খুঁজুন
, ,

মধুখালীতে গভীর রাতে চোর সন্দেহে আটক, কামড়ে গুরুতর আহত বাড়ির মালিকের ছেলে

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
মধুখালীতে গভীর রাতে চোর সন্দেহে আটক, কামড়ে গুরুতর আহত বাড়ির মালিকের ছেলে

ফরিদপুরের মধুখালী উপজেলায় গভীর রাতে একটি বাড়িতে চুরির চেষ্টার সময় ধরা পড়ে পালাতে গিয়ে বাড়ির মালিকের ছেলেকে কামড়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে কথিত এক চোরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত অবস্থায় বাড়ির মালিকের ছেলে ও অভিযুক্ত ওই ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনগত গভীর রাতে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নওপাড়া গ্রামের বাসিন্দা মো. কুদ্দুস শেখের বাড়িতে গভীর রাতে এক ব্যক্তি চোরের উদ্দেশ্যে প্রবেশ করে। ওই সময় বাড়ির মালিকের ছেলে মো. রবিন শেখ নিজের ঘরের ভেতরে নড়াচড়া টের পেয়ে সন্দেহবশত ঘুম থেকে উঠে একজনকে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ার পর ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে রবিন শেখের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে কামড় দিতে থাকেন। এতে রবিন শেখ গুরুতর আহত হন।

রবিনের চিৎকারে বাড়ির অন্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করেন। পরবর্তীতে দিনের বেলায় উত্তেজিত এলাকাবাসীর একটি অংশ কথিত চোরকে মারধর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

আটক ব্যক্তি সোহেল মল্লিক (২৫)। তিনি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার প্রাভাটুরা গ্রামের ইউনুস মল্লিকের ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন। মারধর ও ধস্তাধস্তির ঘটনায় সোহেল মল্লিকও আহত হন। পরে আহত রবিন শেখ ও সোহেল মল্লিককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, “আহত মো. কুদ্দুস শেখের ছেলে রবিন শেখ এবং সোহেল মল্লিক নামে এক ব্যক্তি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

এ বিষয়ে জানতে চাইলে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত। তবে ওই ব্যক্তি প্রকৃতপক্ষে চোর কিনা বা আদৌ এটি চুরির ঘটনা কিনা—তা এখনো নিশ্চিত নয়। যতটুকু জেনেছি, চোর সন্দেহে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত বা মৌখিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা রাতে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

রাসায়নিক স্প্রে ছিটিয়ে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

অভিযানের আঁচ পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যে সময় লাগে, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মাথায় তা বিক্রির উপযোগী করা হচ্ছে। দেখতে চকচকে ও পাকা হলেও এসব কলায় কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ।

এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে দেওয়া কলা কখনোই নিরাপদ হতে পারে না। এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না বুঝেই সাধারণ মানুষ এগুলো কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়ে গেছে, সামনে আর এমন ব্যবসা করব না।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘অভিযান চালাতে গেলে দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। তাঁর দোকানে ঢুকে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, সেসবের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে এবং ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. আক্তার মোল্লার ছেলে মো. রাজু মোল্লাকে মর্মান্তিক ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের নেতৃত্বে সদরপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কটি প্রদক্ষিণ করে মোল্লা বাড়ির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা অবিলম্বে রাজু মোল্লার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, শ্রমিকদল নেতা মোতালেব হোসেন পেয়াদা, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঢাল ও সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং লকডাউন বাস্তবায়ন করতে দেবেন না বলে জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।