খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

সালথায় খাবারে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরি

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:৫৯ অপরাহ্ণ
সালথায় খাবারে চেতনানাশক মিশিয়ে এক বাড়িতে চুরি

ফরিদপুরের সালথায় খাবারের সাথে চেতনানাশক খাওয়ায়ে এক বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (২৯ জুন) দিবাগত রাতের যেকোন সময়ে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া মধ্যপাড়ায় মুক্তার মাতুব্বরের বাড়িতে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই পরিবারের দুজন পার্শ্ববর্তী বোয়ালমারী হাসপাতালে ভর্তি আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা যায়, মুক্তার মাতুব্বর ও তার ছেলে বাড়িতে না থাকায়, বাড়িতে মোক্তার মাতুব্বরের স্ত্রী রোকেয়া বেগম (৫৫), কন্যা গোলাপি আক্তার (৩৭) এবং নাতি রাসেল মোল্যা (১০) বসবাস করতেন। রবিবার দুপুরের আগে যেকোন সময় দুষ্কৃতকারীরা ওদের খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়। দুপুরের স্কুল থেকে টিফিনে রাসেল ওই খাবার খেলে স্কুলে গেলে সেখানে সে ঘুমিয়ে পড়ে। স্কুল ছুটি হলে বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়ে। ওই খাবার খেয়ে মোক্তারের স্ত্রী ও কন্যা অচেতন হয়ে পড়ে। এরপর রাতের কোন একসময়ে দুষ্কৃতকারীরা ঘরে থাকা, ধান, চাল, পেঁয়াজ সহ দামী মালামাল চুরি করে নিয়ে যায়। প্রতিবেশী পারুল বেগমের বাড়িতে থেকে দুষ্কৃতকারীরা খোঁজ খবর নিয়ে রেখেছে এবং সুযোগ বুঝে তারা খাবারে ওষুধ মিশিয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।

প্রতিবেশী মৃত দুলাল মাতুব্বরের স্ত্রী নারগিস বেগম বলেন, ওদের ফ্রিজে আমার মাছ রাখা ছিল। সকালে আমি মাছ আনতে গেলে দরজা খোলা ও সবকিছু এলোমেলো দেখতে পেয়ে ওদের অনেক ডাকাডাকি করলেও ওরা ওঠে নাই। তারপর মাতুব্বর বাড়িতে খবর দেই। মাথায় পানি ঢালার পর সুস্থ না হলে ভ্যানে করে হাসপাতালে নিয়ে যায়। এমনিতেই ওরা অনেক নিরীহ, এভাবে ওদের ক্ষতি করা ঠিক হয় নাই। এর বিচার হওয়া উচিত।

মোক্তার মাতুব্বরের নাতি জুবায়ের মোল্যা জানান, খবর পেয়ে আমি এসে দেখি নানী ও মা অচেতন হয়ে পড়ে আছে। মাথায় তেল পানি ঢাললেও তারা সুস্থ না হলে তাদের দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মায়ের জ্ঞান ফিরলেও নানু এখনও অচেতন হয়ে আছে। তাদের অচেতন করে পেঁয়াজ, ধান, চাল সহ ঘরের দামী মালামাল চুরি করে নিয়ে গেছে। কি কি খোয়া গেছে নানু সুস্থ না হলে বলতে পারবো না।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুরে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
ফরিদপুরে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ প্রশিক্ষণ

সরকার অনুমোদিত ফরিদপুর জেলার একমাত্র হজ্জ ও ওমরাহ এজেন্সি আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের উদ্যোগে হজ্জ যাত্রীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। যেখানে পবিত্র মক্কা নগরীতে হাজীদের করণীয় ও হজ্জের পবিত্রতা রক্ষায় প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার অনুমোদিত প্রশিক্ষকরা।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত শহরের স্বপ্নছোয়া কমিনিউটি সেন্টারে এই প্রশিক্ষণ দেয়া হয়। যেখানে হজ্জের চলতি মৌসুমে আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের মাধ্যমে নারী-পুরুষসহ ৯৬ জন হজ্জ যাত্রী অংশ নেয়।

এছাড়া চলতি মৌসুমে সারা দেশে প্রায় আড়াইশ জন হজ্জ্ব যাত্রী এজেন্সিটির মাধ্যমে হজ্জে যাবেন বলে প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব মনিরুল ইসলাম মোল্যা জানিয়েছেন। তিনি হজ্জ এজেন্সীস এসোসিয়েশন অব বাংলাদেশ অর্থাৎ হাব-এর ঢাকা জোনাল কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম মোল্লা।

হজ্জ প্রশিক্ষণে তিনি পবিত্র হজের গুরুত্ব, নিয়ম-কানুন ও করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এছাড়া অন্যদের মধ্যে প্রশিক্ষণ প্রদান করেন শাহ ফরিদ জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম আজাদ সহ অনেকে। তারা হজের বিভিন্ন আমল ও কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।

আরএসএম ট্রাভেলস এন্ড ট্যুরসের প্রধান কার্যালয় ফরিদপুর শহরের জেলা প্রশাসকের কার্যালয়ে বিপরীত পাশে অবস্থিত। প্রতি বছরই হজ্জ ও ওমারাহ যাত্রায় সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে।

ফরিদপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষা কর্মকর্তার লাশ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৬:১০ অপরাহ্ণ
ফরিদপুরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল শিক্ষা কর্মকর্তার লাশ

ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় গোপালগঞ্জ উপজেলা সদরের সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ রাজু ইসলাম (৩৬)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শনিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া এলাকার মাতৃকুঞ্জ নামে একটি আবাসিক ভবনের চতুর্থ তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শেখ রাজু ইসলাম গোপালগঞ্জ উপজেলা সদরে কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মউতলা গ্রামে। তিনি নুরুল ইসলাম শেখের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ভাঙ্গা পৌরসভার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হ্যাপি আক্তারের স্বামী। তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর আনুমানিক ১টা থেকে দেড়টার মধ্যে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান পরিবারের সদস্যরা। বিষয়টি বুঝতে পেরে দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে নিচে নামানো হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী হ্যাপি আক্তার জানান, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে তিনি বাসায় ফোন করেন। এ সময় তার মেয়েরা জানায়, তাদের বাবা ঘরের ভেতরে গলায় রশি দিয়েছেন। খবর পেয়ে তিনি দ্রুত বাসায় এসে স্বামীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নিহতের জমজ ভাই শেখ আব্দুর রাজ্জাক বলেন, মায়ের ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে আসেন। বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পর উপরের তলা থেকে চিৎকার শুনে দৌড়ে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পান। ঘটনাটি পরিবারের সদস্যদের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে।

এদিকে নিহতের ছোট মেয়ে আমেনা আক্তার (প্রায় ৪ বছর) জানায়, কিছুক্ষণ আগে তার বাবা তার পাশে শুয়ে ছিলেন। পরে তাকে পাশে না পেয়ে পাশের কক্ষে গিয়ে বাবাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। একই সঙ্গে নিহতের সহকর্মী ও স্বজনদের সঙ্গেও কথা বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

সংবাদ প্রকাশের পর: জমিদার বাড়ি সংরক্ষণে পদক্ষেপের ঘোষণা দিলেন এমপি বাবুল

সদরপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৪:২৯ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পর: জমিদার বাড়ি সংরক্ষণে পদক্ষেপের ঘোষণা দিলেন এমপি বাবুল

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাইশরশি জমিদার বাড়ি সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে এমপি বাবুল সরেজমিনে জমিদার বাড়িটি পরিদর্শন করেন এবং সংরক্ষণে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি বলেন, এই জমিদার বাড়িটি আমাদের এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী নিদর্শন। এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। ইতোমধ্যে আমরা এটি অধিদপ্তর-এর আওতায় এনে সংরক্ষণের চেষ্টা করছি।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই জমিদার বাড়ির বিভিন্ন অংশ নষ্ট হয়ে যাচ্ছে। সম্প্রতি গুপ্তধনের আশায় বউঘাট খননের ঘটনাও এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে।

শহিদুল ইসলাম বাবুলের এ ঘোষণায় এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে ঐতিহাসিক এই স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন।