খুঁজুন
, ,

ভূমিকম্পে ভূমি কাঁপে, আত্মা কাঁপে

জয়ন্ত সরকার
প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ণ
ভূমিকম্পে ভূমি কাঁপে, আত্মা কাঁপে

ভূমিকম্প। চলমান বাংলাদেশের যাপিত জীবনে ভয়ংকর এক আতঙ্কের নাম। গত ২১ নভেম্বর, ২০২৫, শুক্রবার নরসিংদীর মাধবদীতে সৃষ্ট ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্র বাংলাদেশ, জনমনে তৈরি হয় ব্যাপক আতঙ্ক। তার পর থেকে দফায় দফায় দেশের ভিন্ন ভিন্ন স্থানে সৃষ্ট ছোট ছোট মাত্রার ভূমিকম্প এই আতঙ্ক বাড়িয়ে চলেছে ক্রমান্বয়ে। পাশাপাশি তথাকথিত ভিউয়ের নেশায় কিছু কিছু গণমাধ্যমের উন্মাদনা, অতিরঞ্জিত প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য দেশবাসীর মনোজগতে ফেলেছে ব্যাপক নেতিবাচক প্রভাব। বিশেষ করে কোমলমতি শিশুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মারাত্মকভাবে, যা তাদের মননশীলতা বিকাশে রাখতে পারে সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব। প্রকৃতির অবারিত আশীর্বাদে মহিমান্বিত আমাদের এই সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বঙ্গভূমি। নয়নাভিরাম প্রাকৃতিক বৈচিত্র্য যেমন এর নান্দনিক সৌন্দর্যের আধার; তেমনি প্রায়ই এসব প্রাকৃতিক দুর্যোগ আমাদের উপনীত করে নির্মম বাস্তবতার সামনে। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে রয়েছে ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, দাবদাহ, শৈত্যপ্রবাহ, ভূমিকম্প ইত্যাদি। এগুলোর মধ্যে কোনোরকম পূর্বাভাস বা পূর্বসংকেত ছাড়াই যে দুর্যোগটি প্রলয়ংকরী ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম, সেটি হচ্ছে ভূমিকম্প।

সাধারণত ভূমিকম্প বলতে যে কোনো ধরনের ভূকম্পনজনিত ঘটনাকে বোঝায়। সেটা প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট উভয় কারণেই হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে ভূমিকম্পের কারণ হচ্ছে ভূগর্ভে ফাটল ও স্তরচ্যুতি হওয়া। তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে—ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তন, আগ্নেয়গিরি সংঘটিত হওয়া এবং শিলাচ্যুতি জনিত কারণে। পাশাপাশি এগুলো অন্যান্য কিছু কারণেও হতে পারে। যেমন—তাপ বিকিরণ, ভূগর্ভস্থ বাষ্প, ভূমিধস, ভূপাত, হিমবাহের প্রভাবে, খনিতে বিস্ফোরণ বা ভূগর্ভস্থ পারমাণবিক গবেষণায় ঘটানো পরীক্ষা-নিরীক্ষা থেকেও। ভূপৃষ্ঠের গভীরে অবস্থিত গ্যাস কোনো ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে বেরিয়ে এলে সে স্থানটি ফাঁকা হয়ে যায়। ফলে পৃথিবীর ওপরের অংশ ওই ফাঁকা স্থানে হঠাৎ দেবে গিয়ে ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। এমতাবস্থায়ও ভূপৃষ্ঠে প্রবল কম্পন অনুভূত হতে পারে। আবার ভূ-অভ্যন্তরস্থ শিলায় ক্রমাগত পীড়নের ফলে বিভিন্নরকম শক্তি সঞ্চিত হয়। সেই শক্তি হঠাৎ মুক্তি পেলে ভূপৃষ্ঠ ক্ষণিকের জন্য কেঁপে ওঠে অর্থাৎ ভূ-ত্বকের কিছু অংশ আন্দোলিত হয়। এ ধরনের আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনও ভূমিকম্প হিসেবে পরিচিত। সাধারণত কম্পন-তরঙ্গ হতে যে শক্তি উৎপন্ন হয়, তা ভূমিকম্প আকারে প্রকাশিত হয়। এই তরঙ্গ ভূ-গর্ভের কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে সৃষ্টি হয় এবং উৎসস্থল থেকে চারদিকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ মোদ্দাকথা হচ্ছে, ভূত্বকের উপরে বা নিচে শিলাস্তরের স্থিতিশীলতার বা অভিকর্ষীয় ভারসাম্যে বিঘ্ন ঘটার ফলে ভূপৃষ্ঠে সৃষ্ট কম্পনের নামই ভূমিকম্প। ভূমিকম্প সাধারণত কয়েক সেকেন্ড থেকে ১-২ মিনিট স্থায়ী হয়। খুব কমসংখ্যক ভূমিকম্প ৮-১০ মিনিট পর্যন্ত স্থায়ী হয়। কখনো কখনো কম্পন এত দুর্বল হয় যে, অনুভবও করা যায় না।

ভূমিকম্প সাধারণত তিন ধরনের হয়। মৃদু, মাঝারি এবং প্রচণ্ড। আবার উৎসের গভীরতা অনুসারে ভূমিকম্প তিনভাগে বিভক্ত। অগভীর, মধ্যবর্তী এবং গভীর ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূপৃষ্ঠের ৭০ কিলোমিটারের মধ্যে হলে অগভীর, ৭০ থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে হলে মধ্যবর্তী এবং ৩০০ কিলোমিটারের নিচে হলে তাকে গভীর ভূমিকম্প হিসেবে চিহ্নিত করা হয়। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ যা তরঙ্গ বা কম্পন রেকর্ড করে এবং ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প এক ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ – ৫.৯৯ মাঝারি, ৬ – ৬.৯৯ তীব্র, ৭ – ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর ওপর অত্যন্ত ভয়াবহ হিসেবে বিবেচিত হয়।

ভূমিকম্প হলে ভূ-ত্বকে অসংখ্য ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়। সমুদ্রতলের অনেক স্থান উপরে ভেসে উঠে দ্বীপের সৃষ্টি হতে পারে। আবার স্থলভাগের অনেক স্থান সমুদ্রে বিলীন হয়ে যেতে পারে। অনেক সময় নদীর গতিপথ পরিবর্তিত বা বন্ধ হয়ে যায়। ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বড় বড় বরফখণ্ড নিচে পড়ে যায়, ফলে পর্বতের পাদদেশ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তীব্র ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি সাময়িকভাবে তীর থেকে নিচে নেমে কিছুক্ষণ পরে প্রচণ্ড গর্জনসহ ১৫-২০ মিটার উঁচু হয়ে জলোচ্ছ্বাস আকারে উপকূলে আছড়ে পড়ে। যা সুনামি হিসেবে পরিচিত। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

প্রাগৈতিহাসিককালে পৃথিবীর সকল স্থলভাগ একত্রে ছিল। সময়ের পরিক্রমায় সেগুলো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পৃথিবীর উপরিভাগের ৭০-১০০ কিলোমিটার পুরুত্বের লিথোস্ফিয়ার ১৯-২০টি অনমনীয় টেকটোনিক প্লেটের সমন্বয়ে গঠিত। উত্তপ্ত ও নরম এস্থোনোস্ফিয়ারের ওপর ভাসমান এ প্লেটগুলো প্রতিনিয়ত এবং বৈশ্বিকভাবে গতিশীল। এই টেকটোনিক মুভমেন্ট ভূ-অভ্যন্তরীণ কনভেকশন কারেন্ট দ্বারা নিয়ন্ত্রিত। তবে প্লেটগুলোর প্রকৃতি ও প্রান্তীয় বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে প্লেটের গতি-প্রকৃতি ও মাত্রা ভিন্নতর হয়ে থাকে। ভূপৃষ্ঠের আয়তন সীমিত হওয়ায় টেকটোনিক প্লেটগুলো মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে সংকুচিত হয়ে যায়, যা বাংলাদেশের ক্ষেত্রে ১০০ বছরে প্রায় দেড় মিটার। অন্যদিকে বিপরীতমুখী সম্প্রসারণের মাধ্যমে জন্ম হয় নতুন প্লেটের। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, পাহাড়-পর্বত সৃষ্টিসহ সবকিছুই নিয়ন্ত্রিত হয় ভূত্বক গঠনকারী প্লেটগুলোর সঞ্চারণের ওপর। ভূ-অভ্যন্তরস্থ টেকটোনিক প্লেটসমূহ পরস্পরের সঙ্গে লেগে থাকে। কোনও কারণবশত এগুলোর মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট শক্তি সিসমিক তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গ অত্যন্ত শক্তিশালী হলে সেটি পৃথিবীর উপরিতলে এসে পৌঁছায়। তারপরও যথেষ্ট শক্তি সঞ্চিত থাকলে সেটা ভূ-ত্বককে কাঁপিয়ে তোলে। ভূ-অভ্যন্তরের গলিত পদার্থসমূহ অবস্থান করে টেকটোনিক প্লেটগুলোর ঠিক নিচেই। প্রাকৃতিক কোনো কারণে এই গলিত পদার্থগুলোর স্থানচ্যুতি ঘটলে প্লেটগুলোও স্থানচ্যুত হয়। এসময় একটি প্লেটের কোনো অংশ অপর প্লেটের নিচে ঢুকে গেলে প্রচণ্ড ঘর্ষণের ফলে ভূমিতে কম্পন সৃষ্টি হয়। যার চূড়ান্ত পরিণতি ভূমিকম্প হিসেবে বহির্প্রকাশ।

ভূগর্ভে ভূকম্প-তরঙ্গ উৎপত্তিস্থলকে বলা হয় ভূমিকম্পের কেন্দ্র বা হাইপোসেন্টার। কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের ওপর সর্বনিম্ন দূরত্বে লম্ব টানলে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে উপকেন্দ্র বা এপিসেন্টার। ভূমিকম্পের কেন্দ্র থেকে কম্পন ভিন্ন ভিন্ন তরঙ্গের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। শিলার পীড়ন-ক্ষমতা সহ্যসীমা অতিক্রম করলে শিলায় ফাটল ধরে এবং শক্তি নির্গত হয়। তাই সাধারণত ভূমিকম্পের কেন্দ্র চ্যুতিরেখা অংশে অবস্থান করে। সচরাচর ভূপৃষ্ঠ থেকে ১৬ কিমির মধ্যে এই কেন্দ্র অবস্থান করে। তবে ৭০০ কি.মি. গভীরে অবস্থিত গুরুমণ্ডল (Mantle) থেকেও ভূ-কম্পন সৃষ্টি হতে পারে।

প্রাকৃতিকভাবেই কার্বন চক্রের প্রভাবে ভূমিকম্প হয়ে থাকে। বৈশ্বিকভাবে ভূমিকম্প সংঘটিত হওয়ার উৎসস্থল মূলত দুটি। একটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অফ ফায়ার এলাকা’। পৃথিবীতে সংঘটিত ভূমিকম্পসমূহের ৯০ শতাংশের উৎসস্থল এটা। অপরটি ‘আলপাইন-হিমালয়ান’ অঞ্চল এবং ভৌগোলিকভাবে বাংলাদেশ এই অঞ্চল তথা ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মা টেকটোনিক প্লেটের মধ্যে অবস্থিত। বাংলাদেশের উত্তরে অবস্থিত ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংযোগস্থল এবং পূর্বে বার্মিজ প্লেট ও ইন্ডিয়ান প্লেটের সংযোগস্থল। ইন্ডিয়ান এবং ইউরেশিয়ান প্লেট দুটি ১৯৩৪ সালের পর থেকে হিমালয়ের পাদদেশে আটকে আছে, অপেক্ষা করছে বড় ধরনের নড়াচড়ার অর্থাৎ তীব্র মাত্রার ভূ-কম্পনের। অন্যদিকে বাংলাদেশ ও ভারতের পূর্ব অংশের ইন্ডিয়ান প্লেট মিয়ানমারের পশ্চিম অঞ্চলের প্লেটকে বছরে ৪৬ মিলিমিটার করে ধাক্কা দিচ্ছে এবং ক্রমান্বয়ে বার্মিজ প্লেটের নিচে চলে যাচ্ছে। প্লেটগুলো এভাবে গতিশীল থাকায় বাংলাদেশ ভূখণ্ডও ক্রমান্বয়ে সরে যাচ্ছে।

বিগত প্রায় ৪০০ বছর ধরে বাংলাদেশের অবস্থানস্থল তথা ইন্ডিয়ান-বার্মা টেকটোনিক প্লেটে চাপ জমে উঠছে। এই চাপ মুক্ত হলে সৃষ্ট ভূমিকম্পের মাত্রা হতে পারে প্রায় ৮.২ রিখটার, এমনকি তা ৯ রিখটারেও পৌঁছাতে পারে। বাংলাদেশে ভূমিকম্পনের উৎস দুটি হলো পূর্বাঞ্চলীয় সাবডাকশন জোন ও উত্তরাঞ্চলীয় ডাউকি ফল্ট জোন যা হিমালয়ের পাদদেশ এলাকায়। এসব স্থানে অনিবার্যভাবে ভূমিকম্প সংঘটিত হবে। সাবডাকশন জোন হলো এমন একটি এলাকা, যেখানে দুটি টেকটোনিক প্লেটের সংঘর্ষ হয় এবং একটির নিচে অন্যটি তলিয়ে যায়। ‘ইন্দো-বার্মা সাবডাকশন জোন’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকা পর্যন্ত বিস্তৃত। এই ইন্দো-বার্মা সাবডাকশন জোন আবার দুটি ভাগে বিভক্ত। একটি হলো লকড জোন, অপরটি স্লো-স্লিপ জোন। লকড জোন ভয়াবহ ভূমিকম্প প্রবণ অঞ্চল। যা বাংলাদেশের পূর্ব প্রান্তে বা সাবডাকশন জোনের পশ্চিমে অর্থাৎ সুনামগঞ্জ-কিশোরগঞ্জ-মেঘনা নদী থেকে পূর্বে ভারতের মণিপুর-মিজোরাম অঞ্চল পর্যন্ত বিস্তৃত। এখানে ৮০০ থেকে ১০০০ বছর আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। ফলে বর্তমানে সেখানে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সংঘটিত হওয়ার মতো শক্তি সঞ্চিত আছে।

ভূ-তাত্ত্বিক গঠন অনুসারে বাংলাদেশে ৮টি ভূতাত্ত্বিক চ্যুতি এলাকা বা ফল্ট জোন সক্রিয় রয়েছে। এগুলো হচ্ছে বগুড়া চ্যুতি এলাকা, রাজশাহীর তানোর চ্যুতি এলাকা, ত্রিপুরা চ্যুতি এলাকা, চট্টগ্রাম উপকূল বরাবর সীতাকুণ্ড-টেকনাফ চ্যুতি এলাকা, সিলেট-মেঘালয় সীমান্তের ডাউকি চ্যুতি এলাকা, ডুবরি চ্যুতি এলাকা, সিলেটের শাহজীবাজার চ্যুতি এলাকা (আংশিক-ডাউকি চ্যুতি) এবং রাঙামাটির বরকলে রাঙামাটি চ্যুতি এলাকা। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামসহ দেশের সমতল ভূমিতে অসংখ্য ফাটল অবস্থিত, যা ভূমিকম্পের কারণ হতে পারে। রাজধানী ঢাকার পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে অর্থাৎ চারপাশেই ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো ফাটল লক্ষ্য করা যায়।

যুগ যুগ ধরে গঙ্গা-ব্রহ্মপুত্র অববাহিকায় ১৯ কিলোমিটার গভীর পলি জমে সৃষ্ট বাংলাদেশ নামক ভূখণ্ড ভূমিকম্পের প্রভাবে জেলাটিনের মতো কেঁপে উঠতে পারে। ফলে কিছু কিছু জায়গা তরলে পরিণত হয়ে গ্রাস করতে পারে বিশালাকার ভবন, রাস্তাঘাট আর মানুষের বসতিসহ বিভিন্ন অবকাঠামো ও স্থাপনা। প্রায় ৬২ হাজার বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বাংলাদেশকে, ভূমিকম্পের তীব্রতার ভিত্তিতে ভূ-কম্পন এলাকাভিত্তিক মানচিত্রে কয়েকটি অঞ্চলে ভাগ করা হয়েছে। যেখানে ৪৩ শতাংশ এলাকা উচ্চমাত্রার ঝুঁকিতে অর্থাৎ জোন-১ এ অবস্থিত। এলাকাগুলো হচ্ছে পঞ্চগড়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার সম্পূর্ণ অংশ, এবং ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, রাঙামাটি, খাগড়াছড়ি ও কক্সবাজারের অংশবিশেষ। ৪১ শতাংশ এলাকা মধ্যমমাত্রার ঝুঁকিতে অর্থাৎ জোন-২ এ অবস্থিত। এলাকাগুলো হচ্ছে রাজশাহী, নাটোর, মাগুরা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী এবং ঢাকা। ১৬ শতাংশ এলাকা নিম্নমাত্রার ঝুঁকিতে অর্থাৎ জোন-৩ এ অবস্থিত। এলাকাগুলো হচ্ছে বরিশাল, পটুয়াখালী এবং সকল দ্বীপ ও চর।

সমগ্র বাংলাদেশের ন্যায় রাজধানী ঢাকার ভূ-ত্বকও নরম পাললিক শিলার সমন্বয়ে গঠিত। ঢাকার সম্প্রসারিত অংশে জলাভূমি ভরাট করে গড়ে উঠেছে আবাসন এলাকা। ভূমিকম্পের সময় নরম মাটি ও ভরাট করা এলাকার মাটি ভূমিকম্পের কম্পন তরঙ্গকে বাড়িয়ে দেয়, ফলে বেড়ে যায় ভূমিকম্পের তীব্রতা। ভূমিকম্পনের জন্য ভূতাত্ত্বিক ঝুঁকিপূর্ণ বিশ্বের ২০টি শহরের মধ্যে ঢাকাও অন্যতম। ঢাকা থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরত্বে মধুপুর অঞ্চলে ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প হওয়ার মতো ভূতাত্ত্বিক ফাটল রেখা অবস্থিত। এদিকে ঘরবাড়িসহ ঢাকার অধিকাংশ অবকাঠামো এবং স্থাপনাসমূহ ভূমিকম্পসহনীয় বিল্ডিং কোড অনুসারে নির্মিত নয়। ফলে ভূ-কম্পন মানচিত্রে ঢাকা জোন-২ অর্থাৎ মাঝারিমাত্রার ঝুঁকিতে অবস্থান করলেও, এতদ্ সংলগ্ন নিকটবর্তী অঞ্চলে তীব্রমাত্রার ভূমিকম্পে ঢাকার প্রায় ৮০ শতাংশ ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসময় অপরিকল্পিত ইউটিলিটি সংযোগসমূহ থেকে হতে পারে ফায়ার টর্নেডো। ফলে যে প্রলয়ংকরী ধ্বংসলীলা সংঘটিত হবে তা ছাড়িয়ে যেতে পারে পৃথিবীর অন্যান্য সকল প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতিকেও। ঢাকার কিছু কিছু অঞ্চলে ভূমিকম্প পরবর্তী উদ্ধারকাজ এবং ত্রান কার্যক্রম পরিচালনাও হয়ে পড়বে দুঃসাধ্য। তাই সম্ভাব্য সংকট মোকাবেলায় রাষ্ট্রীয়ভাবে জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ আবশ্যক। ভূমিকম্পের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং মহড়ার মাধ্যমে সকল স্তরের মানুষকে প্রশিক্ষিত করে তুলতে হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে অপসারণ অথবা রেট্রো ফিটিংয়ের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুসারে ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ বাধ্যতামূলক করতে হবে। রাজধানী ঢাকাকে বিকেন্দ্রীকরণ, প্রয়োজনে কম ভূমিকম্পন প্রবণ অঞ্চলে স্থানান্তরের ব্যবস্থা করা যেতে পারে। পাশাপাশি দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।

সাধারণত মূল ভূমিকম্পের পূর্বে ও পরে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হয়। যেগুলোকে বল হয় ফোরশক এবং আফটার শক। সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশে ঘন ঘন স্বল্পমাত্রার ভূমিকম্প পরিলক্ষিত হচ্ছে। এগুলোকে ফোরশক হিসেবে বিবেচনা করলে অদূর ভবিষ্যতে প্রচণ্ড মাত্রার ভূমিকম্পের প্রবণতা স্পষ্ট বলে প্রতীয়মান হয়। আর মূল ভূমিকম্প পরবর্তী তিন-চার দিনের মধ্যে আফটার শকের প্রবল সম্ভাবনা থেকে যায়, যা মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে। অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পও আন্তর্জাতিক সীমানা রেখা মেনে সংঘটিত হয় না। টেকটোনিক প্লেটের সাংঘর্ষিকস্থলে অবস্থানের কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, নেপাল, ভূটান, চীনের মতো যে কোনো একটি দেশে উচ্চমাত্রার ভূমিকম্প সংঘটিত হলে পার্শ্ববর্তী দেশগুলোতেও ভয়াবহ বিপর্যয় নেমে আসা অসম্ভব নয়। তাই সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সমন্বিতভাবে আন্তঃদেশীয় প্রস্তুতি গ্রহণ সময়ের অপরিহার্য দাবি।

লেখক : জয়ন্ত সরকার, কলাম লেখক এবং গণমাধ্যমকর্মী

সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগে নতুন অগ্রগতি এসেছে। বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২৬ তারিখের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ১৯ জুলাই ২০২৬ তারিখে আধা-সরকারি (ডিও) পত্রের মাধ্যমে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে পড়া জনপদের মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৮৮ সালে নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকার অসংখ্য শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি জাতীয়করণ হলে শিক্ষক সংকট দূর হওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং দরিদ্র ও গ্রামীণ পরিবারের মেয়েদের জন্য উন্নত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের আওতায় আনা হবে।

ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও জব্দ করা হাতিটি এখনো সদরপুর থানা প্রাঙ্গণেই রয়েছে। হাতিটির মালিকানা ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাতিটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে, নাকি বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হবে -তা নির্ধারণ হবে।

থানা সূত্রে জানা গেছে, বর্তমানে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য মালিক পক্ষ থেকে দুইজন মাহুতকে থানায় পাঠানো হয়েছে। তারাই নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করছেন।

তবে প্রতিদিন একটি হাতির জন্য বিপুল পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়। কলাগাছ, ঘাসসহ বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে প্রতিনিয়ত বেগ পেতে হচ্ছে পুলিশ ও মাহুতদের। থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা না থাকায় খাদ্যসংকটও দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও হাতির মালিকের সহযোগিতায় খাবারের ব্যবস্থা করা হলেও তা সবসময় পর্যাপ্ত হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

থানায় অবস্থানকালে হাতিটি প্রায়ই মাহুতদের সঙ্গে থানা চত্বরে হেঁটে বেড়ায়। বিশাল আকৃতির প্রাণীটিকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও পরিবার-পরিজন নিয়ে থানায় এসে হাতিটিকে দেখছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের কাছে এটি যেন অপ্রত্যাশিত এক আকর্ষণে পরিণত হয়েছে। তবে জনসমাগম নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাতিটি থানার হেফাজতেই থাকবে। আদালত যদি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন, তাহলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে। আর বন বিভাগের জিম্মায় দেওয়ার নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, হাতিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, পুলিশ সেটিই বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। এরপর থেকে হাতিটি থানার হেফাজতেই রয়েছে।

সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে টয়লেট থেকে ফেরার পথে সাপের কামড়ে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরস্বতী মণ্ডল ওই গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাড়ির পাশের টয়লেট থেকে ফেরার সময় সরস্বতী মণ্ডল অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাঁকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। সকাল আটটার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, বিষধর গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পিসনাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।