খুঁজুন
, ,

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তিতে হামলা, জেমসের কনসার্ট বাতিল; আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১:০০ পূর্বাহ্ণ
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তিতে হামলা, জেমসের কনসার্ট বাতিল; আহত ২৫

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস (নগর বাউল)-এর বহুল প্রতীক্ষিত সংগীতানুষ্ঠান হামলার ঘটনায় পণ্ড হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে জিলা স্কুলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী রয়েছেন।

শুক্রবার (২৫) রাত সাড়ে ৯টার দিকে স্কুল চত্বরে নগর বাউলের সংগীত পরিবেশনের কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগ মুহূর্তে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দিলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। এতে মুহূর্তেই অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জিলা স্কুলের শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে বিক্ষুব্ধরা সরে যেতে বাধ্য হয়। তবে এরই মধ্যে ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও দর্শক আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন— উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশে জেমসের সংগীতানুষ্ঠান বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন,“জেমসের অনুষ্ঠান সফল করতে আমাদের সব ধরনের প্রস্তুতি ছিল। কিন্তু হঠাৎ কেন, কী কারণে এবং কারা হামলা চালাল—তা বুঝে উঠতে পারিনি। ইটের আঘাতে আমাদের জিলা স্কুলের কমপক্ষে ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হয়েছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুই দিনব্যাপী ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্ধারিত ব্যান্ড সংগীত শিল্পী জেমসের পরিবেশনার মধ্য দিয়ে বর্ণাঢ্য এ আয়োজনের সমাপ্তি হওয়ার কথা ছিল।

ঐতিহাসিক ফরিদপুর জিলা স্কুল ব্রিটিশ শাসনামলে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত হাতেগোনা কয়েকটি বিদ্যালয়ের একটি। ১৮৪০ সালে যাত্রা শুরু করা এই শিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৮৫ বছর ধরে এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি, আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের চরভদ্রাসনে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে রাজু শেখ নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ রায় ঘোষণা করেন।

​রায় ঘোষণার সময় আসামি রাজু শেখ আদালতে উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশ পাহারায় তাকে কারাগারে পাঠানো হয়।

​মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ওই শিশুকে ধর্ষণের অভিযোগে রাজু শেখের বিরুদ্ধে চরভদ্রাসন থানায় মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ প্রয়োজনীয় সাক্ষী, চিকিৎসাসংক্রান্ত নথি ও অন্যান্য তথ্যপ্রমাণ উপস্থাপন করে।

​দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনায় আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

​রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রাব্বানী রতন বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা করে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

ফরিদপুরে দোকানঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
ফরিদপুরে দোকানঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় একটি পুরাতন দোকানঘরের দেয়াল ভাঙার সময় চাপা পড়ে শাহিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু জাফর (৬৫) নামে এক ব্যক্তির পুরাতন দোকানঘরের সাইড ওয়াল ভাঙার কাজ করছিলেন শাহিন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত দেয়ালটি হঠাৎ করে তার ওপর ভেঙে পড়ে। এতে শাহিনের বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

​ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

আলফাডাঙ্গায় ছাত্রদলের ডেঙ্গু বিরোধী মশক নিধন ও জনসচেতনতা অভিযান

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গায় ছাত্রদলের ডেঙ্গু বিরোধী মশক নিধন ও জনসচেতনতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গুর সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ডেঙ্গুর স্থানীয় প্রকোপ নিয়ন্ত্রণে এই সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে মশার ওষুধ ছিটান ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

​অভিযানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহান, ইমন তালুকদার, আলামিন শেখ, ফাহিম আহমেদ ও আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মীরা।

​কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা জিসান মিয়া জানান, ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় জনস্বার্থে এ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।