সালথার সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নেতৃত্ব, সভাপতি মাহফুজ খান
ফরিদপুরের সালথা উপজেলার সাড়ুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবদলের অন্যতম নেতা মো. মাহফুজ খান। একইসঙ্গে বিদ্যালয়ের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শিক্ষানুরাগী মঞ্জু বিশ্বাস। সদস্যদের প্রত্যক্ষ ও সর্বসম্মত সমর্থনের ভিত্তিতে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
নবগঠিত কমিটির পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক ঝর্না রায়। এছাড়া দাতা সদস্য হিসেবে রয়েছেন শেফালী দত্ত এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. কামাল হোসেন। অন্যান্য সদস্যরা হলেন— মো. বাবলু মোল্লা, মো. মোশাররফ হোসেন, শুকুর মিয়া, মো. দেলোয়ার মোল্লা, মো. হারুন মাতুব্বর, শিল্পী রানী বোস ও শ্রী কৃষ্ণ পাল।
সভায় সভাপতি ও সহ-সভাপতির নাম ঘোষণার পর উপস্থিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও মানসম্মত করতে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করে বলেন, সভাপতি মাহফুজ খানের নেতৃত্বে বিদ্যালয়ের শৃঙ্খলা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে নতুন গতি আসবে। পাশাপাশি বিদ্যালয়কে একটি আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে নতুন কমিটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মো. মাহফুজ খান বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করা হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এদিকে নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানিয়ে এলাকাবাসী বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়টি শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আপনার মতামত লিখুন
Array