খুঁজুন
, ,

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৪ অপরাহ্ণ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও তার ছেলের ২৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী জাহিদ মালেকের ১৬টি ও তার ছেলে রাহার মালেকের ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মো. ফজলুল হক তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।

দুদকের পক্ষে প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, আসামিদের ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। আসামিরা বর্ণিত হিসাবসমূহে রক্ষিত অর্থ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। মামলার তদন্ত শেষের আগে ব্যাংক হিসাবসমূহে রক্ষিত অর্থ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে তদন্তে ক্ষতির সম্ভাবনা রয়েছে। সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ হওয়া আবশ্যক।

শুনানি শেষে আদালত দুদকের আবেদন মঞ্জুর করে এসব ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন।

উল্লেখ্য, নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, মানিকগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আয় গত ১৫ বছরে বেড়েছে ১১ গুণের বেশি।

ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডালসহ নগদ অর্থ

হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
ফরিদপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রবাসীর সহায়তা, পেলেন চাল-ডালসহ নগদ অর্থ

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে চারটি দোকান। এতে প্রায় ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ও একমাত্র আয়ের উৎস হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন পরিবারগুলো। এমন খবরে তাঁদের হাতে সহায়তা হিসেবে নগদ অর্থ ও শুকনো খাবার তুলে দিয়েছেন ফরহাদ ওহাব আকন নামে এক কাজাখস্তান প্রবাসী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৫ টায় সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সিরামদি বাজারে ওই প্রবাসীর পক্ষ থেকে এই সহায়তা তুলে দেন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ক্ষতিগ্রস্থ প্রত্যেকের মাঝে নগদ অর্থের পাশাপাশি এক বস্তা চাল, ডাল, আলু, তেল সহ শুকনো খাবার তুলে দেন তাঁরা।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, গত ২ আগস্ট দিবাগত রাত ৪ টার দিকে বৈদুতিক শটসার্কিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে বাজারটিতে। খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিস ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুড়ে ভস্মীভূত হয়ে যায় দোকানগুলো। এ সময় দুটি মুদি দোকান, একটি ফার্মেসী ও একটি গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান ঘরসহ মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান।

পরে খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিতে নিজ এলাকার প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সহায়তা তুলে দেন। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত মুদি দোকানি নজরুল ইসলাম বলেন- এই দোকান চালিয়ই আমার সংসার চলে৷ কিন্তু এক রাতে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের কথা জানতে পেরে কাজাখস্তানের ফরহাদ আকন আমাদের পাশে দাড়িয়েছেন, আল্লাহ যেন তাকে ভাল রাখে।

সহায়তা প্রদানকারী প্রবীণ ব্যক্তি মো. শামসুল হক বলেন- ‘এটা মানবিক কাজ, সমাজের বিত্তশালী প্রতিটি মানুষের উচিৎ অসহায় ও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এলাকারই সন্তান সুদূর কাজাখস্তান দেশে অবস্থান করে এই পরিবারগুলোর মাঝে কিছু সহায়তা পাঠিয়েছেন। ছেলেটি ছোট সময় থেকেই অসহায় মানুষের মাঝে ছুটে আসছেন। সকলে দোয়া করবেন সে যেন ভবিষ্যতে এভাবে সেবা করে যেতে পারে।

প্রসঙ্গত, ফরহাদ ওহাব আকন ওই ইউনিয়ের আকনের ডাঙ্গী এলাকার বাসিন্দা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল ওহাব আকনের ছেলে। তিনি দীর্ঘ ২২ বছর কাজাখস্তানে অবস্থান করছেন এবং একই সাথে বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এলাকায় সমাজসেবা ও মানবিক কাজ করে সুপরিচিত হয়ে উঠেছেন।

ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ৬:৫৫ পূর্বাহ্ণ
ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ১৫

ফরিদপুরের ভাঙ্গায় সিলেটগামী একটি যাত্রীবাহী নাইট কোচ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে পরিবহনের চালক-হেলপার ও যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে। তবে এতে বড় ধরনের আহতের ঘটনা ঘটেনি।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, পরিবহনটি ১৯ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেট যাচ্ছিল। ঘটনাস্থলে প্রচন্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়।

সালথায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৬:৫৭ অপরাহ্ণ
সালথায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় মো. মাহাবুবুর রহমান পাঞ্জু (৪৮) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া পাঞ্জু বল্লভদী ইউনিয়নের মধ্য ফুলবাড়িয়া গ্রামের মো. মজিবুর রহমান মোল্যার ছেলে। তিনি বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এলাকায় নাশকতার পরিকল্পনা করার অভিযোগে অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা পাঞ্জুকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরকদ্রব্য আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।