খুঁজুন
বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২ চৈত্র, ১৪৩২

“পরিবারতন্ত্র না, গোষ্ঠীতন্ত্র না—চাই জনগণের সরকার” – ফরিদপুরে জামায়াত আমীর

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:১৯ পিএম
“পরিবারতন্ত্র না, গোষ্ঠীতন্ত্র না—চাই জনগণের সরকার” – ফরিদপুরে জামায়াত আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসমান থেকে নেমে আসতে পারে কালো চিল, ছোঁ মেরে ভোট নিয়ে নেওয়ার জন্য। জমিন থেকেও শুরু হয়ে যেতে পারে কোনো ধরনের অপতৎপরতা। মহান আল্লাহতায়ালার দরবারে আশ্রয় চাই এই দুই ত্রাস থেকে। তিনি বলেন, আমার ভোট আমি দিবো, তোমারটাও আমি দিবো এই স্লোগান শেষ। আমার ভোট আমিই দিবো, এই ভোটের উপর হাত দেয়, কালো চিল হয়ে আসে ডানা খুলে ফেলতে হবে, রুখে দিতে হবে।’

শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে ফরিদপুরের বোয়ালমারী স্টেডিয়াম মাঠে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলা) আসনে জামায়াতের মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী ডা. ইলিয়াস মোল্লার নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি কোনো দলের সরকার চাই না। কোনো পরিবারতান্ত্রিক সরকার চাই না। কোনো গোষ্ঠীতান্ত্রিক সরকার আমি চাই না। আমি চাই জনগণের সরকার। আমি চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। আর ধর্মে, বর্ণে, জাতিতে বিভক্ত করার সুযোগ আমরা কাউকে দেব না, ইনশাআল্লাহ। এই বাংলাদেশকে সকল ধর্মের, বর্ণের মানুষকেই ফুলের বাগানের মতো, ইনশাআল্লাহ, আমরা সাজাবো।

ডা. শফিকুর রহমান বলেন, একটা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আগামী ১২ তারিখ আমাদেরকে মুক্তির হাতছানি দিচ্ছে। ৫৪ বছরে যারা রাজনীতি করেছেন, অনেকেই চেষ্টা করেছেন। আমরা কারও আন্তরিকতার উপর কোনো প্রশ্ন উত্থাপন করতে চাই না। তারা তাদের যোগ্যতা ও আন্তরিকতা দিয়ে যেটুকু পেরেছেন, বাংলাদেশ এবং তার জনগণকে দিয়েছেন। কী দিয়েছেন, কী দিতে পারেননি—তার সবকিছুর সাক্ষী এ দেশের ১৮ কোটি মানুষ।

তিনি বলেন, এখন আমরা চাই অতীতে যা হয়েছে হয়েছে—নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশের মানচিত্রে আমরা বসবাস করছি—এই মানচিত্র বদলে যাবে না, মানচিত্র বদলাবে না, তার খাসলত বদলাবে। আমরা আর চাই না দেশের মাটিতে শুধু রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ার কারণে দমন-পীড়নের শিকার হয়ে তাকে খুন করা হোক, গুম করা হোক, আয়নাঘরে পাঠানো হোক, মিথ্যা মামলা দিয়ে কাউকে নাজেহাল করা হোক। এই বাংলাদেশ আমরা আর চাই না।

জামায়াতের আমীর বলেন, ওই বাংলাদেশটাও চাই না যেখানে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের ভাই-বোনদের উপর নির্যাতন করা হয়। আমরা ওই বাংলাদেশটাও চাই না যেখানে হাজার হাজার, লাখ লাখ শিক্ষিত বেকার যুবকের মিছিল হয়। ওই বাংলাদেশ আমরা চাই না, যে বাংলাদেশে বিচার অর্থের বিনিময়ে বিক্রি হয়। ওই বাংলাদেশ আমরা চাই না—যার পকেটের জোর নেই, যার বাহুতে বল নেই, যার গুষ্টির জোর নাই অথবা দলীয় শক্তি নাই—তার কোনো বিচার নাই। ওই বাংলাদেশ চাই না।

তিনি আরও বলেন, শিশু জন্ম নেওয়ার পরে শুধু গরিবের ঘরে জন্ম নিয়েছে—এই কারণে তার শিক্ষার কোনো ব্যবস্থা হবে না—সেই বাংলাদেশ চাই না। আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ানো একটা বাংলাদেশ চাই। ওই বাংলাদেশটা চাই, যে বাংলাদেশে আমার মায়ের সম্পদ, ইজ্জত এবং জীবনের উপর আর কেউ কোনো হামলা করার দুঃসাহস দেখাবে না।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশে এটা একটা অদ্ভুত কালচার—নেতা হওয়ার আগে, নির্বাচিত হওয়ার আগে তেমন কোনো সম্পদ থাকে না; যেই নেতা নির্বাচিত হলো, লাফিয়ে লাফিয়ে তার শ্বশুরবাড়ির সম্পদ বাড়ে।

জনসভায় প্রধান অতিথি ডা. শফিকুর রহমান ওই আসনের জামায়াতের প্রার্থী ডা. ইলিয়াস মোল্লাকে ভাই বলে সম্বোধন করে তার হাতে দাঁড়িপাল্লা প্রতীক ধরিয়ে দিয়ে ভোট চান। পরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা জামায়াত আয়োজিত সভায় বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান।

যে কারণে নিজের সঙ্গে সৎ হওয়া প্রয়োজন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:২৭ পিএম
যে কারণে নিজের সঙ্গে সৎ হওয়া প্রয়োজন?

প্রায়ই এমন অনেক কথা বলা বা ভাবতে হয় যা নিজের প্রকৃত অনুভূতির সঙ্গে মেলে না।

ধরা যাক কাজটি ভালো লাগছে না, তবুও বলা ‘ঠিক আছে’। সম্পর্কের ভেতরে অস্বস্তি থাকলেও বলা ‘কোনো সমস্যা নেই’, কিংবা নিজের ভেতরের কষ্টকে ছোট করে বলা- ‘এটা বড় কিছু নয়’।

এই ধরনের আচরণ জীবনে ধীরে ধীরে মানসিক চাপ, বিভ্রান্তি এবং অসন্তুষ্টি তৈরি করে। নিজের সঙ্গে সৎ হওয়া মানে নিজের অনুভূতি, প্রয়োজন, ভয়, স্বপ্ন ও সীমাবদ্ধতাকে সত্যিকারভাবে স্বীকার করা।

তবে কাজটি সহজ নয়, কারণ সত্য মেনে নেওয়া মানেই পরিবর্তনের মুখোমুখি হওয়া।

তবুও মনোবিজ্ঞানীরা বলেন, “নিজের সঙ্গে সততা জীবনে স্পষ্টতা, আত্মবিশ্বাস এবং সুস্থ সম্পর্ক গড়ে তুলতে প্রভাব রাখে।”

নিজের সঙ্গে সৎ হওয়া বলতে যা বোঝায়

নিজের সঙ্গে সৎ হওয়া মূলত নিজের অনুভূতি ও বাস্তবতার মধ্যে কোনো ফাঁক না রাখা। অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে বা এমন কথা বলতে হয় যা ভেতরের অনুভূতির সঙ্গে মেলে না।

বাইরে থেকে হাসি বা সম্মতি জানালেও ভেতরে অস্বস্তি, চাপ বা অনিচ্ছা অনুভব হয়।

এই দ্বন্দ্বই নিজের ভেতরের সততার সংকেত। তবে শরীর অনেক সময় আগে থেকেই তা বুঝিয়ে দেয়। হঠাৎ অস্থিরতা, বুক ধড়ফড় করা, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার পর অদ্ভুত অস্বস্তি।

এগুলো উপেক্ষা না করে বুঝতে চেষ্টা করাই নিজের সঙ্গে সৎ হওয়ার প্রথম ধাপ।

যুক্তরাজ্যভিত্তিক ধ্যান ও মানসিক সুস্থতা বিষয়ক প্রতিষ্ঠান ‘ক্যালম’-এর গবেষক ও পরামর্শক মেগান রেইটজ মানসিক স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট ‘কাম ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “নিজের অনুভূতির দিকে মনোযোগ দিলে, ভেতরের সত্য সম্পর্কে ধীরে ধীরে পরিষ্কার ধারণা পাওয়া যায়।”

নিজের সঙ্গে সৎ হওয়া যে কারণে কঠিন

অনেকেই ভাবেন, সত্য বলা তো সহজ— তাহলে নিজের সঙ্গে সৎ হওয়া কঠিন কেন?

রেইটজ বলেন, “বাস্তবে এর পেছনে বেশ কিছু মনস্তাত্ত্বিক কারণ রয়েছে।”

প্রথমত, সত্য স্বীকার করলে অনেক সময় জীবনে পরিবর্তন আনতে হয়। যেমন— কোনো কাজ বা সম্পর্ক সুখ দিচ্ছে না, তা বুঝতে পারলে হয়তো সিদ্ধান্ত নিতে হবে। এই পরিবর্তনের ভয় অনেককে সত্য থেকে দূরে রাখে।

দ্বিতীয়ত, অনেক মানুষের মধ্যে অন্যকে খুশি রাখার প্রবণতা থাকে। দীর্ঘদিন ধরে সবাইকে সন্তুষ্ট রাখার চেষ্টা করতে করতে গিয়ে তারা নিজের অনুভূতিকে গুরুত্ব দিতে ভুলে যায়।

তৃতীয়ত, সামাজিক প্রত্যাশাও একটি বড় কারণ। পরিবার, সমাজ বা কর্মক্ষেত্রের প্রত্যাশা পূরণ করতে গিয়ে অনেকেই নিজের আসল ইচ্ছাকে চাপা দিয়ে রাখেন।

আর শেষ ধাপ, মানসিক চাপের সময় মানুষ অনেক কিছুই এড়িয়ে যেতে চায়। তখন সত্যের মুখোমুখি হওয়ার চেয়ে সমস্যা থেকে দূরে থাকা সহজ মনে হয়।

নিজের সঙ্গে সৎ থাকার উপকারিতা

নিজের সঙ্গে সততা শুধু মানসিক স্বস্তিই দেয় না, বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে।

মেগান রেইটজের ভাষা, “এটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্পষ্টতা এনে দেয়। যখন জানা সম্ভব যে- আসলে কী চাই, আর তখন সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়ে যায়।”

এছাড়া মানসিক চাপ কমে। সত্য লুকিয়ে রাখা বা ভেতরের অনুভূতি চাপা দিয়ে রাখা অনেক শক্তি খরচ করে। নিজের অনুভূতিকে স্বীকার করলে সেই চাপ কমে যায়।

আবার এতে করে সম্পর্ক আরও বাস্তব ও শক্তিশালী হয়। নিজের অনুভূতি বোঝার ফলে অন্যদের সঙ্গেও খোলামেলা হওয়া যায়।

একই সঙ্গে নিজের প্রতি বিশ্বাসও তৈরি হয়। প্রতিবার সত্য স্বীকার করার মাধ্যমে একজন বুঝতে পারে যে, সে বাস্তবতার মুখোমুখি হতে সক্ষম।

অন্যাদিকে জীবনের লক্ষ্য ও কাজের মধ্যে অর্থবোধও তৈরি করা সম্ভব। তখন মানুষ শুধু অন্যের প্রত্যাশা পূরণ করে না, বরং নিজের মূল্যবোধ অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে।

নিজের সঙ্গে অসৎ থাকার ফল

নিজের অনুভূতি অস্বীকার করে ভেতরের সত্য চাপা দিয়ে রাখলে মানসিক ক্লান্তি তৈরি হয়। কারণ তখন নিজের ভেতরের অনুভূতির বিরুদ্ধে গিয়ে আচরণ করতে হয়।

এছাড়া জীবনের লক্ষ্যও অস্পষ্ট হয়ে যেতে পারে। যখন সে জানেই না যে- সে কী চায়। ফলে সিদ্ধান্তগুলোও উদ্দেশ্যহীন হয়ে পড়ে।

এছাড়া সম্পর্কের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। নিজের অনুভূতি স্পষ্ট না হলে অন্যদের সঙ্গে যোগাযোগ দুর্বল হয়ে যায় এবং ভুল বোঝাবুঝি বাড়ে।

সবচেয়ে বড় বিষয় হল- মানুষ নিজের সঙ্গেই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

নিজের সঙ্গে সৎ হওয়ার সহজ উপায়

নিজের সঙ্গে সততার অভ্যাস তৈরিতে প্রথমত নিজেকে সময় দেওয়া জরুরি। প্রতিদিন কিছু সময় শান্তভাবে বসে নিজের অনুভূতি সম্পর্কে ভাবা উপকারী।

রেইটজের পরামর্শ হলে- ব্যস্ততা থেকে সামান্য বিরতি নিলেই অনেক সময় ভেতরের চিন্তা স্পষ্ট হয়ে ওঠে। নিজেকে সঠিক প্রশ্ন করাও গুরুত্বপূর্ণ।

যেমন- ‘আমি এখন কি এড়িয়ে যাচ্ছি?’, ‘আমি আসলে কি চাই? কোন বিষয় আমাকে অস্বস্তি দিচ্ছে? এসব প্রশ্ন নিজের ভেতরের সত্যকে সামনে আনতে সাহায্য করে।

নিজের ভাবনা লিখে রাখা আরেকটি কার্যকর পদ্ধতি। ডায়েরিতে খোলামেলা ভাবে অনুভূতি লিখলে অনেক সময় নিজের মনকে ভালোভাবে বোঝা যায়।

আবার শরীরের সংকেতের দিকে নজর দেওয়া দরকার। কোনো সিদ্ধান্তের সময় যদি শরীর অস্বস্তি অনুভব করে, তবে সেটি হয়তো ভেতরের দ্বন্দ্বের ইঙ্গিত।

ছোট ছোট সত্য বলা দিয়ে শুরু করা যায়। যেমন— কোনো কাজে যেতে ইচ্ছা না করলে বিনয়ের সঙ্গে ‘না’ বলা, কিংবা ক্লান্ত হলে তা স্বীকার করা।

‘কালো শকুন’

গোলাম কিবরিয়া
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৫৪ পিএম
‘কালো শকুন’

সেদিন আকাশে ছিল না চাঁদ, ছিল না কোনো আলো,
নেমে এল শুধু পাষাণপুরীর জঘন্য রাত কালো।
শান্ত শহরে হিংস্র থাবায় নামলো যমদূত দল,
হানাদার রূপী কালো শকুনরা বাড়ালো কোলাহল।

বজ্রকঠিন নিস্তব্ধতা ভেঙে দেয় কামানের গোলা,
রাজারবাগের রক্তে ভাসলো রাজপথ—দুয়ার খোলা।
ঢাকা বিশ্ববিদ্যালয়—জ্ঞানের আলোয়—জ্বললো লাশের স্তূপে,
ঘাতকেরা এলো দানবীয় সেই নারকীয় হিংস্র রূপে।

চব্বিশ বছরের শোষণের বিষ উগড়ে দিল সে রাতে,
ঘুমন্ত শিশু, জননী, বৃদ্ধ মরলো ঘাতক হাতে।
মেশিনগানের তপ্ত বুলেটে বিদীর্ণ বাংলার বুক,
খুনী শকুনের উল্লাসে ঢাকা পড়লো চেনা সব মুখ।

অন্ধকারের সেই মহাপ্লাবন রুখতে জাগলো প্রাণ,
রক্তের দামে কেনা হবে ঠিক স্বাধীনতার সম্মান।
২৫শে মার্চ আজো কাঁদে তাই বাংলার ঘরে ঘরে,
ভেবেছিনু বুঝি শকুন বিদায় রক্তে ভেজানো ভোরে।

শকুনেরা বদলালো রূপ লুকিয়ে ছদ্মবেশে,
সুযোগ পেলেই থাবা দেয় আজও আমার সোনার দেশে।
বাইরের শত্রু নয় শুধু আজ, ঘরের ভেতরে ঘাঁটি,
লোভ আর কালোর থাবায় ছিঁড়ছে আমার মায়ের মাটি।
স্বাধীন দেশেও অধিকার কাড়ে, শোষণের জাল বোনে,
আতঙ্কের ছায়া আজও হানা দেয় নিভৃত মনের কোণে।

তাই তো আবার জাগতে হবে রে, হতে হবে ইস্পাত,
শকুনের দল রুখে দিয়ে ফের, ঘুচাতে হবে এ রাত।
একাত্তরের সেই হুঙ্কার উঠুক আবার বেজে,
শকুনেরা পাক চরম জবাব, বাংলা উঠুক সেজে।

 

লেখক: সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বরগুনা সরকারি কলেজ

‘স্বাধীনতা’

ড. মুহা আবুল কালাম আজাদ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:৪৫ পিএম
‘স্বাধীনতা’

পাকিস্তানি শাসন শোষণ
দমন পীড়ন নৈতিক পদস্খলন
অধীনতা আধিপত্যের বিরুদ্ধে
মোড়লগিরি খবরদারি বন্ধে
দুর্বার চঞ্চল দামালছেলেদের গর্জন
মুক্তিসেনার জীবন বিসর্জন।
রক্তের বন্যায় স্বাধীনতা অর্জন
শ্রদ্ধা সম্মান এক অনন্য স্মরণ।

স্বাধীনতা কথা বলার অদম্য সাহস
আত্মবিশ্বাস গৌরব অহংকারের ইতিহাস।
শিল্পকলা সাহিত্য সংস্কৃতি
আচার রুচি ঐতিহ্য রীতি-নীতি
স্বস্তি শান্তি মূল্যবোধ অভিব্যক্তি
বিত্ত বৈভব স্বপ্নসারথি।

স্বাধীনতা মায়ের সমান
আদর-সোহাগ লালন-পালন
বাঁচার আশা ইচ্ছা পূরণ
মাতৃভূমির রক্ষণাবেক্ষণ।
মানবতার স্ফুরণ
গণতন্ত্রের পরিস্ফুটন
সাফল্যের ধাপ নিঃস্বার্থ সোপান
উপরে ওঠার সিঁড়ি উন্নতির সাম্পান।

স্বাধীনতা অফুরন্ত আশা
উদ্দীপনা ভালোবাসা
উত্তেজনা উৎসাহ আনন্দ প্রেরণা
অনুভূতি অনুভব প্রগতি চেতনা।

স্বাধীনতা বড় শক্তি
মুক্তবুদ্ধি চিন্তার মুক্তি
কৃষক-মজুর-মুটেদের রক্ষা করেছে অধিকার
ভবিষ্যতে সংগ্রামের জন্য করেছে অঙ্গীকার।

স্বাধীনতা রক্তেকেনা ফসল
চরম ত্যাগে বাঙালি সফল।
সুরভিত সুবাসে
ভরে উঠুক চিত্তাকর্ষে
অজয় অক্ষয় দেহ-মন-প্রাণ
জন্মজন্মান্তরে থাকুক চির অম্লান।

স্বাধীনতা গর্বের উপার্জন
প্রাপ্তি সিদ্ধি সংহতি মিলন
মুখে পড়ুক ফুলচন্দন
শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন।

লেখক: কলেজ শিক্ষক