খুঁজুন
, ,

ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরের ভাঙ্গায় মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আয়ুব আলী ও ময়না বেগমের বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে তারা স্বামী-স্ত্রী মিলে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে এলাকাবাসীর অভিযোগ।

শুক্রবার (০৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সোনাখোলা গ্রামের বাসিন্দা আয়ুব আলী ও ময়না বেগম (স্বামী-স্ত্রী) দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন। কয়েকদিন আগে এলাকাবাসী একত্রিত হয়ে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। পরে উদ্ধারকৃত মাদক ও অস্ত্র ধ্বংস করা হয়। তাদের মাদক ব্যবসা থেকে বিরত থাকতে বারবার অনুরোধ জানান। কিন্তু তারা এলাকাবাসীর অনুরোধ কর্ণপাত না করে তাদের মাদককারবারী চালিয়ে আসছিল। এ ঘটনার জের ধরে উত্তেজিত জনতা অভিযুক্তদের এলাকা থেকে উচ্ছেদের দাবিতে তাদের বাড়িঘরে ভাঙচুর চালায় বলে জানা গেছে।

একাধিক এলাকাবাসী বলেন, বারবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়েও তাদের মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি। ফলে এলাকার যুবসমাজ ও সাধারণ মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, মাদক সমাজকে ধ্বংস করে। আমরা চাই আমাদের সন্তানরা সুন্দর পরিবেশে বেড়ে উঠুক। তাই মাদকের বিরুদ্ধে সবাইকে একযোগে প্রতিরোধ গড়ে তুলতে হবে। সোনাখোলার মতো প্রতিটি এলাকায় সচেতন জনগণ ঐক্যবদ্ধ হলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব।

এ বিষয়ে জানতে আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম.ম.সিদ্দিক মিঞার মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে।

ফরিদপুরে দোকানঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
ফরিদপুরে দোকানঘরের দেয়াল চাপা পড়ে যুবকের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দায় একটি পুরাতন দোকানঘরের দেয়াল ভাঙার সময় চাপা পড়ে শাহিন (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে নগরকান্দা উপজেলা অডিটোরিয়ামের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত শাহিন নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শশা গ্রামের কামাল শেখের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু জাফর (৬৫) নামে এক ব্যক্তির পুরাতন দোকানঘরের সাইড ওয়াল ভাঙার কাজ করছিলেন শাহিন। কাজ করার একপর্যায়ে অসাবধানতাবশত দেয়ালটি হঠাৎ করে তার ওপর ভেঙে পড়ে। এতে শাহিনের বুক ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

​ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ।

আলফাডাঙ্গায় ছাত্রদলের ডেঙ্গু বিরোধী মশক নিধন ও জনসচেতনতা অভিযান

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গায় ছাত্রদলের ডেঙ্গু বিরোধী মশক নিধন ও জনসচেতনতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গুর সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি এবং ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। ডেঙ্গুর স্থানীয় প্রকোপ নিয়ন্ত্রণে এই সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আলফাডাঙ্গা থানা চত্বরে ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো এবং সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। পরবর্তীতে আলফাডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, উপজেলা পরিষদ চত্বর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে মশার ওষুধ ছিটান ছাত্রদলের নেতাকর্মীরা। একই সঙ্গে তারা স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

​অভিযানের সূচনা পর্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুর জামাল খসরু, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল সারোয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ এবং উপজেলা কৃষক দলের সদস্য সচিব আরব আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

​উপজেলা ছাত্রদল নেতা জিসান মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন ছাত্রদল নেতা মাহফুজুর রহমান সোহান, ইমন তালুকদার, আলামিন শেখ, ফাহিম আহমেদ ও আব্দুল্লাহ আল ফয়সালসহ অন্যান্য তরুণ নেতাকর্মীরা।

​কর্মসূচির বিষয়ে ছাত্রদল নেতা জিসান মিয়া জানান, ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় জনস্বার্থে এ সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আগামীতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

ফরিদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
ফরিদপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কিশোরীর

ফরিদপুরের সদরপুরে চলন্ত ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে জামিলা (১৩) নামে এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে উপজেলার ঢেউখালী ইউনিয়নের চর কুমারিয়া গ্রাম থেকে মোল্লা গ্রামে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত জামিলা চর কুমারিয়া গ্রামের সৌদি প্রবাসী মো. মহিউদ্দিন সিকদারের মেয়ে। তাঁর মা তাসলিমা বেগম পূর্বেই মারা গেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ভ্যানে চড়ে ভগ্নিপতি মো. রিয়াজুল শেখের বাড়িতে যাচ্ছিল জামিলা। পথে মোল্লা গ্রামের একটি শাখা সড়কে পৌঁছালে অসাবধানতাবশত তার পরনের ওড়নাটি চলন্ত ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গলায় ফাঁস লেগে সে গুরুতর আহত হয়।

​পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জামিলাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।