খুঁজুন
, ,

ফরিদপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে হেরোইনসহ যুবক গ্রেপ্তার

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৬৫ পুড়িয়া হেরোইনসহ রহিম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (০৪ এপ্রিল) বিকেলে ফরিদপুর সদরের সিএন্ডবি ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে রহিম শেখকে সন্দেহজনক অবস্থায় আটক করা হলে তার দেহ তল্লাশি করে ৬৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত রহিম শেখ ফরিদপুর জেলা সদরের সিএন্ডবি ঘাট এলাকার আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মালেক শেখ এবং মাতা রহিমা বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) দুপুরে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে ডিবি পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

তিনি আরও বলেন, ফরিদপুর জেলায় মাদকদ্রব্যের বিস্তার রোধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। স্থানীয় জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো ধরনের মাদক সংক্রান্ত তথ্য পুলিশকে জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ভাঙ্গা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
ভাঙ্গায় বাসচাপায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা ইন্টারচেঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহনে’র একটি বাস একই লেনের একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই আরোহী গুরুতর আহত হন।

​খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

​ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মিয়া জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

যে ৭ খাবার ফুড পয়জনিং-এর ঝুঁকি বাড়াতে পারে?

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
যে ৭ খাবার ফুড পয়জনিং-এর ঝুঁকি বাড়াতে পারে?

বর্ষার ঝিরিঝিরি বৃষ্টি যেমন আমাদের মনে স্বস্তি এনে দেয়, তেমনই এই স্যাঁতসেঁতে আবহাওয়া স্বাস্থ্যের জন্য নিয়ে আসতে পারে বড় চ্যালেঞ্জ। বর্ষাকালে বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও স্যাঁতসেঁতে পরিবেশের কারণে ফুড পয়জনিং বা খাদ্য বিষক্রিয়ার প্রকোপ অনেক বেড়ে যায়।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ফুড-এর একটি বিশেষ প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। গবেষকরা বলছেন, আর্দ্র আবহাওয়া ব্যাকটেরিয়া ও অন্যান্য ক্ষতিকর অণুজীবের দ্রুত বংশবৃদ্ধির জন্য অত্যন্ত অনুকূল, যার ফলে খাবার খুব দ্রুত নষ্ট বা পচে যায়।

এই বিষয়ে বিশিষ্ট পুষ্টিবিদ রূপালী দত্ত বলেন, ‘বর্ষাকালে আমাদের পরিপাকতন্ত্র তুলনামূলকভাবে ধীরগতির হয়ে পড়ে। যার কারণে পেট ফাঁপা, গ্যাস এবং বদহজমের মতো অস্বস্তিকর লক্ষণগুলো সহজেই দেখা দেয়’। তাই সারা বছর খাদ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ হলেও, বর্ষার মৌসুমে কিছু নির্দিষ্ট খাবারের ক্ষেত্রে আমাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত।

ফুড পয়জনিং-এর সাধারণ লক্ষণসমূহ

অসাবধানতাবশত বর্ষাকালে জীবাণুযুক্ত খাবার খেয়ে ফেললে শরীরে যেসব উপসর্গ দেখা দিতে পারে:

বমি বমি ভাব এবং বমি হওয়া

পেটে মোচড় দেওয়া এবং তীব্র পেট ব্যথা

পাতলা পায়খানা বা ডায়রিয়া (কিছু ক্ষেত্রে মল দিয়ে রক্তও যেতে পারে)

জ্বর এবং শরীর কাঁপানো ঠাণ্ডা লাগা

অতিরিক্ত শারীরিক ক্লান্তি ও সারা শরীরে ব্যথা হওয়া

ঝুঁকিপূর্ণ সেই ৭টি খাবার

বর্ষার দিনগুলোতে সুস্থ থাকতে নিচের ৭টি খাবার খাওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা জরুরি:

১. কাঁচা বা আধা-সেদ্ধ মাংস

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC)-এর মতে, মুরগি, টার্কি কিংবা গরুর মাংস যদি সঠিকভাবে এবং পুরোপুরি রান্না করা না হয়, তবে তাতে সালমোনেলা (Salmonella) এবং ই. কোলাই (E. coli)-এর মতো ক্ষতিকর ব্যাকটেরিয়া থেকে যেতে পারে। তাই মাংস ভালোভাবে সেদ্ধ করে রান্না করা নিশ্চিত করুন।

২. কাঁচা বা আধা-সেদ্ধ ডিম

কাঁচা ডিম দিয়ে তৈরি বিভিন্ন খাবার যেমন—ঘরে তৈরি মেয়োনিজ কিংবা বেশ কিছু ডেজার্ট বা মিষ্টিজাতীয় খাবার এই সময়ে খাদ্যবাহিত রোগের ঝুঁকি বা ফুড পয়জনিং-এর আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দেয়।

৩. সামুদ্রিক মাছ ও শামুকজাতীয় খাবার

অফিসিয়াল ওয়েবসাইট ‘ফুডসেফটি’-এর তথ্য অনুযায়ী, কাঁচা মাছ, সুশি এবং বিভিন্ন খোলসযুক্ত সামুদ্রিক খাবার-এ ক্ষতিকর ব্যাকটেরিয়া, ভাইরাস বা প্রাকৃতিকভাবে তৈরি টক্সিন থাকতে পারে, বিশেষ করে যদি সেগুলো দূষিত পানি থেকে সংগ্রহ করা হয়ে থাকে।

৪. অপাস্তুরিত দুধ ও নরম পনির

কাঁচা বা অপাস্তুরিত দুধ এবং তা থেকে তৈরি পনিরে লিস্টিরিয়া (Listeria)-এর মতো মারাত্মক ব্যাকটেরিয়া থাকতে পারে বলে সতর্ক করেছে সিডিসি। বর্ষায় এগুলো পরিহার করাই শ্রেয়।

৫. কাঁচা ফলমূল ও শাকসবজি

ভালোভাবে না ধুয়ে কাঁচা ফল, পাতাযুক্ত সবজি কিংবা শাক খাওয়া অত্যন্ত বিপজ্জনক। এগুলোতে ক্ষতিকর জীবাণু, মাটির কণা কিংবা সেচের পানি থেকে আসা ক্ষতিকর ব্যাকটেরিয়া লেগে থাকতে পারে।

৬. রান্না করা ভাত ও পাস্তা

রান্না করা ভাত, নুডলস বা পাস্তা যদি ঘরের স্বাভাবিক তাপমাত্রায় দীর্ঘ সময় রেখে দেওয়া হয়, তবে সেখানে খুব দ্রুত ব্যাকটেরিয়া বাসা বাঁধতে পারে ও বংশবৃদ্ধি করতে পারে।

৭. কাটা মাংস ও রেডি-টু-ইট সালাদ

দোকানের প্যাকেটজাত সালাদ, কোলস্লো, আলুর সালাদ বা স্লাইস করা মাংস (Deli Meats) যদি সঠিক তাপমাত্রায় সংরক্ষিত না থাকে, তবে তা দ্রুত নষ্ট হয়ে যায়। এছাড়া হাত দিয়ে নাড়াচাড়ার কারণেও এগুলো সহজেই দূষিত হতে পারে।

বর্ষায় ফুড পয়জনিং এড়াতে করণীয়

বাড়িতে খাবার প্রস্তুত ও সংরক্ষণের সময় কিছু সহজ কিন্তু অত্যন্ত কার্যকর অভ্যাস গড়ে তুলুন:

ফল ও সবজি ধোয়া এবং হাত পরিষ্কার করা: যেকোনো ফলমূল ও সবজি রান্নার আগে বা কাঁচা খাওয়ার আগে প্রবাহিত পানির নিচে রেখে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খাবার তৈরির আগে, মাঝে ও পরে এবং খাওয়ার ঠিক আগে সাবান ও পানি দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নিন।

কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা: কাঁচা মাংস, ডিম, হাঁস-মুরগি বা সামুদ্রিক খাবারকে রান্না করা এবং সরাসরি খাওয়ার উপযোগী খাবার থেকে সর্বদা আলাদা রাখুন, যাতে ক্ষতিকর ব্যাকটেরিয়া রান্নাঘরে বা অন্যান্য খাবারে ছড়িয়ে না পড়ে।

খাবার ভালো করে রান্না করা: জীবাণু ধ্বংস করতে খাবার সবসময় নিরাপদ অভ্যন্তরীণ তাপমাত্রা পৌঁছানো পর্যন্ত ভালোভাবে রান্না করুন। মাংসের ক্ষেত্রে সেদ্ধ হওয়া নিয়ে নিশ্চিত না হলে ফুড থার্মোমিটার ব্যবহার করতে পারেন।

খাবার দ্রুত ফ্রিজে রাখা: ঘরের স্বাভাবিক তাপমাত্রায় খাবার ফেলে রাখলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। তাই পচনশীল এবং রান্না করা খাবার দ্রুত ফ্রিজে রাখুন। ফ্রিজের তাপমাত্রা ৪০° ফারেনহাইট (৪° সেলসিয়াস) বা তার নিচে এবং ডিপ ফ্রিজের তাপমাত্রা ০° ফারেনহাইট (-১৮° সেলসিয়াস) বা তার নিচে রাখা উচিত। রান্না শেষ হওয়ার দুই ঘণ্টার মধ্যে খাবার ফ্রিজে রাখা জরুরি।

একটু সচেতনতা এবং সঠিক নিয়মে খাদ্য গ্রহণ ও রান্নার অভ্যাসই পারে বর্ষার এই মনোরম ঋতুতে আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ ও প্রাণবন্ত রাখতে।

তথ্যসূত্র: এনডিটিভি ফুড

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলনে কঠোর ইউএনও, আগুনে পুড়ল ৩ ড্রেজার

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
ফরিদপুরে অবৈধ বালু উত্তোলনে কঠোর ইউএনও, আগুনে পুড়ল ৩ ড্রেজার

ফরিদপুরের চরভদ্রাসনে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৩টি ড্রেজার বিনষ্ট এবং বালুমহাল আইনে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ।

​আদালত সূত্রে জানা যায়, দুপুরে চর হরিরামপুর ইউনিয়নের চর সালেপুর মধ্য এলাকা এবং ইউনিয়ন পরিষদের পেছনের অংশ থেকে ২টি ও সালেপুর পশ্চিমের হাজার বিঘা এলাকা থেকে ১টি ড্রেজার জব্দ করা হয়। পরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৩টি ড্রেজারই আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করে ভ্রাম্যমাণ আদালত।

​তবে অভিযানকালে ড্রেজার পরিচালনকারীদের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরবর্তীতে অবৈধভাবে মাটি ভরাটের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(খ) ধারা লঙ্ঘনে ১৫ ধারায় আসলাম মোল্লা নামে স্থানীয় এক বাসিন্দাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ জানান, জনস্বার্থে ও অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।