ইসলাম, সহসভাপতি আদি শরীফ আমির ও সৈয়দ মাহাবুব সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আক্তার ও তৌফিক রাজ, সাংগঠনিক সম্পাদক মাজেদুল হক লিটু, অর্থ সম্পাদক সুজাউজ্জামান, নারী বিষয়ক সম্পাদক সায়মা আজিজ স্বর্না, ইভেন্ট সম্পাদক সাহেল আক্তার, প্রচার সম্পাদক ও নিউজ ২৪ ফোর টেলিভিশনের জেলা প্রতিনিধি সোহাগ জামান, স্বাস্থ্য ও মানব সম্পাদক ডা. আরমান দিপ্ত, নারী ও শিশু বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা মৌ, শিক্ষা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক কাকলি সরকার, সমাজ কল্যাণ সম্পাদক তামান্না আফরোজ, কার্যকরী সদস্য সনত চক্রবর্তী, সম্রাট শেখ, আরজিৎ, মো. মারুফ ও সঞ্জয় রায়।

সংগঠনের সভাপতি তন্ময় রায় এবং সাধারণ সম্পাদক সোনীয়া সুলতানা বলেন, উপদেষ্টাগণের পরামর্শক্রমে নতুন কমিটির পরিচিতি সভায় আমরা বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। এক একটা করে পরিকল্পনা গুলো বাস্তবায়নের চেষ্টা চালিয়ে যাব। তারা বলে, গঠনের সদস্যদের সাথে নিয়ে শুভ কাজে সাধারণ মানুষদের উদ্বুদ্ধ সচেতনতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাব।

ফরিদপুরের পদ্মার বিস্তীর্ণ চরে শুভ্রতার চাদর, শরতের কাশবনে প্রকৃতিপ্রেমীদের ঢল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
ফরিদপুরের পদ্মার বিস্তীর্ণ চরে শুভ্রতার চাদর, শরতের কাশবনে প্রকৃতিপ্রেমীদের ঢল

​“শরৎ রানী যেন কাশের বোরখাখানি খুলে, কাশবনের ওই আড়াল থেকে নাচছে দুলে দুলে”—কবি নির্মলেন্দু গুণের পঙ্‌ক্তির মতোই শরতের স্নিগ্ধ শুভ্রতায় রূপসী রূপ ধারণ করেছে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মার চরাঞ্চল। চারদিকে এখন হাজার হাজার কাশফুলের শুভ্র সমারোহ।

পদ্মার মৃদু বাতাসে দুলতে থাকা কাশফুলের সারি যেন দিগন্তজোড়া এক সাদা সমুদ্রের ঢেউ। দূর থেকে দেখলে মনে হয়, পলিমাটির বিশাল বুকে প্রকৃতি আপন হাতে বিছিয়ে দিয়েছে ধবধবে শুভ্র চাদর। মাথার ওপর নীল আকাশ, তুলোর মতো ভেসে যাওয়া সাদা মেঘ আর নিচে থোকা থোকা কাশফুলের এই মিতালি পদ্মার চরে সৃষ্টি করেছে এক অপার্থিব সৌন্দর্যের ক্যানভাস।

​ঋতুচক্রের আবর্তনে শরৎ এলেই বদলে যায় রূপসী বাংলার প্রকৃতি। নীল আকাশের ক্যানভাসে শুভ্র মেঘের ভেলা আর মেঠোপথের ধারে ধানের পাতার ওপর শিশিরের আলতো ছোঁয়া জানান দেয় প্রকৃতির পরিবর্তনের সুর। তবে শরতের সেই চিরচেনা রূপ এবার যেন পূর্ণতা পেয়েছে সদরপুরের আকোটেরচর ইউনিয়নের পদ্মার বুকে জেগে ওঠা বিশাল চরে।

​সরেজমিনে ঘুরে দেখা যায়, সদরপুর উপজেলার ২ নং আকোটেরচর ইউনিয়নের আকোট বাজারসংলগ্ন পদ্মার বিশাল চরাঞ্চলজুড়ে বিস্তৃত রয়েছে সুবিশাল এক কাশবন। যতদূর চোখ যায়—শুধু সাদা কাশের দোলাচলা। বাতাসের আলতো স্পর্শে যখন হাজার হাজার কাশফুল একসাথে দুলতে থাকে, তখন পুরো প্রান্তরজুড়ে যেন সৃষ্টি হয় ক্ষণে ক্ষণে রুপালি ঢেউ। কাশবনের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার পথ তৈরি হয়েছে স্বাভাবিক নিয়মেই। কোথাও কাশফুল কোমরসমান উঁচু, আবার কোথাও তা মানুষকেও ছাড়িয়ে গেছে। মাথার ওপর নীল আকাশের সঙ্গে কচি কাশের এই অপূর্ব মেলবন্ধন যেকোনো পথিকের মনকে এক নিমেষে ব্যাকুল করে তোলে।

​স্থানীয় বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় সদরপুরের বিভিন্ন এলাকা জুড়ে শরতের আগমনী বার্তা নিয়ে ফুটে উঠত এমন অজস্র কাশফুল। নদীর পার, ফসলের আইল, খালের ধার কিংবা পড়ে থাকা পতিত জমিতে শরতের হাওয়ায় মেতে উঠত শুভ্র কাশবন। তবে সময়ের বিবর্তনে বাড়ন্ত জনসংখ্যা, নগরায়ণ, ফসলের নিবিড় চাষাবাদ আর বিভিন্ন সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডের ফলে এলাকা থেকে ধীরে ধীরে বিলুপ্তির পথে বসেছে এই রূপসী কাশবন। ফলে ঐতিহ্য হারিয়ে যাওয়া এই সময়ে আকোট বাজারের পদ্মার চরে প্রাকৃতিক উপায়ে গড়ে ওঠা বিশাল এই কাশবন এখন প্রকৃতিপ্রেমী ও স্থানীয়দের কাছে এক পরম বিস্ময় ও আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে।

​প্রকৃতির এই রূপময় আয়োজনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনমুখে ছড়িয়ে পড়ায় প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন শুভ্রতার এই মেলায়। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে একটুখানি শান্তির খোঁজে কেউ আসছেন পরিবার-পরিজন নিয়ে, কেউবা সহপাঠী ও বন্ধুদের সঙ্গে। তরুণ-তরুণীদের আড্ডা, শুভ্র কাশের মাঝে দাঁড়িয়ে ছবি তোলা, টিকটক ও রিলস ভিডিও তৈরির হাসিমুখের ভিড়ে মূখরিত পুরো চর। রূপসী কাশের স্পর্শ নিয়ে অনেকেই স্মৃতির অ্যালবামে ধরে রাখছেন শরতের এই স্নিগ্ধতা।

​বিশেষ করে, গোধূলিলগ্নে পদ্মার চরের কাশবন ধারণ করে এক মায়াবী রূপ। পশ্চিমাকাশে দিনমণি যখন হেলে পড়ে, গোধূলির নরম আলো যখন আছড়ে পড়ে কাশফুলের গায়ে, তখন যেন সোনালি আর শুভ্রতার এক অন্যরকম আভা ছড়িয়ে পড়ে পুরো প্রান্তরে। একদিকে পদ্মার শান্ত জলরাশির হাওয়ায় কাশের নুয়ে পড়া, অন্যদিকে সূর্যাস্তের রক্তিম আলো—সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তিময় পরিবেশ গড়ে ওঠে এখানে।

​ঘুরতে আসা এক দর্শনার্থী আবেগপ্লুত হয়ে জানান, ইট-কাঠের যান্ত্রিক ব্যস্ততা থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে তিনি পরিবার নিয়ে পদ্মার চরে এসেছেন। তাঁর মতে, শহরের ইট-পাথরের দেয়াল ঘেরা জীবনে আমাদের শিশুরা প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের পাশাপাশি বড়দের মানসিক প্রশান্তি ও প্রকৃতির শুভ্রতার সঙ্গে পরিচয় করিয়ে দিতে এমন মনোরম চরাঞ্চলের জুড়ি নেই।

​আরেক দর্শনার্থী বলেন, আধুনিকতার আগ্রাসনে আর নদীভাঙনে চরাঞ্চল ও নদীপাড়ের প্রকৃতি আগের মতো নেই। একসময় যেখানে মাইলের পর মাইল শুভ্রতা ছড়িয়ে থাকত, এখন সেখানে হঠাৎ দু-একটি কচি কাশের গোছা চোখে পড়ে। সদরপুরের পদ্মার চরের এই কাশবনটি কেবল একটি পর্যটন কেন্দ্র বা সৌন্দর্যের জায়গা নয়, এটি আমাদের দেশীয় প্রকৃতির এক অমূল্য ঐতিহ্য। একে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব।

​স্থানীয় পরিবেশকর্মী ও প্রকৃতিপ্রেমীরা মনে করেন, পদ্মার চরের এই কাশবনটিকে কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া যাবে না। মানুষ যেন সচেতনভাবে কাশফুল না ছিঁড়ে কিংবা গাছ না ভেঙে এর স্বাভাবিক বিকাশ বজায় রাখতে সহায়তা করে, সে বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। নদীর চরের এই প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করা গেলে প্রতি বছরই শরৎ মৌসুমে এটি সদরপুরের সবচেয়ে বড় প্রাকৃতিক আকর্ষণ ও ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে।

​শরতের শুভ্রতা নিয়ে জেগে থাকা পদ্মার এই বিস্তৃত কাশবন কেবল একটি প্রজন্মের বিনোদনের কেন্দ্র না হয়ে উঠুক, নদীপাড়ের স্বাভাবিক ভারসাম্য রক্ষা করে এটি বেঁচে থাকুক যুগের পর যুগ। ভবিষ্যৎ প্রজন্মও যেন এভাবেই শরতের নীল আকাশের নিচে পদ্মার চরে এসে দিগন্তজোড়া কাশফুলের নাচন ও প্রশান্তি উপভোগ করতে পারে—এমনটাই প্রত্যাশা চর দেখতে আসা সকল প্রকৃতিপ্রেমীর।

ফরিদপুরে চুরির বেঞ্চ বিক্রি করতে গিয়ে ধরা, যুবকের চুল-গোঁফ কেটে দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
ফরিদপুরে চুরির বেঞ্চ বিক্রি করতে গিয়ে ধরা, যুবকের চুল-গোঁফ কেটে দিল জনতা

ফরিদপুর সদর উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চের লোহার ফ্রেম ও সাইনবোর্ড বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন সাব্বির খান (২৫) নামের এক যুবক। পরে উত্তেজিত জনতা তাঁকে আটকে রেখে তাঁর মাথার চুল ও গোঁফ কেটে দিয়েছে।

​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাব্বির ওই এলাকার আবুল খানের ছেলে এবং বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী।

​স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল বন্ধ হওয়ার পর সুযোগ বুঝে বিদ্যালয়ের চারটি বেঞ্চের লোহার ফ্রেম, স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল চুরি করে সাব্বির। বৃহস্পতিবার সকালে এসব মালামাল কানাইপুর বাজারের একটি ভাঙাড়ির দোকানে বিক্রি করতে যান তিনি। সেখানে বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হলে তাঁরা দ্রুত প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের খবর দেন।

​পরে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষকরা এসে মালামালসহ সাব্বিরকে হাতেনাতে আটক করেন। সেখান থেকে একটি নছিমন গাড়িতে করে তাঁকে বিদ্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয় প্রাঙ্গণে সাব্বিরকে বসিয়ে ব্লেড দিয়ে তাঁর চুল ও গোঁফ কেটে দেয়। এ সংক্রান্ত কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আটক ঘর থেকে কৌশলে পালিয়ে যান ওই যুবক।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী দত্ত বলেন, “বন্ধের সুযোগে মালামালগুলো চুরি হয়েছিল। আমরা সকালে চুরির বিষয়টি জানতে পারি। পরে স্থানীয়রা চোরকে আটক করলে তাঁকে এনে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯-এ পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার আগেই তিনি পালিয়ে যান। তবে এর মাঝে এলাকার কিছু লোক তাঁর চুল ও গোঁফ কেটে দেয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নিতে আমি থানায় লিখিত অভিযোগ করেছি।”

​ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই অভিযুক্ত যুবক পালিয়ে যায়। লিখিত অভিযোগ সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় সাজা, এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার বায়েজিদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ফরিদপুরে অবৈধ ওষুধ কারখানায় সাজা, এনসিপি থেকে স্থায়ী বহিষ্কার বায়েজিদ

অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এনসিপির কেন্দ্রীয় কমিটির এক সিদ্ধান্তে তাকে প্রাথমিক সদস্যপদসহ দলটির সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

​জানা গেছে, গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত মো. বায়েজিদ হোসেন শাহেদের মালিকানাধীন ‘মেসার্স জনতা ল্যাবরেটরিজ’ নামের কারখানায় অভিযান চালায় জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ উপায়ে শিশুদের বেবি জেল এবং প্রাপ্তবয়স্কদের যৌন উত্তেজক আয়ুর্বেদিক ওষুধসহ বিপুল পরিমাণ অবৈধ ওষুধ উদ্ধার করা হয়।

​অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ইনসানা তানজীন ইকো। ১৯৫৬ সালের অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনের ৬/১ ধারা লঙ্ঘনের অভিযোগে বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ ঘোষণার পরপরই তাকে ফরিদপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকেই কারখানাটি অবৈধভাবে পরিচালনা করে আসছিলেন তিনি।

​এদিকে সাজাপ্রাপ্ত হওয়ার খবর প্রকাশের পরপরই কেন্দ্রীয়ভাবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে এনসিপি। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে (স্মারক: এনসিপি/কেন্দ্র/শোকজ/২০২৫-২০২৬/৬৩) বায়েজিদ হোসেনকে স্থায়ী বহিষ্কারের কথা জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী বায়েজিদ হোসেনকে অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।

​এর আগে ফরিদপুর জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খাঁন জানিয়েছিলেন, অন্যায়ের সঙ্গে দলের কোনো আপস নেই এবং ঘটনার তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বার্তা কেন্দ্রে জানানো হয়েছে।

​দণ্ডপ্রাপ্ত মো. বায়েজিদ হোসেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে পরিবারের সঙ্গে শহরের গোয়ালচামট এলাকায় বসবাস করছেন।