খুঁজুন
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১২ বৈশাখ, ১৪৩৩

চোখ ভালো আছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৬:৩৩ পূর্বাহ্ণ
চোখ ভালো আছে কিনা বুঝবেন যেসব লক্ষণে

চোখ আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। ছোট কোনো সমস্যাও যদি অবহেলা করা হয়, তাহলে তা বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। অনেক সময় দৃষ্টিশক্তি হঠাৎ কমে যায়, আবার কখনো ধীরে ধীরে সমস্যা বাড়ে। এসব পরিবর্তন আগে থেকে বুঝতে পারলে এবং সময়মতো ব্যবস্থা নিলে দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব। চোখের সমস্যা নিয়ে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে এই প্রতিবেদন।

দৃষ্টিশক্তি কমে যাওয়ার ধরন

দৃষ্টিশক্তি কমে যাওয়া একেক জনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। যেমন—

সেন্ট্রাল ভিশন লস: চোখের মাঝখানের অংশে স্পষ্টভাবে দেখতে অসুবিধা

পেরিফেরাল ভিশন লস: চারপাশের দিক বা কোণের দৃষ্টি কমে যাওয়া

সম্পূর্ণ দৃষ্টিহীনতা: পুরোপুরি দেখতে না পারা

নাইট ব্লাইন্ডনেস: কম আলো বা অন্ধকারে দেখতে সমস্যা

ঝাপসা দৃষ্টি: কুয়াশার মতো বা অস্পষ্টভাবে দেখা, শুধু ছায়া বা আকার বোঝা

হঠাৎ দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ

মাইগ্রেন

মাইগ্রেনের রোগীদের একটি বড় অংশের চোখে ভিজ্যুয়াল সমস্যা দেখা যায়। জিগজ্যাগ আলো, ঝিলিমিলি দেখা, টানেলের মতো দৃষ্টি বা এক পাশের দৃষ্টি হঠাৎ কমে যেতে পারে। সাধারণত এই সমস্যা ১০ থেকে ৩০ মিনিট স্থায়ী হয়।

কেরাটাইটিস

চোখের কর্নিয়ায় প্রদাহ হলে দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে। কনট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের মধ্যে এটি বেশি দেখা যায়। চোখে ব্যথা ও লালভাবও থাকতে পারে। সঠিক চিকিৎসায় এটি সেরে যায়।

কনজাঙ্কটিভাইটিস বা পিঙ্ক আই

চোখ লাল হয়ে যাওয়া, জ্বালা ও ঝাপসা দেখার পাশাপাশি সাময়িকভাবে দৃষ্টিশক্তি কমে যেতে পারে। অনেক ক্ষেত্রে নিজে থেকেই সেরে যায়, তবে সংক্রমণ হলে চিকিৎসা দরকার হয়।

চোখের ক্লান্তি

দীর্ঘ সময় মোবাইল, কম্পিউটার বা টিভির দিকে তাকিয়ে থাকলে চোখে চাপ পড়ে। এতে দৃষ্টি ঝাপসা হতে পারে। এ ক্ষেত্রে ২০ মিনিট পরপর কিছুক্ষণ দূরে তাকানো উপকারী।

চোখে আঘাত

চোখে আঘাত লাগলে দৃষ্টিশক্তি সাময়িক বা স্থায়ীভাবে নষ্ট হতে পারে। এমন হলে দেরি না করে চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে।

ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কারণ

বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন

৫০ বছরের পর অনেকের চোখের মাঝখানের দৃষ্টি ধীরে ধীরে দুর্বল হতে থাকে।

গ্লুকোমা

চোখের স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে চারপাশের দৃষ্টি কমে যায়। শুরুতে তেমন লক্ষণ না থাকায় নিয়মিত চোখ পরীক্ষা করা জরুরি।

ডায়াবেটিক রেটিনোপ্যাথি

ডায়াবেটিসের কারণে চোখের রেটিনার রক্তনালি ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে দৃষ্টি হারানোর ঝুঁকি থাকে। নিয়মিত পরীক্ষা করলে আগেভাগে ধরা সম্ভব।

কখন দ্রুত চিকিৎসকের কাছে যাবেন

দৃষ্টিশক্তি কমে গেলে দেরি করা উচিত নয়। নিচের লক্ষণগুলোর যে কোনোটি দেখা গেলে জরুরি চিকিৎসা প্রয়োজন—

তীব্র মাথাব্যথা

কথা বলতে অসুবিধা

মুখ বেঁকে যাওয়া

শরীরের এক পাশে দুর্বলতা

চোখে তীব্র ব্যথা

কীভাবে চোখের যত্ন নেবেন

চোখকে বিশ্রাম দিন: স্ক্রিন ব্যবহার করার সময় নিয়মিত বিরতি নিন

সুরক্ষামূলক চশমা ব্যবহার করুন: খেলাধুলা বা ঝুঁকিপূর্ণ কাজে চোখ ঢেকে রাখুন

সানগ্লাস পরুন: রোদে বের হলে অতিবেগুনি রশ্মি থেকে চোখ রক্ষা করুন

স্বাস্থ্যকর জীবনযাপন করুন: ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন

নিয়মিত চোখ পরীক্ষা করুন: সমস্যা না থাকলেও চক্ষু বিশেষজ্ঞের কাছে যান

পুষ্টিকর খাবার খান ও ধূমপান এড়িয়ে চলুন: এতে চোখ সুস্থ থাকে

চোখের সামান্য পরিবর্তনকেও অবহেলা করা ঠিক নয়। সব ধরনের দৃষ্টিশক্তি হারানো প্রতিরোধ করা সম্ভব না হলেও সচেতনতা, সঠিক অভ্যাস এবং সময়মতো চিকিৎসা চোখ ভালো রাখতে বড় ভূমিকা রাখে। নিয়মিত যত্ন নিলে দীর্ঘদিন সুস্থ দৃষ্টি বজায় রাখা সম্ভব।

সূত্র: মেডিকেল নিউজ টুডে

ফরিদপুরে বাগানের গাছে ঝুলছিল বৃদ্ধের লাশ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:০৭ অপরাহ্ণ
ফরিদপুরে বাগানের গাছে ঝুলছিল বৃদ্ধের লাশ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর, বিষ্ণুদিয়া ও ভবানীপুর তিন গ্রামের সীমানা সংলগ্ন একটি বিলের মাঝখানে বাগান থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তির নাম রঞ্জিত সরকার (৬০)। তিনি কোতোয়ালি থানার বিষ্ণুদিয়া গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে তিনি কাজের সন্ধানে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরবর্তীতে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে ভবানীপুর গ্রামের এক কৃষক জমিতে কাজ করার সময় বাগানের ভেতরে একটি মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয়দের জানান। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে মরদেহটি রঞ্জিত সরকারের বলে শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি তার পরিবারকে অবহিত করা হয়।

ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি ক্রাইম সিন ইউনিটকে অবহিত করেন। পরে ক্রাইম সিন টিমের উপস্থিতিতে মরদেহটি গাছ থেকে নামানো হয় এবং প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

পুলিশ জানায়, মরদেহের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি ময়নাতদন্তের উদ্দেশ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

কোতোয়ালি থানার এসআই নূর হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।

ফরিদপুরে সংস্কৃতি মন্ত্রীর উদ্বোধনে শুরু খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সংস্কৃতি মন্ত্রীর উদ্বোধনে শুরু খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নে মধুমতি নদী থেকে কামারগ্রাম স্লুইচগেট পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পলি জমে খালটির পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিচ্ছিল। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল এবং বর্ষা মৌসুমে দুর্ভোগ বাড়ছিল স্থানীয়দের। খালটি পুনঃখনন করা হলে পানিপ্রবাহ স্বাভাবিক হবে, সেচ ব্যবস্থার উন্নতি ঘটবে এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমে ফলন বাড়বে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এলাকাটির পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন উপলক্ষে গুনবহা ইউনিয়নের নদীয়ারচাঁদ এলাকায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, “খাল পুনঃখননের মাধ্যমে গ্রামীণ জনপদের পানি চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। সরকারের এ ধরনের উদ্যোগ দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জায় সাহা এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমিনা মামুন ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার আশরাফুল আলম মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ এবং বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, খালটি পুনঃখনন সম্পন্ন হলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুকনো মৌসুমে কৃষিজমিতে পর্যাপ্ত পানি সরবরাহ নিশ্চিত হবে, যা এলাকার সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

স্বাধীনতার ৫৪ বছর পরও বঞ্চিত জনগণ: ফরিদপুরে জামায়াতে ইসলামী

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
স্বাধীনতার ৫৪ বছর পরও বঞ্চিত জনগণ: ফরিদপুরে জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের উদ্যোগে উপজেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতাদের অংশগ্রহণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফরিদপুর শহরের মুসলিম মিশন প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমির মোহাম্মদ বদর উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও অঞ্চল পরিচালক ড. এ এইচ এম হামিদুর রহমান আজাদ। এসময় ফরিদপুরসহ আশপাশের পাঁচ জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের সাধারণ মানুষ কাঙ্ক্ষিত অধিকার ও ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত। দীর্ঘদিন ধরে দেশে বৈষম্য সৃষ্টি হয়েছে এবং মানুষের মানবিক মর্যাদা ও অধিকার যথাযথভাবে প্রতিষ্ঠিত হয়নি বলে তারা দাবি করেন।

তারা আরও অভিযোগ করেন, গত এক যুগের বেশি সময় ধরে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত ছিল। অনেকেই স্বাধীনভাবে কথা বলতে পারেননি; সত্য কথা বলায় অনেকে হয়রানি, গ্রেপ্তার কিংবা আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছেন। কেউ কেউ দীর্ঘদিন বিনা বিচারে কারাগারে ছিলেন বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তন আসে এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করে। চলতি বছরের ১২ ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও গণভোট প্রসঙ্গে তারা দাবি করেন, জনগণের মতামত যথাযথভাবে প্রতিফলিত হয়নি।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারিত্ব বন্ধের দাবি জানান। পাশাপাশি জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তির কথাও উল্লেখ করেন বক্তারা।

সম্মেলনে দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে জনগণের পাশে দাঁড়িয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দুর্নীতি, বিদ্যুৎ সংকট ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, অঞ্চল প্রধান শামসুল ইসলাম আল বরাটি, জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল ওহাব এবং জেলা নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।