খুঁজুন
, ,

সদরপুরে ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ফরিদপুর অফিস:
প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫, ৬:১৭ অপরাহ্ণ
সদরপুরে ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

সেবাগ্রহীতাদের কাছ থেকে ফরিদপুর সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্তর বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি, অসদাচরণ ও হুমকির অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে ঘুষ না দিলে নামজারি আবেদন বাতিলে করা সহ হয়রানির অভিযোগ ভুক্তভোগীদের। তার বিরুদ্ধে ঘুষ নিয়েও সঠিক সময়ে কাজ না করে হয়রানি করার অভিযোগ রয়েছে একাধিক ভুক্তভোগীর।

ফরিদপুর জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগও করেছেন ইউনিয়নের ভুক্তভোগী জাকেরের ডাঙ্গী গ্রামের আজগর চোকদার।

অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, সে জরিপের ডাঙ্গী মৌজার ১৯৭৫ নং খতিয়ানের তার জমির কর অনলাইনে দাখিল করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান। এরপর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা সুজিৎ ভক্ত উক্ত খতিয়ানের কর বাবদ তার নিকট ১৮ হাজার টাকা দাবি করেন। সে এতটাকা দিতে অপারগতা প্রকাশ করলে ইউপি ভূমি কর্মকর্তা সুজিৎ কমিয়ে রাখার আশ্বাস দিয়ে ১২ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে সে আবারও অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে সে তার ভাতিজাকে সাথে গিয়ে যাওয়ার পর ১০ হাজার টাকার একটি রশিদ হাতে দেন সুজিৎ।

এরপর সে রশিদে দেখতে পায় ৩৩৮৯ টাকা অনলাইনে জমা দেওয়া হয়েছে বলে রশিদে উল্লেখ আছে। পরবর্তীতে অতিরিক্ত যে টাকা নিয়েছে সেই টাকা ফেরত চাওয়ার জন্য ভাতিজাকে সাথে ইউপি ভূমি অফিসে গেলে তহশিলদার সুজিৎ ভক্ত তার সঙ্গে খারাপ আচরণ করেন ও কর পরিশোধের রশিদ বাতিলের হুমকি দেন। এসব কারণে তিনি প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন।
আজগর চোকদার বলেন, এই কর্মকর্তার কাছে সেবার জন্য গেলে সবাইকে হয়রানি করেন। তিনি প্রকাশ্যে বলেন, সরকার যে কয় টাকা বেতন দেয়, তা দিয়ে সংসার চলে না। টাকা না দিলে আমি কোনো কাজ করবো না। আমি নিজে একজন ভুক্তভোগী এবং যারা তার কাছে গিয়ে হয়রানির শিকার হন, সবার দাবি তার বিরুদ্ধে কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করা উচিত।

অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন ভূমি উন্নয়ন কর্মকর্তা সুজিৎ ভক্ত বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা যাচাই করছে। সেবা নিতে আসা আজগর চোকদার যেসব অভিযোগ করেছেন তা সঠিক নয়। তিনি নিজে অনলাইনে আবেদন করে নিজেই ভূমি উন্নয়ন কর পরিষদ করেছেন। এরপর ওনার কাজ সম্পন্ন হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল বলেন, ভূমি উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি নিয়ে কাজ চলছে। আমি ঢাকায় ট্রেনিয়ে আছি, বিস্তারিত অফিসে গিয়ে কাগজপত্র দেখে বলতে হবে।

ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
ফরিদপুর জেনারেল হাসপাতালে দুদকের অভিযান, মিলল নানা অনিয়ম

চিকিৎসা সেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেনারেল হাসপাতালে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে পরিচালিত এ অভিযানে টিকিট কাউন্টারে অতিরিক্ত অর্থ আদায়, চিকিৎসকদের অনুপস্থিতি, রোগীদের চেম্বারে পাঠানোর প্রবণতা, খাবারে অনিয়ম এবং ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনার সত্যতা মিলেছে।

দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালে টিকিট কাউন্টারে নির্ধারিত ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার অভিযোগ ছিল। আরএমও ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়কের উপস্থিতিতে কাউন্টারের টাকা গণনা করে নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি অর্থ পাওয়া যায়, যা অভিযোগের সত্যতা প্রমাণ করে। এ ছাড়া কর্মরত অনেক চিকিৎসকের সময়মতো অনুপস্থিত থাকার অভিযোগের আংশিক সত্যতাও পাওয়া গেছে। পাশাপাশি ডেন্টাল ওয়ার্ডের ডেন্টাল সার্জন সহকারীসহ অন্যান্য স্থানে রোগীদের ব্যক্তিগত চেম্বারে পাঠানোর বিষয়ের সত্যতা মিলেছে বলে জানান তিনি।

অভিযানকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে খাবারের মানেও বড় ধরনের অনিয়ম ধরা পড়ে। আজকের ডায়েট চার্ট অনুযায়ী রোগীপ্রতি ২০০ গ্রাম পাঙ্গাস মাছ দেওয়ার কথা থাকলেও পরিমাপ করে পাওয়া যায় ৮০ গ্রাম। সরবরাহ ও রান্না করা চালের ক্ষেত্রেও অনিয়ম দেখা যায়; ৯৬ টাকা কেজি দরের মিনিকেট চাল সরবরাহের কথা থাকলেও বস্তায় কাজল লতা চাল পাওয়া যায়। এমনকি ওই চাল এবং রান্না করা ভাতের ভেতরে পোকা পাওয়া গেছে বলে জানান কর্মকর্তা।

হাসপাতালের সার্বিক পরিবেশ অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া গেছে। মহিলা মেডিসিন ওয়ার্ডে যেখানে ওষুধ রাখা হয়, সে জায়গাটিও অপরিষ্কার ও অপরিচ্ছন্ন ছিল। অভিযান চলাকালে সেখানে কুকুর বা বিড়াল শুয়ে থাকার দৃশ্যও দেখা যায়।

দুদক ফরিদপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, অভিযানে পাওয়া অভিযোগ এবং পরবর্তী সংগৃহীত তথ্য-প্রমাণ ও রেকর্ডপত্র বিশ্লেষণ করে প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে শিশুকে যৌন নিপীড়নের দায়ে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিল (২৮) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আশরাফুল উকিল আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ অক্টোবর সকালে মধুখালী উপজেলার চর লাউজানা গ্রামের বাসিন্দা আফরোজা বেগমের চার বছর বয়সী মেয়ে জামিলা তাবাসসুম বাড়িতে ছিল। শিশুটির মা তখন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রতিবেশী আশরাফুল উকিল তাঁদের বাড়িতে এসে শিশুটির খোঁজ করেন। পরে ঘরে গিয়ে শিশুটির সঙ্গে খেলতে থাকেন।

একপর্যায়ে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার মা ঘরে গিয়ে মেয়েকে বমি করতে ও কাঁদতে দেখেন। পরে শিশুটি তার মাকে সবকিছু খুলে বলেন যে, আশরাফুল তাকে উলঙ্গ করে মুখ চেপে ধরে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার মা ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় পরদিন শিশুটির মা আফরোজা বেগম বাদি হয়ে মধুখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত আশরাফুল উকিলের বাবার নাম মো. মজিবর খান বলে উল্লেখ রয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. নয়ন ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ভুক্তভোগী শিশুর বক্তব্য এবং সংশ্লিষ্ট আলামত ও তথ্য-প্রমাণ পর্যালোচনা করেন। পরে আশরাফুল উকিল অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১৭ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। পরবর্তী সময়ে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন বিচারক। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানান, চার বছরের শিশুকে যৌন নিপীড়নের দায়ে আশরাফুল উকিলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
স্ত্রীকে কখনো যে কথাটি বলবেন না স্বামী?

বিয়ের পর একজন পুরুষের জীবনে বাবা-মা ও স্ত্রী-দুই পক্ষের সম্পর্কই গুরুত্বপূর্ণ। কিন্তু একই ছাদের নিচে বসবাস কিংবা পারিবারিক সিদ্ধান্তের ক্ষেত্রে অনেক সময় তৈরি হয় মতবিরোধ।

তখন স্বামী কার পক্ষ নেবেন, তা নিয়ে দেখা দেয় টানাপোড়েন।
সম্পর্কবিষয়ক পরামর্শদাতা চেতনা চক্রবর্তীর মতে, স্ত্রীকে কখনোই বলা উচিত নয়, ‘আমার মা-বাবাই আমার এক নম্বর অগ্রাধিকার, তাদের সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নেই।

’
তার মতে, পরিণত মানসিকতার একজন স্বামী বাবা-মাকে সম্মান করার পাশাপাশি স্ত্রীর অনুভূতি ও মতামতকেও গুরুত্ব দেবেন। কোনো সমস্যা হলে বাবা-মা ও স্ত্রী-উভয়ের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবেন।

কেন এমন কথা ক্ষতিকর?

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নিতে একজন নারীর সময় প্রয়োজন হয়। এ অবস্থায় স্বামী যদি সব সময় বাবা-মায়ের সিদ্ধান্তকেই চূড়ান্ত বলে জানান, তাহলে স্ত্রীর মনে অবহেলা ও নিরাপত্তাহীনতা তৈরি হতে পারে।

ধীরে ধীরে বাড়তে পারে অভিমান ও দূরত্ব।

স্ত্রীকে কি বাবা-মায়ের আগে রাখতে হবে?

বিষয়টি আসলে কে বেশি গুরুত্বপূর্ণ, সেই প্রতিযোগিতা নয়। বাবা-মায়ের প্রতি দায়িত্ব পালন যেমন জরুরি, তেমনি দাম্পত্যজীবনে স্ত্রীর মতামত ও অনুভূতিকেও সম্মান করা প্রয়োজন। পরিস্থিতি বুঝে দায়িত্ব ভাগ করে নেওয়া এবং আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াই সুস্থ সম্পর্কের ভিত্তি।

সংসারে ভালোবাসা ও সম্মান বজায় রাখতে কাউকে ছোট করা নয়, বরং প্রত্যেকের অবস্থান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়াই জরুরি।