ফরিদপুরে মসজিদের ভেতরে শিশু বলাৎকার চেষ্টার ঘটনায় এক ব্যক্তির ৭ বছরের কারাদণ্ড
ফরিদপুরের নগরকান্দায় মসজিদের ভেতরে এক শিশু বালককে বলাৎকার চেষ্টার ঘটনায় হাফেজ মাওলানা আলী হোসেন নামে এক ব্যক্তিকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীনের আদালতে এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রতন জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দি পর্যালোচনা করে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে দোষী সাব্যস্ত করেছেন।
তিনি বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন সহিংসতা ও বলাৎকার চেষ্টার মতো অপরাধের ক্ষেত্রে আদালত কঠোর অবস্থান নিয়েছেন। এ রায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নগরকান্দা উপজেলার ছাগলদী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মনির হোসেন তার নাবালক ছেলেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াতেন। পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণের জন্য অভিযুক্ত আলী হোসেনের কাছে যাতায়াত ছিল শিশুটির।
ঘটনার দিন ২০২৫ সালের ৬ মার্চ সকালে শিশুটি অভিযুক্তের দোকানে গেলে কৌশলে তাকে পাশের একটি মসজিদের ভেতরে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটিকে একা পেয়ে বলাৎকারের চেষ্টা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।
ঘটনার পর শিশুটির বাবা নগরকান্দা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

আপনার মতামত লিখুন
Array