খুঁজুন
বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১৯ চৈত্র, ১৪৩২

রাজনীতিতে নারী হওয়াই কি অপরাধ?—সাইবার হ্যারেজমেন্টে বিচার চাইলেন বৈশাখী বর্ষা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:০২ অপরাহ্ণ
রাজনীতিতে নারী হওয়াই কি অপরাধ?—সাইবার হ্যারেজমেন্টে বিচার চাইলেন বৈশাখী বর্ষা

ফরিদপুরে নারী রাজনীতিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রীতিকর মন্তব্য ও সাইবার বুলিংয়ের ঘটনা নতুন কিছু নয়। তবে এবার সেই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন জাতীয় ছাত্রশক্তি ফরিদপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব বৈশাখী ইসলাম বর্ষা।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, অপমানজনক ভাষা এবং ব্যক্তিগত আক্রমণের শিকার হচ্ছেন। বিশেষ করে নারী হওয়ার কারণে তাকে লক্ষ্য করে অশ্লীল গালিগালাজ ও মানহানিকর মন্তব্য করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে বৈশাখী ইসলাম বর্ষা লিখেন, “মেয়েরা রাজনীতিতে এলে নানাভাবে অপমানিত হতে হয়—এটা আগে শুনেছি, কিন্তু এখন নিজেই তার শিকার হচ্ছি। আমাকে নিয়ে পতিতালয় থেকে শুরু করে বিভিন্ন অশ্লীল শব্দ ব্যবহার করে গালি দেওয়া হচ্ছে। আমার অপরাধটা কী, সেটাই জানতে চাই।”

তিনি আরও লেখেন, যারা এসব মন্তব্য করছেন তাদের অনেকেই তার সোশ্যাল মিডিয়ার ফলোয়ার। তাদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “আমি যদি কোনো ভুল করে থাকি, তাহলে দয়া করে সেটা জানাবেন। আমি সংশোধন করার চেষ্টা করব। কিন্তু অযথা অপমান কেন?”

এ বিষয়ে যোগাযোগ করা হলে বৈশাখী ইসলাম বর্ষা ‘ফরিদপুর প্রতিদিন’-কে জানান, “আমি দীর্ঘদিন ধরে অনলাইনে হ্যারেজমেন্টের শিকার হচ্ছি। অনেক সময় বিষয়টি উপেক্ষা করেছি। কিন্তু এখন তা মাত্রা ছাড়িয়ে গেছে। তাই সবাইকে বিষয়টি জানাতে এবং সচেতনতা তৈরি করতে আমি ফেসবুকে পোস্ট দিয়েছি।”

তিনি আরও বলেন, নারী রাজনীতিকদের প্রতি সমাজের একটি অংশ এখনও নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে, যা অনলাইনে প্রকাশ পায়। এর ফলে অনেক নারী রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেন বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষজ্ঞদের মতে, সাইবার বুলিং বর্তমানে একটি গুরুতর সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বিশেষ করে নারী ও তরুণীরা এ ধরনের হয়রানির বেশি শিকার হন। তথ্যপ্রযুক্তি আইনে এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকলেও অনেকেই তা সম্পর্কে সচেতন নন কিংবা আইনি পদক্ষেপ নিতে অনীহা প্রকাশ করেন।

সামাজিক বিশ্লেষকরা মনে করছেন, অনলাইনে দায়িত্বশীল আচরণ এবং ডিজিটাল সচেতনতা বৃদ্ধি না পেলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে। একইসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর পদক্ষেপ এবং ভুক্তভোগীদের সাহসিকতার সঙ্গে এগিয়ে আসাও জরুরি।

এদিকে বৈশাখী ইসলাম বর্ষার এই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছেন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন।

নারীর প্রতি সম্মান এবং নিরাপদ অনলাইন পরিবেশ নিশ্চিত করতে সমাজের সকল স্তরের মানুষের সচেতনতা ও ইতিবাচক মনোভাব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

সালথায় ডিজেল মজুদে অভিযান: ৩২০ লিটার জব্দ, যুবককে ৩০ হাজার টাকা জরিমানা

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ২:৩১ অপরাহ্ণ
সালথায় ডিজেল মজুদে অভিযান: ৩২০ লিটার জব্দ, যুবককে ৩০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরের সালথা উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল সংগ্রহ ও মজুদের অভিযোগে মো. মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে জব্দ করা হয়েছে ৩২০ লিটার ডিজেল।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মনোয়ারা ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে, একটি চক্র স্থানীয় ফিলিং স্টেশন থেকে বড় পরিমাণে জ্বালানি তেল কিনে মজুদ করছে। এরই অংশ হিসেবে মিকাইল হোসেন নামের ওই যুবক মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল ক্রয় করে একটি ট্রলি গাড়ির মাধ্যমে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের একটি দল তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে জব্দ করা ডিজেল সরকারি হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন সূত্রে আরও জানা যায়, সম্প্রতি জ্বালানি তেলের বাজারকে অস্থিতিশীল করতে কিছু অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে তেল মজুদের চেষ্টা করছে। এতে সাধারণ ভোক্তারা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়।

এ বিষয়ে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন বলেন, “একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। আমরা নিয়মিত নজরদারিতে আছি। আজ একজন ৩২০ লিটার ডিজেল কিনে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, যা আইনবিরোধী। তাই তাকে জরিমানা করা হয়েছে এবং তেল জব্দ করা হয়েছে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ আইন অমান্য করে জ্বালানি তেল মজুদ করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে হামের উপসর্গে ৭ মাসের শিশুর মৃত্যু, আতঙ্কে অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
ফরিদপুরে হামের উপসর্গে ৭ মাসের শিশুর মৃত্যু, আতঙ্কে অভিভাবকরা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে রহিমা আক্তার নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, বুধবার (০১ এপ্রিল) সকালে শারীরিকভাবে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় থেকেই তার অবস্থার অবনতি ছিল বলে জানান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় একই দিন দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

নিহত রহিমা আক্তার মাদারীপুর সদর উপজেলার কাউদিয়া গ্রামের বাসিন্দা রিয়াজ খানের মেয়ে। শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুটিকে হামের উপসর্গ—যেমন জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি ও দুর্বলতা—নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পরপরই প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীস্থ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “শিশুটি হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এখনো পরীক্ষার চূড়ান্ত রিপোর্ট হাতে পাইনি। তবে উপসর্গ বিবেচনায় চিকিৎসকরা এটিকে ক্লিনিক্যালি হামজনিত মৃত্যু হিসেবে ধারণা করছেন।”

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত ফরিদপুর জেলায় হামের উপসর্গ নিয়ে মোট ৬৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৯ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে দুই হাসপাতালে মোট ২৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং জেনারেল হাসপাতালে ৮ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে। সময়মতো টিকা গ্রহণ না করলে এর ঝুঁকি অনেক বেড়ে যায়। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে, জেলায় হামের উপসর্গ বাড়তে থাকায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার কথা জানিয়েছে।

বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
বাংলাদেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর থেকেই বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। দেশে এই মুহূর্তে কত তেল আছে এবং তা দিয়ে কতদিন চলবে এমন প্রশ্ন ঘুরেফিরেই সামনে আসছে।

সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও ‘তেল ফুরিয়ে যাচ্ছে’ এমন শঙ্কা থেকে দেশের ফিলিং স্টেশনগুলোর সামনে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে যানবাহনের লাইন।

জ্বালানি তেল নিয়ে গ্রাহক-বিক্রেতা বাকবিতণ্ডা কিংবা সংঘাতের অভিযোগ যেমন আসছে, তেমনি অবৈধ মজুদ ঠেকাতে চালানো হচ্ছে অভিযানও।

সব মিলিয়ে জ্বালানি তেল নিয়ে এক ধরনের অস্বস্তি তৈরি হয়েছে গোটা দেশে।

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়, যার মধ্যে ডিজেল ও অপরিশোধিত তেলের পরিমাণই বেশি।

এছাড়া অল্প পরিমাণ অকটেন আমদানি করা হলেও চাহিদার বড় অংশ দেশেই উৎপাদন হয়।

বড় অংশের জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ আমদানির ওপরই নির্ভরশীল। এক্ষেত্রে সৌদি আরব কিংবা সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় ভরসা।

এছাড়া ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকেও বাংলাদেশে ডিজেল আমদানি করা হয়।

বাংলাদেশের রিজার্ভ সক্ষমতা অনুযায়ী বার্ষিক জ্বালানি তেলের চাহিদার পুরোটা একসাথে মজুত করার সুযোগ নেই। মূলত চাহিদার নিরিখে নিয়মিতভাবে চালান আসে, ব্যবহার হয়- এভাবে চক্রাকারে চলতে থাকে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকট শুরুর শঙ্কায় মার্চ মাস থেকেই জ্বালানি তেল ব্যবহারে রেশনিং (সাশ্রয়ী ব্যবহার) শুরু করে বাংলাদেশ।

মূলত আগের বছরের মাসভিত্তিক চাহিদার সাথে মিল রেখেই এই মুহূর্তে জ্বালানি সরবরাহ করা হচ্ছে।

সেই হিসেবে মার্চের মতো এপ্রিল মাসেও জ্বালানি তেলের সংকট হবে না বলে জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তেলের মজুদ কত?

বাংলাদেশে এই মুহূর্তে জ্বালানি তেলের মজুদ কত? কতদিনের চাহিদা পূরণ করা সম্ভব? এই প্রশ্নগুলো এখন অনেক বেশি আলোচনায়।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, ৩১শে মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুদ রয়েছে এক লাখ ২৮ হাজার ৯৩৯ মেট্রিক টন।

এছাড়া সাত হাজার ৯৪০ মেট্রিক টন অকটেন, ১১ হাজার ৪৩১ মেট্রিক টন পেট্রোল এবং ৪৪ হাজার ৬০৯ মেট্রিক টন জেট ফুয়েল মজুদ রয়েছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে ডিজেলের গড় নিয়মিত চাহিদা ১২ হাজার মেট্রিক টনের মতো। অর্থাৎ মজুদ থাকা ডিজেলে প্রায় ১১ দিনের মতো চলবে।

তার মানে এই নয় যে, জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে শূন্য হয়ে যাবে। এই সময়ে নতুন করে আমদানি করা জ্বালানি তেলের চালান দেশে পৌঁছালে আবারও এই মজুত বাড়বে।

যেমন সম্প্রতি মালয়েশিয়া থেকে ৩০ হাজার মেট্রিক টন এবং মার্চ মাসে ভারত থেকে ২২ হাজার মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।

এছাড়া অকটেন পেট্রোলের ক্ষেত্রেও একই প্রক্রিয়া। প্রতিদিনের ব্যবহারের পাশাপাশি স্টকে নতুন করে তেল যুক্তও হচ্ছে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এই মুহূর্তে মাসভিত্তিক চাহিদা পূরণেই গুরুত্ব দিচ্ছে সরকার।

তিনি জানান, গত বছরের এপ্রিলে দেশে যে পরিমাণ তেল সরবরাহ হয়েছিল এই বছরের এপ্রিলেও একই পরিমাণ জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে।

জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে দাবি মি. চৌধুরীর। তিনি বলছেন, “ডিজেলে কোনো সংকট নেই, বরং পাচারের শঙ্কা থাকতে পারে, যা সরকার বিবেচনায় রেখেছে- সীমান্তে নির্দেশনা দেওয়া আছে।”

জ্বালানি তেলের চাহিদা প্রসঙ্গে মি. চৌধুরী বলছেন, মজুদের চেষ্টা থাকায় এই মুহূর্তে প্রকৃত চাহিদা নিরূপণ করা কঠিন হচ্ছে।

এক্ষেত্রে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি দেশে অন্তত ৯০ দিনের জ্বালানি মজুদ থাকা উচিত।

কিন্তু এক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতা না থাকায় জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলেই মনে করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম।

“স্টোরেজ বা সংরক্ষণ সক্ষমতা কম হওয়ায় আমরা সাধারণত ৩০ থেকে ৪০ দিনের বেশি তেল মজুদ করে রাখতে পারি না,” বলেন মি. তামিম।

‘কৌশলগত মজুদের’ সক্ষমতা না থাকা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ বলেও মনে করেন তিনি।

“সব সময়ই মজুদ ওঠানামা করে। সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গেও জুন মাস পর্যন্ত আমাদের জ্বালানি চুক্তি আছে, কিন্তু তাদেরও অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকেই। ফলে তারা যে পরিশোধিত তেল দেয় সেটাও ধারাবাহিক থাকবে না,” বলেন তিনি।

জ্বালানি নিয়ে অস্থিরতা কেন?

“প্রায় দুই ঘণ্টা দাড়াইছি এক পাম্পের সামনে পরে বলে তেল নাই। পরে আরেকটা পাম্পে আইসা অনেকক্ষণ দাড়াইয়া দুইশ টাকার তেল দিছে।”

এভাবেই নিজের অভিজ্ঞতা বলছিলেন ঢাকার বংশাল এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক আনিসুর রহমান। পাম্প থেকে তেল দিতে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ তার।

অন্যদিকে পেট্রোল পাম্প মালিকরা নিরাপত্তা চেয়েছেন সরকারের কাছে। তাদের দাবি, কোনো অনিয়ম না করেই অনেক সময় গ্রাহকদের আক্রোশের শিকার হচ্ছেন তারা।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, জ্বালানি মন্ত্রণালয়ের আদেশ, নির্দেশ বাস্তবায়ন করতে গিয়ে তাদের নাভিশ্বাস অবস্থা।

এছাড়া অনাকাঙিক্ষত ঘটনা এড়াতে রাতের বেলা পেট্রোল এবং অকটেন বিক্রি বন্ধ রাখতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন পাম্প মালিকরা।

এদিকে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জ্বালানি তেল মজুদের অভিযোগে কয়েকটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে প্রশাসন।

সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে সংকট না থাকার কথা বলা হলেও মাঠ পর্যায়ে জ্বালানি তেল নিয়ে অস্বস্তির তথ্য পাওয়া যাচ্ছে।

পেট্রোল পাম্পগুলোর সামনে প্রতিদিনই যানবাহনের লাইন দীর্ঘ হওয়ার সাথে সাথে মানুষের মধ্যে অস্থিরতাও বাড়ছে।

যদিও জ্বালানি তেলে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা সরকার করছে বলে দাবি জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরীর।

তিনি বলছেন, মার্চের মতো এপ্রিল মাসেও জ্বালানি তেল সংকটের কোনো শঙ্কা নেই।

তাহলে পেট্রোল পাম্পের সামনে জ্বালানি তেলের জন্য যানবাহনের এমন দীর্ঘ লাইন কেন? এই প্রশ্নের জবাবে মি. চৌধুরী বলছেন, “এই দীর্ঘ লাইন মনস্তাত্ত্বিক। আমরা কোনো সংকট দেখছি না।”

সরকার কী করছে?

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে আলোচনা শুরুর পর থেকেই ‘প্যানিক বাইং’ এবং ‘মজুদ’ এই শব্দগুলোও অনেক বেশি সামনে আসছে।

পরিস্থিতি মোকাবিলায় সাশ্রয়ী ব্যবহারের পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি তেল ও গ্যাস সংগ্রহের কথা বিবিসি বাংলাকে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

এছাড়া জ্বালানি তেলের মজুদ এবং এর সঠিক ব্যবস্থাপনায় দেশের পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

জ্বালানি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন এলাকার ফিলিং স্টেশনগুলোতে ১১৬ জন, ঢাকার ১৩ জেলায় ৪৭৯ জন, চট্টগ্রামের ১১ জেলায় ৩৩০ জন, রাজশাহীর আট জেলায় ৩৪০ জন, খুলনার দশ জেলায় ৩০১ জন কর্মকর্তা ট্যাগ অফিসার হিসেবে কাজ করছেন।

জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরী বলছেন, বাকি বিভাগগুলোতেও একইভাবে সরকারিভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

“জ্বালানি তেল ব্যবস্থাপনায় সরকারের নির্দেশনা অনুযায়ী এই কর্মকর্তারা কাজ করবে এবং এ সংক্রান্ত নিয়মিত তথ্য মন্ত্রণালয়ে পাঠাবেন,” বলেন তিনি।

এছাড়া জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে বলেও জানান মি. চৌধুরী।

তিনি বলেন, ৩০শে মার্চ একদিনে মোবাইল কোর্টের মাধ্যমে সারাদেশে ৩৯১টি অভিযান চালানো হয়েছে।

“এসব অভিযানে ১৯১টি মামলা করা হয়েছে, প্রায় দশ লাখ টাকা জরিমানা এবং তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হয়েছে,” জানান তিনি।

এছাড়া প্রায় ৬৮ হাজার লিটার ডিজেল, সাড়ে ছয় হাজার লিটার অকটেন এবং প্রায় ১৪ হাজার লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলছেন, বাংলাদেশের জ্বালানি তেল সাধারণত দুই ভাবে কেনা হয়। উৎস দেশের সঙ্গে সরকারিভাবে চুক্তির মাধ্যমে অথবা ওপেন টেন্ডারে স্পট মার্কেটের মাধ্যমে।

“ভারত, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মতো কয়েকটি দেশের সঙ্গে আমাদের চুক্তির মেয়াদ এখনো রয়েছে। এছাড়া আমেরিকা ও চীনের সঙ্গেও আমরা যোগাযোগ করছি জ্বালানি তেল আনার ব্যাপারে,” বলেন তিনি।

সূত্র : বিবিসি বাংলা