খুঁজুন
শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ২৩ মাঘ, ১৪৩২

৪০ বছরের পর প্রত্যেক পুরুষের যেসব স্বাস্থ্য পরীক্ষা জরুরি

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম
৪০ বছরের পর প্রত্যেক পুরুষের যেসব স্বাস্থ্য পরীক্ষা জরুরি

বয়স ৪০ পেরোলেই পুরুষদের শরীরে নীরবে নানা জটিলতা বাসা বাঁধতে শুরু করে। কর্মব্যস্ত জীবন, দীর্ঘ সময় বসে কাজ করা, মানসিক চাপ, অনিয়মিত খাদ্যাভ্যাস ও ব্যায়ামের অভাব—সব মিলিয়ে পুরুষদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে। শুধু ব্যক্তিগত নয়, এর প্রভাব পড়ছে পরিবার ও সামাজিক জীবনেও। তাই এ বয়সের পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা এখন সময়ের দাবি।

বিশেষজ্ঞরা বলছেন, অসংক্রামক রোগ (এনসিডি), হৃদ্‌রোগ, ক্যানসার ও প্রজননজনিত সমস্যার ঝুঁকি ৪০-এর পর উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে আগেভাগে সঠিক পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিলে এসব ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

অসংক্রামক রোগ

পুরুষদের মধ্যে রক্তে চর্বি (লিপিড) ও রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। গবেষণায় দেখা গেছে, টাইপ-২ ডায়াবেটিসের সঙ্গে পেটের ভেতরের অতিরিক্ত চর্বি (ভিসেরাল ফ্যাট) জমার সরাসরি সম্পর্ক রয়েছে। এর ফলে প্রতি ছয়জন পুরুষের একজনের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যাচ্ছে, যা ডায়াবেটিসের ঝুঁকিও বাড়াচ্ছে।

রেডক্লিফ ল্যাবসের ২ লাখের বেশি নমুনা বিশ্লেষণে দেখা যায়, যাদের লিপিড প্রোফাইল অস্বাভাবিক, তাদের মধ্যে ৬৩ শতাংশই পুরুষ। একইভাবে লিপিড ও রক্তে শর্করা—দুটোই অস্বাভাবিক এমন ব্যক্তিদের মধ্যে প্রায় ৬০ শতাংশ পুরুষ। এ তথ্য পুরুষদের জন্য বাড়তি সতর্কতার বার্তা দিচ্ছে।

হৃদ্‌রোগ

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত মানসিক চাপ ও বসে বসে জীবনযাপন—এই চারটি কারণ একসঙ্গে পুরুষদের করোনারি হৃদ্‌রোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। চিকিৎসকরা বলছেন, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তচাপ ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখলে হৃদ্‌রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

ক্যানসার

বিশ্বজুড়ে পুরুষদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ ক্যানসার। ভারতের প্রেক্ষাপটে ফুসফুস ও প্রোস্টেট ক্যানসার পুরুষদের মধ্যে বেশি দেখা যাচ্ছে। ধূমপান পরিহার, নিয়মিত প্রোস্টেট পরীক্ষা, প্রয়োজন অনুযায়ী ফুল বডি স্ক্রিনিং এবং স্বাস্থ্যকর জীবনযাপন ক্যানসারের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা রাখে।

প্রজনন ও যৌন স্বাস্থ্য

প্রজনন সমস্যায় শুধু নারীরাই নয়, পুরুষরাও সমানভাবে ভুগছেন। অনিয়ন্ত্রিত জীবনযাপন, হরমোনের পরিবর্তন, অতিরিক্ত মদ্যপান ও ধূমপান এবং টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়াই এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ধূমপান ও অ্যালকোহল বর্জন এবং স্বাস্থ্যকর অভ্যাস প্রজননস্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইরেকটাইল ডিসফাংশন (যৌন দুর্বলতা), যা একসময় বয়সজনিত সমস্যা হিসেবে ধরা হতো, এখন তুলনামূলক কম বয়সী পুরুষদের মধ্যেও দেখা যাচ্ছে। এটি প্রজননস্বাস্থ্য বিষয়ে বাড়তি মনোযোগের প্রয়োজনীয়তা তুলে ধরছে।

কেন জরুরি প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষা

স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধমূলক স্বাস্থ্য পরীক্ষার বিকল্প নেই। ডায়াবেটিস, লিপিড প্রোফাইল, প্রোস্টেট পরীক্ষা, হৃদ্‌যন্ত্রের বিভিন্ন পরীক্ষা—এসব নিয়মিত করালে রোগ আগেভাগে শনাক্ত করা সম্ভব হয়। ফলে সময়মতো চিকিৎসা শুরু করে জটিলতা এড়ানো যায়।

বিশ্ব পুরুষ দিবস উপলক্ষে রেডক্লিফ ল্যাবসের মেডিকেল ল্যাবরেটরি ডিরেক্টর ডা. সোহিনী সেনগুপ্ত বলেন, ‘শুধু অসুস্থ হলে চিকিৎসা নয়, বরং প্রতিরোধমূলক ব্যবস্থার মাধ্যমে সামগ্রিক সুস্থতাকে গুরুত্ব দিতে হবে। পুরুষদের স্বাস্থ্য নিয়ে সামাজিক সংকোচ ভেঙে খোলামেলা আলোচনা প্রয়োজন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে এমন অনেক পরীক্ষা রয়েছে, যা ঝুঁকি আগেভাগেই শনাক্ত করতে পারে। সময়মতো পদক্ষেপই সুস্থ জীবনের মূল চাবিকাঠি।’

সুস্থ জীবনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান

ভারতসহ উপমহাদেশে অসংক্রামক রোগের প্রকোপ বয়স নির্বিশেষে বাড়ছে। সুস্থ থাকতে হলে এখনই স্বাস্থ্যকর জীবনযাপনকে অভ্যাসে পরিণত করতে হবে—নিজের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্যই আসল সম্পদ। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন, নিয়মিত পরীক্ষা করুন, সচেতন জীবনযাপন করুন—কারণ সুস্থ জীবনই পারে পরিবার ও সমাজকে এগিয়ে নিতে।

সূত্র দ্য হেলথ সাইট

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ প্রাণ গেল দু’জনের

নিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:১৪ পিএম
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ প্রাণ গেল দু’জনের

ফরিদপুরের মধুখালী উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক ছাত্রদল নেতাসহ দুইজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহত ছাত্রদল নেতার নাম আবিদ হাসান মুন্না (২০)। তিনি সরকারি আইনউদ্দিন কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। মুন্না মধুখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাড়াখোলা এলাকার বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী আরিফ বিশ্বাসের একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে ফরিদপুর চিনিকলের সামনে মোটরসাইকেলযোগে চলাচলের সময় দুর্ঘটনার শিকার হন মুন্না। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হন।

এর আগে একই দিন সন্ধ্যা প্রায় ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা বাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে। রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের চাপায় জয়নাল মোল্লা (৬৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জয়নাল মোল্লা রায়পুর ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব লুৎফর মোল্লার পিতা।

করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ড ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

“ফরিদপুর-১ এ নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, সংবাদ সম্মেলনে দোলনের অভিযোগ”

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৫১ পিএম
“ফরিদপুর-১ এ নির্বাচন প্রশ্নবিদ্ধের আশঙ্কা, সংবাদ সম্মেলনে দোলনের অভিযোগ”

সংবিধান, প্রচলিত আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের মোহাম্মদ আরিফুর রহমান দোলনকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেছেন তিনি।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রাম এলাকার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আরিফুর রহমান দোলন অভিযোগ করে বলেন, তিনি সংবিধান ও নির্বাচনী আইনের সকল শর্ত পূরণ করেও একটি পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস না পেয়ে একটি মহল আদালত ও প্রশাসনিক প্রক্রিয়াকে ব্যবহার করে তাকে নির্বাচনী ময়দান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও অভিযোগ করেন, একটি স্বাধীনতাবিরোধী শক্তিকে সুবিধা দিতেই তার বিরুদ্ধে এই বেআইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং উদ্দেশ্যমূলকভাবে তাকে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর জন্য মাঠ ফাঁকা করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

দোলন বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (RPO) কোথাও উল্লেখ নেই যে অতীতে কেউ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে তিনি নির্বাচনে অযোগ্য হবেন। তারপরও সেই অতীত রাজনৈতিক পরিচয়কে অজুহাত বানিয়ে তার প্রার্থিতা আটকে দেওয়া হচ্ছে, যা স্পষ্টতই আইনের অপব্যবহার। তিনি বলেন, যেখানে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীরাও উচ্চ আদালতের মাধ্যমে নির্বিঘ্নে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন, সেখানে সব ধরনের বৈধ যোগ্যতা থাকা সত্ত্বেও একজন স্বতন্ত্র প্রার্থীকে বাধা দেওয়া চরম বৈষম্য।

তিনি আরও বলেন, অন্য প্রার্থীদের ক্ষেত্রে আদালতের আদেশের লিখিত কপি দ্রুত সরবরাহ করা হলেও তার ক্ষেত্রে সেই কাগজ ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। এর মাধ্যমে ফরিদপুর-১ আসনে ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার উৎসাহ নষ্ট করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

দোলনের দাবি, প্রার্থিতা স্থগিত রেখে ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সাজানো ও প্রশ্নবিদ্ধ করার একটি সুস্পষ্ট উদাহরণ তৈরি করা হচ্ছে ফরিদপুর-১ আসনে। এতে নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রের ওপর সাধারণ মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আইনগত লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়েই সব চক্রান্ত মোকাবিলা করা হবে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন বিষয়টি নিরপেক্ষভাবে পর্যালোচনা করে ন্যায়বিচার নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক কর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর কালো টাকা ছাড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

হাসানউজ্জামান, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম
ফরিদপুর-৪ আসনে নিক্সন চৌধুরীর কালো টাকা ছাড়ানোর অভিযোগ বিএনপি প্রার্থীর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-৪ আসনে সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য নিক্সন চৌধুরীর প্রভাব বিস্তার নিয়ে অভিযোগ তুলেছেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত এমপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুল।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সদরপুর নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম বাবুল দাবি করেন, ‘নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার ঘনিষ্ঠ সমর্থক স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। একই সঙ্গে কালো টাকা ছড়িয়ে নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তার দাবি, এভাবে আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালানো হচ্ছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রও চলছে বলে অভিযোগ করেন তিনি।

এসময় নিক্সন চৌধুরীর সমর্থক যারা নির্বাচনে প্রভাব বিস্তার করছেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান শহিদুল ইসলাম বাবুল। এসব ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের মুজাহিদ বেগ বাবুলের এই অভিযোগ অস্বীকার করে বলেন, বিএনপি প্রার্থী বাবুল নিজেই ফরিদপুরে-৪ আসনে নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসিত করছেন।