প্রতারণার শিকার অভিবাসীদের দ্রুত বিচার নিশ্চিতে ফরিদপুরে কর্মশালা
অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা ও আইনি সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর বিচার বিভাগের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। তিনি বলেন, “সঠিক আইনে মামলা দায়ের করতে হবে, তবেই অভিবাসীদের প্রকৃত আইনি সুরক্ষা নিশ্চিত হবে। আইন প্রয়োগে ভুল হলে ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হতে পারেন।”
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
“বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬” বিষয়ে জেলার বিচারক, আইনজীবী ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক শামীমা পারভীন এবং বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সেলিম রেজা। তারা অভিবাসীদের অধিকার সুরক্ষায় আইনগত সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে মানব পাচার ও প্রতারণার শিকার প্রবাসগামীদের দ্রুত আইনি সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।
কর্মশালায় অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর চলমান কার্যক্রম উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, নিরাপদ অভিবাসন, বৈধ প্রক্রিয়ায় বিদেশগমন এবং প্রতারণার শিকার অভিবাসীদের আইনি সহায়তা প্রদানে ওকাপ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
এছাড়া “বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩” এবং “মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬”-এর বিভিন্ন ধারা, মামলার ধরন ও বাস্তব প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওকাপের কেস ম্যানেজমেন্ট অফিসার ঝুমুর বিশ্বাস। তিনি বলেন, অনেক সময় আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে দীর্ঘসূত্রতায় পড়েন। এজন্য বিচারক, আইনজীবী ও তদন্ত সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলু, ওকাপের নিয়োজিত আইনজীবী অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. আখতারুজ্জামানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আইনের যথাযথ প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের দ্রুত আইনি সহায়তা প্রদান অত্যন্ত জরুরি।

আপনার মতামত লিখুন
Array