খুঁজুন
, ,

ভাঙ্গায় সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:০৭ অপরাহ্ণ
ভাঙ্গায় সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২৫

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও সাউন্ড বক্স বাজাঁনোকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদেরকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার হামেরদী ইউনিয়নের সিঙ্গারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

খৃৃবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার সিঙ্গারিয়া গ্রামের মনি মোল্লার দলের সাথে একই গ্রামের আসাদ মেম্বারের দলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার মনি মোল্লার দলের বাবুল মোল্লার ছেলের সুন্নতে খাতনা অনুষ্ঠানে জোরে জোরে সাউন্ড বক্স বাজাতে ছিল। তখন আসাদ মেম্বারের দলের লোকজন সাউন্ড বক্স আস্তে আস্তে বাজাতে বলে। এই নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে সাউন্ড বক্স বন্ধ করতে পুলিশকে খবর দেওয়া হয়। এর জের ধরে রবিবার সকালে আসাদ মাতুব্বরের দলের জাফর মাতুব্বরকে মারধর করে ৩টি দাঁত ভেঙে দেয় মনি মোল্লার লোকজন। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে মনি মোল্লার দলের লোকজন ও আসাদ মাতুব্বরের দলের লোকজন দেশী অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করলে এলাকায় রণক্ষেত্র পরিণত হয়। ঘন্টা ব্যাপী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন গ্রামবাসী আহত হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, সিংগারিয়া গ্রামে সংঘর্ষের খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন চত্বরে সমবেত হন। পরে সেখান থেকে কয়েকটি দলে বিভক্ত হয়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালনের উদ্দেশ্যে রওনা দেন তারা।

ফরিদপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার চন্দন দেবনাথ বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে—ভাঙ্গা মোড়, পুখুরিয়া, রাজবাড়ী রাস্তার মোড়, মুন্সিবাজার, তালমা, সদরপুর ও চরভদ্রাসন পয়েন্ট। এছাড়া শহরের বাসস্ট্যান্ড, হাসপাতাল, রেলস্টেশন, পাসপোর্ট অফিস ও আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও তারা দায়িত্ব পালন করছেন।

জেলা কমান্ডার আরও জানান, জননিরাপত্তা নিশ্চিত করা, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আনসার সদস্যরা সতর্ক অবস্থানে থেকে নিয়মিত টহল পরিচালনা করছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছেন।

টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
টানা বৃষ্টিতে বিপর্যস্ত ফরিদপুরের জনজীবন, ফসলের ক্ষতির শঙ্কায় কৃষক

টানা কয়েক দিনের অবিরাম বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় ফরিদপুরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে চলা মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, শ্রমজীবী ও শিক্ষার্থী। পাশাপাশি মাঠের আমন ধান ও আগাম শীতকালীন ফসলের ক্ষতির শঙ্কায় দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকেরা।

জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা বর্ষণে গ্রামীণ কাঁচা ও আধাপাকা সড়কগুলো কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পানি জমে যাওয়ায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। শহরের নিচু সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় স্বাভাবিক বেচাকেনা ও দৈনন্দিন কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। বৃষ্টির কারণে দিনমজুর, নির্মাণশ্রমিক ও ভ্যান-রিকশাচালকদের কাজ কমে যাওয়ায় নিম্নআয়ের মানুষের আয়-রোজগারে টান পড়েছে।

অন্যদিকে, এই টানা বৃষ্টি জেলার কৃষি খাতে বড় ধরনের দুশ্চিন্তা তৈরি করেছে। বর্তমানে মাঠের আমন ধান পাকার শেষ পর্যায়ে রয়েছে এবং অনেক এলাকায় কাটার প্রস্তুতি চলছে। বৃষ্টির পানিতে জমিতে পানি জমে যাওয়ায় ধানের গাছ হেলে পড়া ও শিষ নুইয়ে পড়ার আশঙ্কা করছেন চাষিরা। এ ছাড়া আগাম শীতকালীন সবজি যেমন—শিম, মুলা, ফুলকপি, বাঁধাকপি, লালশাক ও পালং ক্ষেতে জলাবদ্ধতা দেখা দিলে চারা ও গাছ পচে গিয়ে ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, সারা বছরের পরিশ্রমে ফসল ঘরে তোলার মুখে এমন বৃষ্টিতে তারা বড় ক্ষতির মুখে পড়ার শঙ্কায় রয়েছেন। জমিতে দীর্ঘক্ষণ পানি জমে থাকলে ধান কাটা ও মাড়াই কাজে বিলম্ব হবে এবং উৎপাদনও কমে যেতে পারে।

কৃষি সংশ্লিষ্টদের মতে, টানা মেঘলা আবহাওয়া ও অতিরিক্ত আর্দ্রতার কারণে ফসলে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ বাড়ার ঝুঁকি থাকে। তাই ক্ষেত থেকে দ্রুত অতিরিক্ত পানি বের করে দেওয়ার ব্যবস্থা রাখা জরুরি। বৃষ্টি আরও কয়েক দিন স্থায়ী হলে জনদুর্ভোগ আরও বাড়ার পাশাপাশি জেলার কৃষি অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, “টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে জেলার কিছু এলাকায় আমন ধান এবং আগাম শীতকালীন সবজির ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই; জমিতে যাতে দীর্ঘ সময় পানি জমে না থাকে, সে জন্য কৃষকদের দ্রুত নালা কেটে অতিরিক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে। পাকা ও আধা-পাকা ধান হেলে পড়লে বা জমিতে পানি জমলে ছত্রাকজনিত রোগ ও শিষ নষ্ট হওয়ার ঝুঁকি থাকে—এ বিষয়ে আমরা মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দিচ্ছি। আবহাওয়া স্বাভাবিক হলে এবং দ্রুত পানি সরানো গেলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে।”

জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৮:১৭ অপরাহ্ণ
জ্বলন্ত মুকসুদপুর থানা থেকে অস্ত্র উদ্ধার: সালথা ওসিসহ টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

দেশের সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিতিশীলতার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর থানায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংঘটিত ওই নাশকতায় থানা ক্ষতিগ্রস্ত হওয়ার পর উদ্ভূত ঝুঁকিপূর্ণ ও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় অসীম সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন ফরিদপুরের সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতার প্রেক্ষাপটে অস্ত্রাগারে রক্ষিত সরকারি এবং পাবলিক অস্ত্রের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়। এমন উত্তপ্ত পরিস্থিতিতে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি টিম দ্রুত ও সমন্বিত অভিযান পরিচালনা করে। তারা মুকসুদপুর থানা থেকে অস্ত্রাগারে রক্ষিত অস্ত্রসমূহ নিরাপদে উদ্ধার করে ফরিদপুর পুলিশ লাইনসে নিয়ে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

প্রতিকূল ও ঝুঁকিপূর্ণ পরিবেশে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ, কর্তব্যনিষ্ঠা এবং সাহসিকতার এই পদক্ষেপকে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এই দায়িত্বশীল ভূমিকা জেলার অন্যান্য পুলিশ সদস্যদের মধ্যেও কর্মস্পৃহা ও পেশাগত দায়বদ্ধতা বৃদ্ধিতে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করা হচ্ছে।

এমন গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান এবং তাঁর নেতৃত্বাধীন সকল অফিসার ও ফোর্সকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।

তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, ভবিষ্যতেও দেশ, জনগণ ও বাংলাদেশ পুলিশের মর্যাদা সমুন্নত রাখতে এই পেশাদারিত্ব ও সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে। পাশাপাশি এ সাহসী ভূমিকার স্বীকৃতিস্বরূপ ওসি এবং তাঁর টিমকে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে, ওসি মো. বাবলুর রহমান খান ও তাঁর সাহসী টিমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ২৭তম আউটসাইড ক্যাডেট ২০০৫ ব্যাচ। ব্যাচের পক্ষ থেকে জানানো হয়, দুঃসাহসিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের এই অনন্য দৃষ্টান্ত তাদের পুরো ব্যাচের জন্যই অত্যন্ত গর্বের।