ফরিদপুরে পবিত্র ঈদুল-ফিতরের দুইদিন আগেই দশ হাজার পরিবারের মুখে হাসি ছড়িয়েছেন শিল্প প্রতিষ্ঠান অকো-টেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)। তিনি অকো-টেক্স গ্রুপের সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে সাড়ে ৯ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার ও তিন শতাধিক পরিবারকে বয়স্ক ও বিধবা ত্রৈমাসিক ভাতা বিতরণ করেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত নিজ গ্রাম জেলা সদরের কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা মাঠে এসব বিতরণ করা হয়। পৃথক দুই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান (সিআইপি)।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রতিবছরের ন্যায় জেলা সদরের কানাইপুর, কৈজুরী, চাঁদপুর ও কৃষ্ণনগর এবং পাশ্ববর্তী সালথা উপজেলার গট্টি ও আটঘর ইউনিয়নের প্রায় ১০ হাজার উপকারভোগী পরিবারের তালিকাভূক্ত করে বিশেষ স্লিপের মাধ্যমে এসব বিতরণ করা হয়েছে। এরমধ্যে সাড়ে ৯ হাজার পরিবারকে ঈদ সামগ্রী ও উপহার তুলে দেয়া হয়। যার মধ্যে রয়েছে, এক কেজি চিনি, এক প্যাকেট সেমাই এবং একটি শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও থ্রী-পিস; যা নারী-পুরুষ হিসেবে দুটি ভিন্ন প্যাকেজ করে দেয়া হয়।
এছাড়া একই দিনে ৩১২ জন পরিবারকে বয়স্ক ও বিধবা ভাতা বিতরণ করা হয়। যারমধ্যে রয়েছে- ২৫ কেজি চাউল, ৩ কেজি ডাউল, ২ লিটার সোয়াবিন তেল ও নগদ পাঁচশত টাকা।
এ অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সকলের উদ্দেশ্যে বলেন, ‘কেউ অতৃপ্তি নিবেন না; কারণ, এটা আপনাদের হক। আর এই হক আমাদের সাধ্যনুযায়ী আদায় করার চেষ্টা করেছি। আপনাদের হক, আপনাদের দিয়ে আমরা ভার মুক্ত হচ্ছি। আপনারা যেন নিজেরাও যাকাত দিতে পারেন, সেই স্বচ্ছলতা আল্লাহ আপনাদেরও দান করুক।’
এ সময় পুলিশ সুপার মো: নজরুল ইসলাম বলেন, ‘উনার (ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান) একটা মহৎ হৃদয় রয়েছে এবং সমাজের জন্য কিছু করার আগ্রহ আছে; যেটা সবার মধ্যে থাকে না। অনেক মিলিয়নার, বিলিয়নার আছে কিন্তু যাকাত দেয়া হচ্ছে না। শুনেছি, সোবহান সাহেব প্রতিবছরই এই যাকাত দিয়ে থাকেন, যেটা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আমাদের ধর্মের অনুসঙ্গ হিসেবে পালন করছেন। এই যাকাত সমাজের ধনী-গরিবের বৈষম্য কিছুটা হলেও নিরসন করে থাকে। সেক্ষেত্রে সঠিকভাবে যাকাত দেয়ার ক্ষেত্রে সকলেরই এগিয়ে আসা উচিৎ।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, অকো-টেক্স গ্রুপের চেয়ারম্যান মতিয়া বেগম, সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ, আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা বৃন্দসহ সহ আরও অনেকে।
আপনার মতামত লিখুন
Array