খুঁজুন
, ,

ন্যায্যমূল্যে সার ও খাল দখলমুক্ত করার দাবীতে ফরিদপুরে মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩:৪৩ অপরাহ্ণ
ন্যায্যমূল্যে সার ও খাল দখলমুক্ত করার দাবীতে ফরিদপুরে মানববন্ধন

ফরিদপুরে চাহিদা মোতাবেক ন্যায্যমূল্যে সার প্রাপ্তি ও দখল হয়ে যাওয়া ‘সুতানালী’ খাল দখলমুক্ত করে প্রায় দুই হাজার একর জমির ফসল উৎপাদন নিশ্চিত করার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন কৃষকরা।

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর সদর উপজেলা কার্যালয়ে আসেন ক্ষতিগ্রস্ত কৃষাণ-কৃষাণীরা। পরে সেখানে তারা মানববন্ধন করে সমস্যার চিত্র তুলে ধরে বক্তব্য দেন।

বাংলাদেশ কৃষক সমিতি, ফরিদপুর’র ব্যনারে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন থেকে বক্তারা দাবী করেন, বিভিন্ন এলাকায় কৃত্তিম সার সংকট দেখিয়ে কৃষকদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছে। কোথাও কোথাও আবার অতিরিক্ত মূল্য দিয়েও সার মিলছে না।

তারা আরো জানান, ফরিদপুরের সদর উপজেলার ছয় কিলোমিটার দৈর্ঘ্যরে ঐতিহ্যবাহী সুতানালী খালটির বারখাদা সেতু থেকে শিবরামপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ‘মামুন গ্রুপ’ নামের একটি শিল্প প্রতিষ্ঠান ভরাট করে একাধিক জায়গা দখলে নেয়া ও স্থাপনা নির্মাণ করায় উপজেলার ঈশান গোপালপুর ও মাচ্চর ইউনিয়নের চারটি বিল ও মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। এতে বছরের অধিক সময় ধরে ওই সকল বিল ও মাঠের জমিতে জলাবদ্ধতা থাকায় ফসল আবাদ করা সম্ভব হচ্ছে না। তিন ফসলী জমি এখন এক ফসলী জমিতে রুপান্তরিত হয়েছে। প্রায় দুই হাজার একর জমি অনাবাদি থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। তারা অবিলম্বে এ সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া উপস্থিত হয়ে কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

ফরিদপুরে বসতবাড়ি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ণ
ফরিদপুরে বসতবাড়ি থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার, নারী গ্রেপ্তার

ফরিদপুর শহরের কুঠিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শিল্পী বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) হাসান সিকদার সঙ্গীয় ফোর্স নিয়ে ওই নারীর বসতবাড়িতে তল্লাশি চালান। এ সময় তাঁর ঘর থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ মাদকদ্রব্য জব্দ করে তাঁকে গ্রেপ্তার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। গ্রেপ্তার নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ফরিদপুরে ডিম খাওয়া নিয়ে বিরোধে মারামারি, ঠেকাতে গিয়ে কৃষকের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
ফরিদপুরে ডিম খাওয়া নিয়ে বিরোধে মারামারি, ঠেকাতে গিয়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধের জেরে ছেলের সঙ্গে দুই প্রতিবেশীর মারামারি থামাতে গিয়ে মো. লুৎফার মোল্যা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয় কয়েকজনের দাবি, মারামারি থামাতে গিয়ে তাঁকে মারধর করা হয়। তবে পুলিশের দাবি, কোনো আঘাতে নয়, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারে এ ঘটনা ঘটে। লুৎফার মোল্যা উপজেলার চান্দাখোলা গ্রামের মৃত পান্নু মোল্যার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার সন্ধ্যায় মোন্তারমোড় বাজারে ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলে মো. লিয়াকত মোল্যার সঙ্গে প্রতিবেশী আলামিন ও মো. শামের কথা-কাটাকাটি ও হাতাহাতিতে হয়। খবর পেয়ে লুৎফার ঘটনাস্থলে গিয়ে তাদের থামানোর চেষ্টা করেন। এ সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

তবে স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মারামারি থামাতে গেলে লুৎফারকে কিল-ঘুষি মারা হয়। এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, ডিম খাওয়া নিয়ে লুৎফারের ছেলের সঙ্গে দুই যুবকের মারামারি হয়। এ সময় এগিয়ে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে লুৎফারের মৃত্যু হয়। তার শরীরে আঘাতের কারণে মৃত্যু হয়েছে বলে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এ ঘটনায় কেউ অভিযোগও করেননি।

আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আরাফাত হোসেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন আরাফাত হোসেন

ফরিদপুরের আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আরাফাত হোসেন।

​বুধবার (১৪ অক্টোবর) উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি পরবর্তী মেয়াদের জন্য এ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন ও ঘোষণা দেয়। নবনির্বাচিত সভাপতি মো. আরাফাত হোসেন আলফাডাঙ্গা পৌর এলাকার কুসুমদি গ্রামের বাসিন্দা।
​
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. আরাফাত হোসেন এলাকায় একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কাজের সাথে সম্পৃক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে পানি নিষ্কাশনের দীর্ঘদিনের সমস্যা সমাধানে তিনি সম্প্রতি নিজ অর্থায়নে একটি আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করে দেন। তাঁর এই উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াত ও স্বাভাবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মো. আরাফাত হোসেন বলেন, “আলফাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

​তিনি বিদ্যালয়ের সার্বিক সার্বিক উন্নতির জন্য শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেছেন।

​এদিকে মো. আরাফাত হোসেন সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।